তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পাইলট সিটি হচ্ছে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বন্দর, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক সম্ভাবনার বিষয়টি বিবেচনায় রেখে এবং তথ্য প্রযুক্তি বিষয়ে তরুণ সমাজের আগ্রহ দেখে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের মুম্বাই ও বাংলাদেশের মধ্যে চট্টগ্রামকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পাইলট সিটি হিসেবে বেছে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন মিলনায়তনে ‘চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশ’ শীর্ষক সংলাপে চিটাগং রিসার্চ ইনিসিয়েটিভের (সিআরআই) সমন্বয়ক হোসেন জিল্লুর রহমান এ তথ্য জানান। সিআরআই এ সংলাপের আয়োজন করে।হোসেন জিল্লুর চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশে কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার কথা বলেন। এগুলো হলো: তথ্যপ্রযুক্তির চাহিদা ও জোগানের বাস্তবতার ওপর গবেষণা পরিচালনা করা, একটি মধ্যমেয়াদি কর্ম পরিকল্পনা তৈরি, পরিকল্পনা বাস্তবায়নে একটি প্ল্যাটফরম নির্মাণ এবং চট্টগ্রামে একটি আইসিটি রিসোর্ট সেন্টার স্থাপন।সংলাপে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বক্তব্য দেন বিশ্ব ব্যাংকের নগর উন্নয়ন এবং স্থানীয় সরকার ইউনিটের তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষজ্ঞ বাইং উন লি, অর্থনীতিবিদ হাইংও গুন ওয়াং, কোরিয়ান রিসার্চ ইনস্টিটিউটের সহকারী পরিচালক স্যাং কিউন লি ও সহকারী রিসার্চ ফেলো হিইউন ইউ প্রমুখ।আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর রেখা আলম চৌধুরী, প্ল্যান ফর চিটাগংয়ের সভাপতি প্রকৌশলী আলী আশরাফ, চট্টগ্রাম চেম্বারের সাবেক সহসভাপতি মঞ্জুরুল আমিন চৌধুরী, মঈনুল ইসলাম মাহমুদ প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। নিজস্ব প্রতিবেদক