ণ-ত্ব বিধান
আমি কুমিল্লা জিলা স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। সাইনবোর্ড, ব্যানার, বই-খাতা, পত্রিকা যেখানেই বাংলা বানানে ভুল দেখি, মনে কষ্ট হয়, দুঃখ পাই।মনে মনে ভাবি, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরের আত্মত্যাগকে বৃথা যেতে দেব না। ঠিক তখনই দেশজুড়ে চলছে প্রথম আলোর দৃঢ়প্রত্যয় ও শপথের কর্মশালা। আমিও শপথ করেছিলাম, ‘কোথাও বাংলা বানানে ভুল দেখলে উপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়ে দেব’।শপথ করেছি চার মাস হলো। আমার চোখে পড়েছে এমন প্রায় ১০০টি ভুল বাংলা বানান বিভিন্ন কর্তৃপক্ষকে জানিয়েছি। কেউ কেউ খুশি হয়েছে, আবার অনেকে ক্রোধ প্রকাশ করেছে। তবু আমার কাজে বিরতি নেই। আবার এটাও দেখেছি, একটি বানান আগে সঠিক ছিল, এখন ভুল হয়েছে। যেমন—বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছেন আতিউর রহমান। তাঁর নামের পাশে গভর্নর বানানে ভুল আছে। দন্ত্য-ন হবে। আতিউর রহমানের আগে গভর্নর ছিলেন সালেহউদ্দিন আহমেদ। সেখানে গভর্নর বানানটি সঠিক ছিল। এমন স্পর্শকাতর ভুল দেশের জন্য অপমান।আমি মনে করি, শপথের মাধ্যমে আমার মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে শিক্ষা তথা জ্ঞানের আলোয়। কারও বাংলা বানানে ভুল ধরতে হলে আমাকেই আগে ভাষাকে আয়ত্ত করতে হচ্ছে। ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান, শুদ্ধ বানান প্রসঙ্গ ইত্যাদি আয়ত্ত করার চেষ্টা করছি। যতই শিখছি, ততই আগ্রহ বাড়ছে। কত কী শেখার আছে। নাজমুল আবেদীনকুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা।