ঢোলে বাজল বিশ্বের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঢোল বাজানো আমার কাছে কেবল আনন্দের বিষয় নয়। এটা একই সঙ্গে প্রশান্তি আর উপাসনারও অনুষঙ্গ। পৃথিবীর যেখানে যখনই সুযোগ পেয়েছি ঢোল বাজিয়েছি। আর নিজ দেশের ঢোলের বোলের সঙ্গে বিভিন্ন দেশের বাদনরীতির সমন্বয় করার চেষ্টা করেছি।’ সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত চার দিনব্যাপী আন্তর্জাতিক ঢোল প্রশিক্ষণ কর্মশালায় এভাবে নিজের অনুভূতি তুলে ধরেন ভারতের বেঙ্গলুরু থেকে আসা ঢোলবাদক ও প্রশিক্ষক অশোক কুমার।ঢোল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাদ্যযন্ত্র। গ্রামগঞ্জের যেখানেই ঢোলের আওয়াজ শোনা যায়, সেখানেই জড়ো হয় মানুষ। কিন্তু এখন বিদেশি বাদ্যযন্ত্রের ভিড়ে ক্রমশ হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী ঢোল। এমন ভাবনা থেকে ঢোল-বাদনকে উৎসাহিত করতে এগিয়ে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)। জানালেন প্রশিক্ষণ কর্মশালার আয়োজক বিটার কর্ণধার শিশির দত্ত। বিটার উদ্যোগে পটিয়ার নিজস্ব প্রশিক্ষণকেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় চট্টগ্রাম ছাড়াও লক্ষ্মীপুর, হবিগঞ্জ, সিলেট, যশোর, খুলনা ও পঞ্চগড়ের ঢোলবাদকেরা অংশ নেন। প্রশিক্ষক হিসেবে ভারতের অশোক কুমার ছাড়াও শ্রীলঙ্কার জিতেন্দ্র বিদ্যাপতি ও চট্টগ্রামের বাবুল জলদাস উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ শেষে গত রোববার আলিয়ঁস ফ্রঁসেজে আয়োজন করা হয় ঢোল উৎসবের। কর্মশালায় অংশগ্রহণকারীরা ঢোল বাজিয়ে মুগ্ধ করেন দর্শকদের। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর ঢোলের বোল মিলেমিশে যেন এক ধারায় প্রবাহিত হচ্ছিল। কোনো নির্দিষ্ট দেশের নয়, যেন শোনা যাচ্ছিল বিশ্বের সুর। এ ছাড়া অনুষ্ঠানে ঢোলশিল্পীদের বাজানো মেঘ গর্জন, কাহারবাসহ শাস্ত্রীয় আঙ্গিকের পরিবেশনাও ভালো লেগেছে দর্শকদের। ভারতের প্রশিক্ষক অশোক কুমার চট্টগ্রামে ঢোল বাজানোর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমি বাংলা বলতে পারি না। আর যাঁরা কর্মশালায় এসেছেন তাঁদের অনেকে ইংরেজি জানেন না। অথচ প্রশিক্ষণ দিতে আমাদের কোনো ধরনের সমস্যাই হচ্ছে না। কারণ বিশ্বব্যাপী সুরের ভাষা এক। আর ঢোলের বাদনও কোনো না কোনোভাবে একই।’