তথ্য অধিকার আইন বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে তথ্য জানার অধিকার দিবস গত ২৮ সেপ্টেম্বর উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। সভায় বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়নের দাবি জানান। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাঙামাটি: গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা প্রশাসন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি যৌথভাবে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালন করে।
এ উপলক্ষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা রোধে তথ্য জানার অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার বিকল্প নেই। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা শাহজাহান, সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আলো রাণী আইচ, জেলা পরিসংখ্যান বিভাগের উপপরিচালক মো. ইমদাদুল হক, চেম্বার অব কমার্সের সভাপতি মো. আবুল কাশেম প্রমুখ।
মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রোববার সকালে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদ্যাপিত হয়। এ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট, কোডেক ও রিক।
শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের। আলোচনা সভায় আরও বক্তব্য দেন নুরুল আমিন, এম আজিজুর রহমান, সরওয়ার আজম, মকবুল আহাম্মদ প্রমুখ।