ঢোকার মুখে আবর্জনার ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী সেতু এলাকা থেকে শুরু চকরিয়া পৌরসভা। আর এ পৌরসভায় ঢোকার মুখেই গড়ে তোলা হয়েছে আবর্জনার ভাগাড়। আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় মহাসড়কের পাশেই প্রতিদিন ফেলা হচ্ছে বর্জ্য।
সরেজমিন দেখা যায়, সেতুসংলগ্ন এলাকার প্রায় ৫০ গজ জায়গাজুড়ে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধে নাকে কাপড় গুঁজে চলাচল করতে হচ্ছে লোকজনকে। পাশেই জমজম হাসপাতালের প্রবেশমুখ। সেখানে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরাও পড়ছেন বিড়ম্বনায়।
মাতামুহুরী সেতুসংলগ্ন এলাকার বাসিন্দা শামসুল আলম বলেন, ‘পাঁচ বছর ধরে পৌর কর্তৃপক্ষ মাতামুহুরী সেতুসংলগ্ন সরকারি খালি জায়গায় আবর্জনা ফেলছে। অথচ এটি পৌর শহরের প্রবেশমুখ। এখানেই গড়ে তোলা হয়েছে আবর্জনার ভাগাড়।’
গৃহবধূ ছেনুয়ারা বেগম বলেন, আবর্জনার দুর্গন্ধের মধ্যে বসবাস করছে আশপাশের অন্তত ৬০টি পরিবার। বৃষ্টি হলেই আবর্জনার পানি উঠানে চলে আসে। মাঝেমধ্যে ঘরের ভেতরেও ঢুকে পড়ে। এ নিয়ে পৌর কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।’
আরেক গৃহবধূ শারমিন আকতার বলেন, ‘দুর্গন্ধের কারণে বাড়িতে অতিথি পর্যন্ত আসে না। এলাকার শিশুরাও প্রায় সময় রোগাক্রান্ত হচ্ছে।’
এদিকে মহাসড়কের পাশে ছাড়াও ব্যস্ততম শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল এলাকায়ও ফেলা হচ্ছে আবর্জনা। পরিবহনশ্রমিকেরা বলেন, আবর্জনার দুর্গন্ধে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এ নিয়ে অভিযোগ করেও কেনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
পৌরসভা সূত্র জানায়, আবর্জনার ভাগাড় মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া চেষ্টা চলছে। মাতামুহুরী সেতুর পশ্চিম পাশে হালকাকারা এলাকায় একটি ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য জায়গা দেখা হয়েছে।
জানতে চাইলে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি মাত্র তিন মাস। এরই মধ্যে পৌরসভার অনেক সড়ক পাকা ও নালা পরিষ্কার রেখেছি। যার কারণে চলতি বর্ষায় জলাবদ্ধতা থেকে পৌরবাসী মুক্তি পেয়েছে। আরও একটু সময় দরকার। পর্যায়ক্রমে চকরিয়াকে আধুনিক পৌর শহর হিসেবে গড়ে তুলতে পারব।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য জায়গা পছন্দ করে উপজেলা ভূমি কার্যালয়ের মতামত চাওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শিগগিরই চিঠি দিয়ে বরাদ্দ চাওয়া হবে।’