
মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকার নারীরা কীভাবে ক্ষতবিক্ষত জীবন পার করেছেন, তারই রক্তাক্ত বিবরণ তাঁদের নিজের ভাষায় তুলে ধরেছেন তাঁরা। এ রকম ৪৭ জন নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়ে প্রথমা প্রকাশন বের করেছে একটি বই—নারী১৯৭১। রাশেদুর রহমান সম্পাদিত বইটিতে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধকালে পাকিস্তান সেনাবাহিনী, তাদের দোসর অবাঙালি এবং এদেশীয় রাজাকার–আলবদরদের নৃশংসতা ও নিষ্ঠুরতার বিবরণ। এই বিবরণ মর্মস্পর্শী ও হৃদয়গ্রাহী। সেই বই থেকে দুজনের বর্ণনার সংক্ষেপিত অংশ প্রকাশিত হলো আজ নারীমঞ্চ পাতায়।

দুর-ই-সাহওয়ার চৌধুরী
স্বামী: শহীদ মোজাম্মেল হক চৌধুরী, বর্তমান ঠিকানা: গুলশান, ঢাকা।
১৯৭১ সালের মার্চে আমি চট্টগ্রামে ছিলাম। রেলওয়ের পাহাড়তলীর এক বাংলোতে। আমার স্বামী তখন রেলওয়েতে চাকরি করতেন। চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন।
২৫ মার্চের পরদিন সকালে উঠে শুনি দেশে যুদ্ধ লেগে গেছে। ২৬ মার্চ সন্ধ্যার সময় আমাদের বাসায় রেলওয়ের চিফ ট্রাফিক অফিসার নাসিরউদ্দীন, ওনার স্ত্রী ও বাচ্চারা, সবাই আসলেন। আরও এক অফিসার—এল আর রহমান, তারপর শামসুর রহমান, এঁরাও আশ্রয় নিলেন। আমাদের বাসায় বেশ কটা বাঙালি পরিবার এসে উঠল।
অবাঙালি ওয়ারিশ সাহেবও ওই কলোনিতে থাকতেন। তাঁদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। ৪ এপ্রিল বিকালবেলা মিসেস ওয়ারিশ আমাকে ডেকে বললেন, ‘তুমি চৌধুরী সাহেবকে নিয়ে এখনই চলে যাও কোথাও। আমরা খবর পেয়েছি, বিহারিরা যেকোনো মুহূর্তে তোমাদের ওপর অ্যাটাক করতে পারে।
আমি বাসায় ফেরার সঙ্গে সঙ্গে মিসেস নাসির ও মিসেস হামিদ আমাকে জিজ্ঞেস করল, ওয়ারিশ সাহেবের স্ত্রী কী জন্য ডেকে পাঠিয়েছিল? আমি বললাম অবস্থা খুব ভালো না, ওনারা আমাদের চলে যেতে বললেন। এ কথা বলে আমি নামাজ পড়ে বের হয়ে হামিদ সাহেব, এল আর খান, এঁদের দেখলাম। নাসির সাহেব ও তাঁর ফ্যামিলিকে দেখলাম না। পরে শুনলাম, তাঁরা চলে গেছেন। শামসুর রহমানও চলে গেছেন। আমরা বাকিরা আমাদের বাংলোতেই থাকলাম। সারা রাত আমি কোরআন শরিফ পড়লাম। সেদিন রাতে আমাদের কারও ঘুম হয়নি। খুব ভোরে আমি উঠে পড়েছি বিছানা থেকে। সকালে আকাশটা একটু মেঘলা-মেঘলা ছিল।
তখন ঘড়িতে নয়টা হবে। এর মধ্যে একপশলা বৃষ্টিও হয়ে গেছে। এ সময় হঠাৎ বাইরে হইচই। শুনি বাইরে গেটের সামনে এসে কারা যেন আমার স্বামীর নাম ধরে ডাকছে। তারা বলছে, চৌধুরী সাহেব হ্যায়? আমাদের কাজের লোক মজিবর দৌড়ে গিয়ে গেটটার সামনে দাঁড়াতেই তাকে ধাক্কা দিয়ে গেটটা দিয়ে হুড়মুড় করে লোক ঢুকতে লাগল। অনেক লোক আমার বাসায় ঢুকে পড়ল। তাদের চেহারা ছিল ভয়ংকর উগ্র। আমার স্বামী ঘর থেকে বেরিয়ে এসে ওদের বললেন, কী চাই তোমাদের?
একটু পর ওয়ারিশ সাহেব হন্তদন্ত হয়ে ছুটে আসলেন। উনি ওদের বললেন, তোমরা কী করছ! কিন্তু ওই উগ্র লোকগুলো ওয়ারিশ সাহেবের কথা গ্রাহ্যই করল না। তারা হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। আমাদের বেডরুমের উল্টো দিকে আরেকটা রুম ছিল, সেই ঘরের মধ্যে আমাকে ছাড়া অন্য সব মেয়েকে ওরা ঢুকিয়ে দিল। আর পুরুষ লোক সব ওদের ঘেরাওয়ের মধ্যে।
ওয়ারিশ সাহেব উগ্র লোকদের আবার বললেন, চৌধুরী সাহেবকে তোমরা ছেড়ে দাও। এটা বলার পর ওরা বলল, ঠিক আছে, চৌধুরী সাহেব ও বেগম সাহেবা চলে যাক। এটা শুনে আমার স্বামী বললেন, আমাকে ছাড়লে হবে না, আমার সঙ্গে যারা আছে, তাদেরও তোমাদের ছাড়তে হবে। কিন্তু ওরা কিছুতেই সেটা মানল না।
তারপর ওই বিহারিরা আমাকে আমাদের বেডরুমটায় ঢুকিয়ে দিল। তার পাশে আরেকটা রুম ছিল। সেই রুমে তখন সব পুরুষকে তারা এক এক করে ঢোকাতে লাগল। তারপর অনেকক্ষণ হয়ে গেছে—বারোটা, সাড়ে বারোটা এই রকম হবে মনে হলো। আমার কাছে ঘড়ি ছিল না। এ সময় একটা লোক আমার ঘরের দরজা খুলল। তখনো বুঝি নাই যে আমার স্বামী বেঁচে নাই। ওই লোকটার সঙ্গে ঘর থেকে বেরোলাম। দেখি, খাবার ঘর থেকে শুরু করে ড্রয়িং রুম পর্যন্ত রক্তের বন্যা বইছে। আমার বাসায় সেদিন ১১ জন পুরুষ ছিল। সেই ১১ জনকেই বিহারিরা হত্যা করে। আর আমি মুক্ত হওয়ার পর দৌড়ে ওয়ারিশ সাহেবের বাসায় গেলাম।
সন্ধ্যার পর ওয়ারিশ সাহেব তাঁর স্ত্রীকে বললেন, মিসেস চৌধুরীকে মানে আমাকে খুঁজতে এসেছে ওরা, মানে ওই বিহারিরা। ওয়ারিশ সাহেব বললেন, মিসেস চৌধুরী হায়ার পুলিশ অফিসারের মেয়ে। সেটা তারা কীভাবে যেন শুনেছে। এখন তারা বলাবলি করছে, ওই পুলিশ অফিসার তাদের কিছু করবে। তারা ভেবেছে উনি তার বাবাকে দিয়ে কিছু একটা করাবেন। এটা বুঝতে পেরে ওরা আবার এসেছে তাকে শেষ করতে। ওরা বলছে, ওনাকেও শেষ করতে হবে। ওয়ারিশ সাহেব ও তাঁর স্ত্রী আমাকে নানা কায়দায় এপ্রিল মাসের ৮ তারিখ পর্যন্ত তাঁদের বাসায় লুকিয়ে রাখেন। তারপর তাঁরা আমাকে অন্যত্র নিরাপদ এক বাসায় রেখে আসেন। সে আরেক কাহিনি। এপ্রিলের ২১ তারিখে আমি ঢাকায় আসি।
সংক্ষেপিত