ঢুলিকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢোল বাজানোই তাঁদের কাজ। বাংলাদেশে বিশ্বকাপের ভেন্যুগুলোতে মাঠের চারপাশে ঢুলিদের জন্য তৈরি হয়েছে চারটি মঞ্চ। খেলার ফাঁকে ফাঁকে ঢোল বাজিয়ে দর্শককে চাঙা রাখেন তাঁরা। বিস্তারিত জানাচ্ছেন মো. সাইফুল্লাহচলছে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ! অনিশ্চয়তার খেলা ক্রিকেটে মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে সম্ভাব্য বিজয়ীর নাম! গ্যালারিজুড়ে দর্শকের চোখেমুখে তখন রাজ্যের দুশ্চিন্তার ছাপ! একটু যেন নীরবতা, কারও মুখে শব্দ নেই, কিন্তু বুকের ভেতর ঠিকই ঢাকের বাড়ি পড়ছে অবিরাম! ঠিক এই সময়ে, দর্শকের বুকের ভেতরের ঢাকের শব্দ ছাপিয়ে বেজে ওঠে ঢুলিদের ঢোল। মুহূর্তে বদলে যায় গ্যালারির চেহারা। ঘোর ছেড়ে লাফিয়ে ওঠে দর্শক, চিৎকার করে অনুপ্রেরণা জোগায় নিজ নিজ দলের খেলোয়াড়দের। যেন মনে পড়ে যায়, উত্তেজনার চাপে নিজেদের দায়িত্ব ভুলে গেলে তো চলবে না!২০১১ বিশ্বকাপে বাংলাদেশে অনুষ্ঠিত খেলাগুলোতে দর্শকদের নিজেদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার এই কাজটিই দায়িত্বের সঙ্গে পালন করে যাচ্ছেন ঢুলি মুক্তার হোসেন ও তাঁর দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের আয়োজনে বিশ্বকাপের অংশ হয়ে গেছেন তাঁরা। বাংলাদেশে বিশ্বকাপের ভেন্যুগুলোতে মাঠের চারপাশে সীমানার বাইরে ঢুলিদের জন্য তৈরি হয়েছে চারটি মঞ্চ। চারটি মঞ্চে চারজন করে ১৬ জন আর তাঁদের দলনেতা মুক্তার হোসেনসহ মোট ১৭ জন ঢুলি উপস্থিত থাকেন মাঠে। খেলার ফাঁকে ফাঁকে ঢোল বাজিয়ে দর্শককে চাঙা রাখেন তাঁরা। ‘আয়োজকদের নির্দেশনা অনুযায়ী তিন ওভার পরপর আমরা ঢোল বাজাই’—বললেন মুক্তার হোসেন।ঢুলি যখন ‘চিয়ারলিডার’ঢুলি মুক্তার হোসেন ও তাঁর দলকে বলা হচ্ছে চিয়ারলিডারের বাংলাদেশি সংস্করণ। বাস্কেটবল, ভলিবল প্রভৃতি খেলায় চিয়ারলিডারের ধারণাটি পুরোনো হলেও ক্রিকেটে এর প্রবর্তন হয়েছে খুব বেশি দিন হয়নি। মূলত টি-টোয়েন্টি ক্রিকেটই চিয়ারলিডারদের ক্রিকেট মাঠে প্রবেশাধিকার দিয়েছে। কখনো কখনো ক্রিকেটারদের মনঃসংযোগে বিঘ্ন ঘটে বলে শুরুতে এ নিয়ে বেশ সমালোচনাও হয়েছিল। তবে দিনে দিনে তাঁরা সব ধরনের ক্রিকেটেই মাঠের অংশ হয়ে উঠছেন। ‘খেলা যখন খুব জমে, দর্শকদের নাচানাচিও থামতেই চায় না। কখনো কখনো দর্শকেরা চিৎকার করে বলে, আমরা যেন বাজানো না থামাই। আমাদেরও তো বাজাইতে ভালো লাগে। কিন্তু আমরা খুব সতর্ক থাকি, কোনোভাবেই যেন খেলোয়াড়দের কোনো অসুবিধা না হয়। বোলার দৌড় শুরু করার আগেই আমরা বাজানো বন্ধ করে দিই।’ বলছিলেন ঢুলি কামাল। বাংলাদেশ যখন ভালো খেলে, তখন তো নিজের আনন্দেই বাজান, কিন্তু দলের খারাপ সময়েও তো বাজাতে হয়, তখন খারাপ লাগে না? প্রশ্ন করলে কামাল বলেন, ‘দলের খারাপ সময়ে দর্শক চুপ হয়ে যায়। তখন আমরা আরও ভালো করে বাজাতে চেষ্টা করি। দর্শক চুপ হয়ে গেলে আমাদের ভালো লাগে না। আমরা চাই, তারা সব সময় আনন্দ করুক।’বিশ্বকাপের একেকটি খেলা দেখতে রাতভর লাইনে দাঁড়িয়ে থেকেছে লোকজন। আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শেষেও আড়ালে-আবডালে চলছে উচ্চমূল্যে টিকিট বেচাকেনা। সেখানে প্রতিটি খেলাই মাঠে বসে দেখতে পারাটাকে বিরাট সৌভাগ্য বলে মানছেন ঢুলিরা। ‘যখন শুনছি বাংলাদেশে খেলা হইব, ভাবছি আমাদের কি আর সাধ্য আছে খেলা দেখার। তখন কল্পনাও করি নাই, আল্লাহ আমাদের কপালে এত বড় সৌভাগ্য রাখছেন। এখন আমাদের কাছে কার্ড আছে। আমরা বুক উঁচায়া মাঠে ঢুইকা যাই। র্যাব, পুলিশ, আর্মি—সবাই আমাদের পছন্দ করে। বলে, হলুদ পাঞ্জাবি মানে ভালো লোক।’ বলছিলেন ঢুলিদের একজন। খেলোয়াড়দের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে কি না, জানতে চাইলে তাঁরা বলেন, তামিম ভাই আর শফিউল ভাইয়ের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। দুজনই তাঁদের খুব উৎসাহ দিয়েছেন। মুক্তার হোসেনদের সৌজন্যে বিশ্ববাসীর কাছেও পরিচিতি পাচ্ছে বাংলাদেশের ঢোল। মুক্তার হোসেন বললেন, ‘বিদেশিরা আমাদের ঢোল খুব পছন্দ করে। আমাদের সাথে ছবি তোলে। “ওয়াও!”, “থ্যাংক ইউ”সহ আরও অনেক কিছু বলে। কেউ কেউ আমাদের কাছ থেকে ঢোল নিয়ে গলায় ঝুলায়, বাজায়ে দেখে। আমরা মাঠে দুইটা তাল বাজাতাম—ঝুমুর তাল আর কাহারবা তাল। কিছুদিন আগে একজন বিদেশি আমাদের মোবাইল ফোনে আরেকটা তাল শুনায়ে ওইটা বাজাইতে বলল। আমি সব ঢুলিকে নিয়ে ওই তালটা বাজালাম। ওনারা খুব পছন্দ করল। এর পর থেকে আমরা মাঠে তিনটা তাল বাজাই।’ প্রবীণ ঢুলি হুমায়ুন বললেন, ‘এই সুযোগে আমরা যদি একতারা, দোতারা, মন্দিরা—এসব বাদ্যযন্ত্রও তুলে ধরতে পারতাম, কত ভালো হইত!’মাঠে সীমানার ভেতর চলে বল-ব্যাটের খেলা, আর সীমানার বাইরে সুর-তাল নিয়ে খেলেন তাঁরা ১৭ জন—মুক্তার হোসেন, কামাল, রঞ্জু, সাদ্দাম, কানন, চুন্নু, বাবু, শাহীন, খোকন, মনিকা, জয়নাল, জয়, ইয়াসীন, সাদী, স্বপন মিয়া, আল আমিন আর বাবুল। হলুদ পাঞ্জাবি, সাদা লুঙ্গি আর সাদা জুতা পরে ঢোলের তালে নেচে তাঁরা দর্শকদের আনন্দ দেন। বাংলাদেশের দর্শক যেখানে খেলার সময় খেলোয়াড়দের অনুপ্রেরণা দিয়ে দ্বাদশ খেলোয়াড় হিসেবে অবস্থান নিয়েছে, সেখানে যাঁরা দর্শকদের অনুপ্রেরণা জোগান, তাঁদের কী বলবেন?চাইলে ত্রয়োদশ খেলোয়াড়ও বলতে পারেন!