ঢেউয়ের তালে বিশ্বকাপের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের আনন্দে জেগে উঠেছে গোটা দেশ, সাগরসুন্দরী কক্সবাজার সৈকতের ফেনিল ঢেউয়ে যেন তারই সুর। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বলিউড তারকা সালমান খান, গোবিন্দ, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা আরোরা, সনু নিগম, রিয়া সেনের মতো মহাতারকারা। তাঁদের সঙ্গে বাংলাদেশে আসছেন ক্রিকেটভক্ত বিদেশি হাজার হাজার মানুষ। বিশ্বকাপ ক্রিকেট আসরের এ তিনটি দিন পুরো বাংলাদেশ জেগে থাকবে। ক্রিকেটের টিকিট কেনার আগ্রহ এবং ভিড় দেখে এ অবস্থা সহজে অনুমান করা যায়। ক্রিকেট দেখতে আসা দেশি-বিদেশি অসংখ্য মানুষ এ সময় ঘুরে বেড়াবেন দেশের আনাচ-কানাচ। বিশ্বের দীর্ঘতম সৈকতরানি কক্সবাজারে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন নেই, তাতে ভাবনারও কিছু নেই। কিন্তু চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেট দেখতে এসে কক্সবাজার দেখা হবে না, তা কি হয়! বিশেষ করে চট্টগ্রামে খেলা দেখার আগে কক্সবাজার দেখা হলে মনটা ফুরফুরে ও সতেজ থাকে। আর সতেজ মন নিয়ে বিশ্বকাপ ক্রিকেট দেখা কয়জনের ভাগ্যে জোটে? তাহলে আর দেরি কিসের? সিদ্ধান্তটা নিয়েই ফেলুন কক্সবাজার ঘুরে আসার। যা দেখবেনবাইপাস সড়ক ধরে কক্সবাজার শহরে ঢুকতেই আপনার প্রাণ জুড়িয়ে যাবে সাগররানির উত্তাল রূপ দেখে। সৈকতের একেবারে কাছে কলাতলী চত্বর। সেখানে দেখতে পাবেন আপনার আশপাশে, আকাশে ঘুরেফিরে ছুটছে সামুদ্রিক প্রাণী হাঙর, ডলফিন, তিমি আরও কত কিছু। কয়েক মাস আগে পর্যটকদের জন্য জীববৈচিত্র্য ভাস্কর্য তৈরি করা হয় এখানে। এখান থেকে পশ্চিম দিকে পাঁচ মিনিট হাঁটলে পৌঁছে যাবেন বালুচরের সমুদ্রসৈকতে। এরপর সাগরে নেমে শীতল জলে শরীরটা একটু ভিজিয়ে নিয়ে সমুদ্রস্নান করা আপনার ভ্রমণ প্রাণবন্ত করে তুলবে। জলজ প্রাণী আর রাজকাঁকড়ার দৌড়ঝাঁপ দেখতে যেতে হবে নাজিরারটেক, ফদনারডেইল, পেঁচারদিয়া অথবা সোনাদিয়ায়। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে হিমছড়ি গেলেই পেঁচারদিয়া সৈকত। রিকশা, টমটম, অটোরিকশা, জিপ এবং যাত্রীবাহী বাসে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে আসা-যাওয়া করা যায়। ভাড়াও কম। পেঁচারদিয়া সৈকতটি নিরিবিলি বলে সৈকতজুড়ে দেখা যায় লাল রঙের রাজকাঁকড়ার মহাসমাবেশ। ধরতে গেলেই চলবে কাঁকড়ার লুকোচুরি খেলা। এ ছাড়া রয়েছে জলজ পাখি। উড়ছে যত পাখি, বসে আছে তার চেয়েও অনেক বেশি। কাছে গেলে পাখিগুলো উড়ে যায়। ইচ্ছে করবে, সারাটা দিন কাঁকড়া আর পাখির সঙ্গে কাটিয়ে দিতে। নাজিরারটেক আর ফদনারডেইল হচ্ছে সামুদ্রিক মাছের বিশাল রাজ্য। হাজার হাজার জেলে ট্রলারে করে এখানে ধরে আনেন নানা প্রজাতির সামুদ্রিক মাছ। তরতাজা এই মাছগুলো বালুচরে কেটেকুটে কারখানায় শুঁটকি করা হয়। এই দুটি এলাকায় শুঁটকি উৎপাদনের কারখানা রয়েছে শতাধিক। এখানে সন্ধ্যা পর্যন্ত যদি অপেক্ষা করতে পারেন তাহলে দেখবেন, কচ্ছপের কূলে ওঠা আর বালুচরে গর্ত খুঁড়ে ডিম ছেড়ে সেই ডিম গর্তে লুকিয়ে পুনরায় সাগরে নেমে যাওয়ার বিরল দৃশ্য। আরও জলজ পাখি, রাজকাঁকড়া আর সামুদ্রিক প্রাণী দেখতে হলে আপনাকে যেতে হবে সাগর পাড়ি দিয়ে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে। যেখানে গভীর সমুদ্রবন্দর হচ্ছে। নাজিরারটেক থেকে সোনাদিয়া দেখা যায়। সোনাদিয়ায় যাওয়ার জন্য দ্রুতগতির অসংখ্য স্পিডবোট রয়েছে। মাত্র ১০ মিনিটে স্পিডবোট আপনাকে পৌঁছে দেবে সোনাদিয়ায়। সামুদ্রিক মাছের কাবাব খেতে হলে যেতে হবে বালুচর ধরে হেঁটে অথবা গাড়িতে করে কলাতলী সৈকতের সার্ফিং পয়েন্টে। এখানে রয়েছে আধুনিক মানের কাঠের তৈরি তিনটি রেস্তোরাঁ। সৈকতের সঙ্গে লাগায়ো এসব কাঠের রেস্তোরাঁয় বসে সাগরের আসল রূপ দেখা যায়। জোয়ারের সময় রেস্তোরাঁগুলোতে বসে আড্ডা দিলে মনে হবে আপনি সাগরের ওপর বসে আছেন।হাতে সময় থাকলে অরণ্যভরা পাহাড়, হিমছড়ি, পাথুরে সৈকত ইনানী, কানারাজার সুড়ঙ্গ, রাখাইনদের মন্দির, ক্যাং, জাদি ও ঝিনুক মার্কেট ঘুরে আসা যায়। এ ছাড়া ঘুরে আসতে পারেন টেকনাফ। সেখান থেকে জাহাজে করে সমুদ্র পাড়ি দিয়ে যেতে পারেন প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে। সেখানে রাতে থাকার জন্য ৩০টির বেশি হোটেল মোটেল কটেজ রয়েছে। অরণ্যঘেরা পরিবেশে বন্য প্রাণী দেখতে হলে যেতে হবে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে। আদি বৌদ্ধ নিদর্শন, মন্দির দেখতে গেলে রামু যেতে হবে। সেখানে রয়েছে এশিয়ার বড় ১০০ ফুট লম্বা বৌদ্ধমূর্তি। প্যাকেজ ট্যুরপর্যটকদের জন্য কক্সবাজারে ৪০টির বেশি প্রতিষ্ঠান নানা প্যাকেজ ঘোষণা করছে। বে অব বেঙ্গল গ্রুপ ট্যুরিজমের পরিচালক তোফায়েল আহমদ জানান, গত ১৬ ডিসেম্বর থেকে প্রতিদিন গড়ে ৫০ হাজারের বেশি পর্যটক কক্সবাজার ভ্রমণে আসছেন। আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকদের জন্যও বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জানান, ‘কিছুদিন আগে জেলা স্টেডিয়ামে শেষ হয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, নেপালসহ আট দেশের মহিলা ফুটবল প্রতিযোগিতা। এ সময় দেশি-বিদেশি মানুষের উপচে পড়া ভিড় ছিল। খেলা দেখার সুযোগে হাজার হাজার মানুষ কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। বিশ্বকাপ ক্রিকেট দেখতে আসা সবাইকেও আমরা কক্সবাজার ভ্রমণে স্বাগতম জানাচ্ছি।’