আঙুলের কড়ায় গুনে মোটে এক যুগ আগের কথা বলছি। আমি তখন প্রাইমারি স্কুলের ছাত্রী। সে সময় আমরা থাকতাম আমাদের স্কুল ভবনেরই ষষ্ঠ তলায়। এই বিশেষ সুবিধা পাওয়ার মূলে ছিলেন আমার আম্মু। তিনি ছিলেন স্কুলের সবার একজন অতিপরিচিত ও পছন্দের শিক্ষক। সে সময় আমাদের ছোট ভাইয়ের জন্ম হয়। দূরে বাসা বলেই আম্মু স্কুলের চাকরিটা চালিয়ে যেতে পারবে কি না, সংশয় দেখা দিল। এই অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে স্কুল কর্তৃপক্ষই এগিয়ে এল। তারা আমাদের স্কুল ভবনের ছয়তলার ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করল। আমরা একদিন সবকিছু নিয়ে স্কুলে উঠে গেলাম।
স্কুল ভবনের নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত চলত পাঠ ও প্রশাসনিক কার্যক্রম। ষষ্ঠ তলায় আমরা দুটি পরিবার। স্কুলে বসবাস, স্কুলে পড়াশোনা—আমার আনন্দ যে ধরে না!
সকাল থেকে সারাটা দিন স্কুল ভবন গমগম করত। শিশু শ্রেণির কক্ষে সশব্দ ছড়া পড়ানো হচ্ছে তো ওদিকে টিফিনের সময় ধুন্ধুমার খেলা হচ্ছে মাঠে। কোনো দুষ্টু শিক্ষার্থী একদিন খেলার সময় মাটিতে পড়ে গিয়ে হাঁটু ছড়ে গেছে তো অন্যদিন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সেরা হচ্ছে। আবার কখনো স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস উপলক্ষে রঙিন বেলুন আর গাঁদা-গোলাপে স্কুল মোড়ানো হচ্ছে! এসব কারণে দিনের বেলায় আমার খুব আনন্দ হতো। অন্য বন্ধুদের মতো সকাল সকাল তৈরি হয়ে স্কুলে ছুটতে হতো না। কোনো বই ভুলে রেখে এলে চট করে বাসায় গিয়ে নিয়ে আসতে পারতাম। আর আমার প্রিয় কাজ ছিল, টিফিনের সময় রুমে গিয়ে মশারির ভেতর ছোট ভাইকে একপলক দেখে আসা।
সবচেয়ে মজা করতাম বিকেলে। ভবনের দ্বিতীয় তলা ছিল একেবারে ফাঁকা। সেখানে সকালে সব ক্লাসের অ্যাসেম্বলি হতো। দুপুরের পর যেহেতু কোনো ছাত্রছাত্রী থাকত না, আমরা সে সময় সেখানে স্কেটিং করতাম। এক জোড়া চাকা লাগানো জুতা পায়ে দিয়ে এ মাথা থেকে ও মাথা দাপিয়ে বেড়াতাম।
সন্ধ্যার পর থেকে কেমন একটা গায়ে কাঁটা দেওয়া ভয় করত! পুরো স্কুল ভবন যেন ঝিম মেরে বসে থাকত তখন। নিচতলায় সাকল্যে দুজন দারোয়ান ছাড়া আর কেউ থাকত না পাঁচতলা অবধি। রাতে বিদ্যুৎ চলে গেলে ভোঁ–দৌড়ে আম্মুর ওড়নার নিচে লুকাতাম।
ওই বাসায় সব মিলিয়ে তিন বছর ছিলাম আমরা। সে সময়টা ছিল অন্য রকম। সুন্দর। আজও আগলে রেখেছি সে স্মৃতি।