
হয়তো খুব তেষ্টাই পেয়েছিল চংকিং লিফানের গোলরক্ষক সুই বেইজিংয়ের। খেলার তখন মিনিট সাতেক বাকি। বক্সের সামান্য বাইরে ফ্রি-কিক পেয়েছিল প্রতিপক্ষ লিয়াওনিং।
ফ্রি-কিক নেওয়ার আগে খানিকটা সময় অবশ্য মেলে। এ সুযোগেই গলাটা ভিজিয়ে নিতে চেয়েছিলেন সুই। ঢকঢক করে যখন পানি গিলছিলেন, ওই মুহূর্তেই সর্বনাশ! ফ্রি-কিক থেকে পাওয়া বলটাকে চোখের পলকেই জালে জড়িয়ে দিলেন লিয়াওনিংয়ের ডিফেন্ডার দিং হাইফেং। ফ্রি-কিকের সময় গোলপোস্ট ফাঁকা রেখে পানি পানের চড়া মূল্যই দিতে হলো সুইকে। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও ম্যাচটা শেষ পর্যন্ত ১-১ ড্র করল তাঁর দল। ঘটনা গত ২৪ মে, চায়নিজ সুপার লিগে (চীনের প্রথম বিভাগ ফুটবল)।
এখানেই শেষ নয়। সামান্য ভুলের মাশুল যে এত বড় হবে, ঘুণাক্ষরেও ভাবতে পারেননি সুই। ওই ম্যাচের পর ক্লাব তাঁকে জরিমানা করে ৪ লাখ ৫৩ হাজার টাকা, একই সঙ্গে দল থেকেও বহিষ্কার! সুই নিজের ভুল স্বীকার করে দুঃখভারাক্রান্ত মনে বললেন, ‘রোববারের খেলায় ভয়ংকর ভুল করেছি।’
মজার ব্যাপার হচ্ছে, একই সময় পানি খাচ্ছিলেন লিয়াওনিংয়ের কোচ চেন ইয়াংও। শেষ দিকে প্রতিপক্ষের কাছ থেকে এমন একটা গোল উপহার পেয়ে যারপরনাই খুশি চেন। একেই বুঝি বলে কারও পৌষ মাস, কারও বা সর্বনাশ!
গার্ডিয়ান ও দ্য টেলিগ্রাফ অবলম্বনে
