তক্ষক ধরতে প্রচারপত্র!
বাড়ির ছাদের কার্নিশ, দেয়ালের ফাঁকে ও গাছের কোটরে বসবাসকারী তক্ষক এখন বিপন্ন। টিকটিকি সদৃশ, গিরগিটির আকারের নির্বিষ এই প্রাণীকে ঘিরে গুজব ডালপালা মেলেছে গ্রামগঞ্জে। নিরীহ প্রাণীটি ধরতে পারলে মোটা অঙ্কের টাকায় বিক্রি করা যাবে—এমন গুজবের বশবর্তী হয়ে অনেকে তক্ষক ধরছেন, ধরতে গিয়ে নিধনও করছেন। সম্প্রতি চন্দনাইশ উপজেলায় প্রাণীটি ধরে বিক্রি করার জন্য প্রচারপত্র (লিফলেট) বিলি করেছে একটি চক্র।হাজি মোহাম্মদ ইছহাকের নামে বিলি হওয়া প্রচারপত্র উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রচারপত্রে উল্লেখ করা হয়, ৫০০ গ্রাম ওজনের জীবন্ত তক্ষকের (টোটট্যাং) জন্য ১০ লাখ, ৪২০ গ্রাম ওজনের তক্ষকের জন্য ছয় লাখ এবং ৩৩০ গ্রাম ওজনের তক্ষকের জন্য দাম চার লাখ টাকা দেওয়া হবে—এমন প্রচারণায় প্রলুব্ধ হয়ে অনেকেই তক্ষক ধরেছেন। প্রচারপত্রে উল্লিখিত মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে অপর প্রান্তের ব্যক্তি নিজেকে হাজি ইউসুফ সওদাগর বলে পরিচয় দেন। তিনি মোহাম্মদ ইসহাক নামের কাউকে চেনেন না এবং প্রচারপত্রের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন। প্রচারপত্র সম্পর্কে দোহাজারি জামিজুরি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা বলেন, ‘এটা গুজব ছড়ানোর অপকৌশল ছাড়া কিছুই নয়। গুজবের বশবর্তী হয়ে গ্রামবাসীর একাংশ তক্ষক ধরতে গিয়ে নিধন করছে।’ তিনি এমন গুজব ছড়ানো বন্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমদাদুল হক চৌধুরী জানান, প্রচারপত্র বিলিসংক্রান্ত তথ্য তাঁর জানা নেই। তবে কারা এ ধরনের গুজব ছড়াচ্ছে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পরিবেশবিদদের মতে, সরীসৃপ প্রজাতির লেসারটিলিয়া বর্গের ও গ্যাকোনিডি গোত্রের এই প্রাণীটি ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গুজবের বশবর্তী হয়ে তক্ষক ধরলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক গাজী এস এম আসমত জানান, ‘চীন দেশের প্রথাগত পদ্ধতিতে কিছু রোগের ওষুধ তৈরিতে তক্ষক ব্যবহারের কথা জানা যায়। এ দেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার জন্য একটি চক্র তক্ষক ধরছে।’