তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তানে যেমন
জাতীয় ও প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানে শিগগিরই আসছে তত্ত্বাবধায়ক সরকার। এই সরকারের অধীনেই দেশটিতে পরবর্তী সাধারণ নির্বাচন হবে। ১৬ মার্চ মেয়াদ শেষ হওয়ার কারণে বিলুপ্ত হয়ে যাবে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের মেয়াদ। শুধু পাঞ্জাব আইন পরিষদের মেয়াদ শেষ হবে ১৮ মার্চ। তবে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) মধ্যে একই দিন, অর্থাৎ ১৬ মার্চ সব প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার ব্যাপারে মতৈক্য হয়েছে। এখন প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা মিলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন করবেন। জাতীয় পরিষদ বিলুপ্ত হওয়ার তিন দিনের মধ্যে তাঁরা মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হলে উভয় পক্ষ দ্বিপক্ষীয় একটি সংসদীয় কমিটির কাছে সরকারপ্রধান হিসেবে দুজনের নাম প্রস্তাব করবেন। ওই কমিটি তিন দিনের মধ্যে একজনকে সরকারপ্রধান মনোনীত করবে। চার সদস্যের এই কমিটিও যদি গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের ওপর দায়িত্ব বর্তাবে। তিনি দুই দিনের মধ্যে প্রস্তাবিত নাম থেকে একজনকে চূড়ান্ত মনোনয়ন দেবেন। প্রধান বিরোধী দল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএলের (নওয়াজ) পক্ষ থেকে সমপ্রতি বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে একজনকে মনোনীত করতে তারা সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। ওই তালিকায় এখন তিনজনের নাম রয়েছে। এর মধ্যে দুজন হলেন অবসর নেওয়া বিচারক। আরেকজন সিন্ধু প্রদেশের একজন জ্যেষ্ঠ রাজনীতিক। এ ব্যাপারে পিএমএলের (নওয়াজ) জ্যেষ্ঠ নেতা চৌধুরী নিসার আলী খান জানিয়েছেন, চার মাস ধরে সব বিরোধী দলের সঙ্গে শলাপরামর্শ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তাঁরা বিচারপতি নাসির আসলাম জাহিদ, বিচারপতি শাকিরউল্লাহ জান ও সিন্ধু প্রদেশের আওয়ামী তেহরিকের প্রধান রসুল বখশ পালেজোর নাম ঠিক করেছেন। বিরোধী দলগুলোর মধ্যে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের সঙ্গে সরাসরি আলোচনা করেনি পিএমএল। ইমরান খান নওয়াজ শরিফের দলের কট্টর সমালোচক। এ জন্যই তাঁর সঙ্গে সরাসরি আলোচনা এড়িয়ে গেছে পিএমএল। চৌধুরী নিসার আলী খান জানান, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এর মধ্যে পিপিপির সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। তালিকা হস্তান্তরের কাজও শেষ। পিপিপির সঙ্গে এ নিয়ে তাঁদের কোনো বিরোধ দেখা দেবে না বলেই আশা করছেন তাঁরা। শরিফুল ইসলাম ভূঁইয়া