তক্ষক-গুজব এখন রামুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তক্ষক নিয়ে গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে গুজব ডাল-পালা ছড়িয়েছে। কিছুদিন ধরে কক্সবাজারের রামু উপজেলায়ও এই গুজবের ঢেউ লেগেছে। একটি চক্র গুজব ছড়াচ্ছে, ৩০০ গ্রামের বেশি ওজনের একটি তক্ষক ধরতে পারলে কোটি টাকায় বিক্রি করা যাবে। হুজুগে গা ভাসিয়ে এলাকার অনেকেই তক্ষক ধরার অভিযানে নেমেছেন। বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন পুলিশের হাতে। ২২ নভেম্বর সকালে উপজেলার ঈদগড় ইউনিয়নের পূর্ণগ্রাম এলাকা থেকে পাঁচটি তক্ষকসহ তিন পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। আটককৃতরা হলেন: কক্সবাজার ইসলামপুর ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে জসিম উদ্দিন (২৮), রবিউল আলমের ছেলে মো. ইউনুছ ও মোক্তার আহমদের ছেলে আব্দুল আজিজ (৩৭)। পূর্ণগ্রামের বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে সন্দেহজনকভাবে তিন পাচারকারীকে গ্রামে ঘোরাফেরা করতে দেখেন তাঁরা। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে পাঁচটি তক্ষক উদ্ধার করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের রামু থানা পুলিশের হাতে তুলে দেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু শাখার সাধারণ সম্পাদক ইজ্জত উল্লাহ জানান, সম্প্রতি ৩০০ গ্রাম বা তার বেশি ওজনের একটি তক্ষক কোটি টাকায় বিক্রি হচ্ছে এমন গুজব ছড়াচ্ছে একটি চক্র। তাই অনেকেই তক্ষক পাচার করে রাতারাতি লাখপতি হতে চাইছেন। দুর্গম পাহাড়ি এলাকা থেকে তক্ষক ধরা হচ্ছে। ঈদগড়ের কয়েকজন এলাকাবাসী জানান, কয়েক দিন পরপর অপরিচিত লোকজন এসে তক্ষকের খোঁজ নিচ্ছেন।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম বলেন, ‘আমরাও শুনেছি, একটি তক্ষক কোটি টাকায় বিক্রি হচ্ছে। তবে এটা গুজব। তক্ষক ধরা ও পাচার করা বেআইনি।’