ঢেউ লেগেছে কক্সবাজারেও
আগামী ১১ জুন দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে ফুটবলের সর্বোচ্চ আসর। খেলা শুরুর আগেই দেশে দেশে ফুটবলপ্রেমীদের মধ্যে হইচই পড়ে গেছে। তার ঢেউ এসে লেগেছে পর্যটনশহর কক্সবাজারেও। শহর ছাড়াও জেলার প্রত্যন্ত গ্রাম, বাসাবাড়ির ছাদ ও গাছের ডগায় পতপত করে উড়ছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, জার্মান, ফ্রান্সসহ বিভিন্ন দেশের পতাকা। পাশাপাশি উড়ছে বাংলাদেশের লাল-সবুজের পতাকাও। ইতিমধ্যে ভক্তরা সমর্থক দল গঠন করে আসরের জন্য তৈরি। গ্রামাঞ্চলে বড় হলঘর তৈরি করে খেলা দেখার উদ্যোগ চলছে। লোডশেডিংয়ের ঝামেলা থেকে রক্ষার পেতে অনেকে জেনারেটর কিনে রাখছেন। টেলিভিশন কেনার হিড়িক তো আগেই শুরু হয়ে গেছে। কক্সবাজার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মিনহাজ উদ্দিন ব্রাজিল সমর্থক। গতবারও তিনি ব্রাজিল সমর্থন করে। পরাজয়ের পর দুদিন কান্না করেছিলেন। এবার তাঁর মন পরিষ্কার। মিনহাজ জানান, ‘ব্রাজিল এবার অনেক বেশি শক্তিশালী। শিরোপাও তাঁরা পাবে-এটা নিশ্চিত বলা যায়। এ শহরের তিন লাখ মানুষের দুই লাখ ব্রাজিল সমর্থক।’ কথা কেড়ে নিয়ে সহপাঠী রফিকুল ইসলামের জবাব, ‘আর্জেন্টিনার কথা তোর মনেই নেই? মেসি একাই এক শ। তা ছাড়া ম্যারাডোনা তো আছেনই। দেখিস, এবার শিরোপা ছিনিয়ে নেবে ম্যারাডোনার দল।’ফ্রান্স সমর্থক রেজাউল করিম দুজনের তর্কাতর্কি থামিয়ে দিয়ে বলেন, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারে—এমন দল অনেক রয়েছে। অপেক্ষা কর, খেলাটা শুরু হোক।’ তাকে সমর্থন করে সহপাঠী ইসমত জাহান বলেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনা খেলবে ভালো, কিন্তু শিরোপা তাঁরা পাবে না।’ কথা শুনে বড় চোখে এক বন্ধুর জিজ্ঞাসা—কেন রে? তাহলে শিরোপা পাবে কে? ব্রাজিল, আর্জেন্টিনা খেলবে ভালো। কিন্তু শিরোপা পাবে বর্তমান শিরোপাধারী শক্তিশালী দল ইতালি। শিরোপা কীভাবে আদায় করে নিতে হয় সেই কৌশল এ পরাশক্তি দলের থাকে।’ প্রতিদিন সকাল-সন্ধ্যা-রাত দলে দলে এভাবে চলছে পছন্দের দল নিয়ে আড্ডা, আলোচনা-সমালোচনা। শহরের বিভিন্ন টেইলার্সে ফুটবল আসরের পতাকা তৈরির হিড়িক পড়েছে। বাঁশের মাথায় নানা রকমের পতাকা বেঁধে বেশ কিছু ফেরিওয়ালা শহর, বন্দর গ্রামে পতাকা বিক্রি করছেন। পতাকা বিক্রেতা বাবুল জানান, প্রতিদিন গড়ে চার হাজার টাকার পতাকা তিনি বিক্রি করেন। ১০টি দেশের পতাকা তিনি বিক্রি করেন। বেশি বিক্রি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। তারপর ইতালি, জার্মানি। শহরের টেকপাড়ার টেইলার্স মালিক জহিরুল ইসলাম জানান, ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, জার্মানি, ফ্রান্সসহ বিভিন্ন দেশের কয়েক শ পতাকা দৈনিক তিনি তৈরি করেন। এজন্য দোকানে অতিরিক্ত চারজন কর্মচারী নিয়োগ দিতে হয়েছে। সবার অপেক্ষা, আগামী ১১ জুন। দিনটি যত এগিয়ে আসছে, বেড়ে যাচ্ছে ভক্তদের বুকের নিঃশ্বাসটাও।