ঢেউয়ের ছন্দে সুরের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতির অপার বিস্ময় পাহাড়-সাগরে অপরূপ কক্সবাজার। লাবণী পয়েন্ট, কলাতলী, হিমছড়ি, ইনানীসহ ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকত মুগ্ধ করে দেশি-বিদেশি পর্যটকদের। তেমনি মুগ্ধ হয়েছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের দেড় শতাধিক সদস্য ও তাঁদের পরিবার। ১ মে এই কক্সবাজারেই ছিল ক্লাবের আনন্দ সম্মিলন। এ উপলক্ষে সাগরপাড়ের হোটেল সি ওয়ার্ল্ডে বসেছিল সংবাদকর্মীদের মিলনমেলা। সাগরের ঢেউয়ের সঙ্গে মিতালি, জলকেলি, বেলাভূমিতে দৌড়ঝাঁপ ছাড়াও সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল ঢেউয়ের ছন্দে সুরের জয়গান।শুরুতে ছিল সংক্ষিপ্ত আলোচনা পর্ব। ক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নুরুল আলম নিজামী ও শিল্পপতি আবুল বশর। নুরুল আলম নিজামী সাংবাদিকদের উদ্দেশে বলেন, কক্সবাজারকে বিশ্বমানের পর্যটননগর হিসেবে গড়ে তুলতে হবে। শুধু অপরিকল্পিত ভবন, অবৈধ দখল-স্থাপনা তৈরি করলে হবে না। এ পর্বে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরীর সঞ্চালনে শুভেচ্ছা বক্তব্য দেন সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী।সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই রাজীব ভট্টাচার্য ‘আমার এ দেশ সব মানুষের’ গেয়ে আসর মাত করেন। এরপর একে একে পরিবেশন করেন ‘কত যে তোমাকে বেসেছি ভালো’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘রূপসাগরে ঝলক মারিয়া’, ‘...বন্ধু হতে চেয়ে তোমার’ ইত্যাদি।এবার ‘শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে’ নিয়ে মঞ্চে এলেন ফারিয়া জাহান। আবু হেনা মোস্তফা কামালের বিখ্যাত গান ‘আমার দুচোখ ভরে তুমি এলে’ গেয়ে শ্রোতাদের ভাবের জগতে নিয়ে যান। এরপর উন্মাতাল দর্শকদের নাচিয়ে ছাড়েন ‘যেজন প্রেমের ভাব জানে না’, ‘আমায় উদাসী বানাইল গো মরার কোকিলে’, ‘বন্ধু তুমি কই কই’, ‘ভ্রমর কইও গিয়া’—এসব গানে। চলছে বৈশাখ মাস। তাই যেন শ্রোতাদের স্মরণ করে দিলেন ববি শর্মা। তিনি শুরু করেন ‘এক বৈশাখে দেখা হলো’ দিয়ে। এরপর আসর জমান আবদুল গফুর হালীর ‘বাইন দুয়ারদি ন আইস্সু তুঁই’ জনপ্রিয় আঞ্চলিক গানটি। অনুষ্ঠানে আরও গান করেন শিল্পী আহসান হাবিবুল আলম।