তথ্য গোপন করে চাকরি, শেষ রক্ষা হলো না
এক বছর আগে তথ্য গোপন রেখে খাগড়াছড়ি জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগ নিয়োগ পেয়েছিলেন দুই কর্মচারী। বছর খানেক নির্বিঘ্নে চাকরিও করেছেন তাঁরা। তবে শেষ রক্ষা হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর দুই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান চাইথোঅং মারমা জানান, স্বাস্থ্য বিভাগের কর্মচারী নিয়োগের অনিয়ম খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে ও এক কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে।
নিয়োগ কমিটির সদস্যসচিব ও খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন (বর্তমানে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক) নারায়ণ চন্দ্র দাস জানান, ২০১৪ সালের ২ মার্চ স্বাস্থ্য বিভাগের ফার্মসিস্ট পদে উদয়ন চাকমা ও সুমন চাকমাকে নিয়োগ দেওয়া হয়। তথ্য গোপন ও নিয়োগসংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করে দুই ব্যক্তি নিয়োগ পান। বিষয়টি জানাজানি হওয়ার পর তদন্ত কমিটি গঠন করে এর সত্যতা পাওয়া যায়। তদন্তে প্রমাণিত হয়, নিয়োগের সময় উদয়ন চাকমা সংশ্লিষ্ট বিভাগীয় পরীক্ষা পাসের সার্টিফিকেট দাখিল করেননি। আর সুমন চাকমা বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছেন চাকরিতে নিয়োগ পাওয়ার এক মাস পর ২০১৪ সালের এপ্রিলে।
বাছাই ও নিয়োগ কমিটির বিশেষ সভায় উদয়ন চাকমার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, সুমন চাকমাকে চাকরি থেকে বরখাস্ত ও ইতিমধ্যে উত্তোলনকৃত বেতন–ভাতা ফেরত নেওয়াসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
নিয়োগ ও বাছাই–প্রক্রিয়ায় দায়িত্ব অবহেলা ও গাফিলতির কারণে সিভিল সার্জন কার্যালয়ে প্রেষণের নিয়োজিত প্রধান সহকারী ও হিসাবরক্ষক কালী রতন চাকমাকে দোষী সাব্যস্ত করে শাস্তিমূলক বদলি ও একই কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জাহেদ হোসেনকে সতর্ক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
নিয়োগে ভুলভ্রান্তি প্রসঙ্গে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক বীর কিশোর চাকমা বলেন, পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগগুলোর তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের উপযুক্ত কর্তৃপক্ষ হলো পার্বত্য জেলা পরিষদ। তবে নিয়োগসংক্রান্ত দাপ্তরিক কার্যাদি করে থাকে সংশ্লিষ্ট বিভাগ। নিয়োগের আবেদনপত্রের প্রাথমিক বাছাই, প্রবেশপত্র প্রদান, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, চূড়ান্ত নিয়োগের পর সিভিল সার্জন কর্তৃক মেডিকেল সার্টিফিকেট পরীক্ষা এবং নিয়োগের পর উপজেলা পর্যায়ে যোগদানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সার্টিফিকেট পরীক্ষা করার বিধান আছে। এতগুলো ধাপ অতিক্রম করে কীভাবে এই দুই কর্মচারী এক বছর ধরে চাকরি করেছেন, সেটাই বিস্ময়ের।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, উদয়ন চাকমার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা, সুমন চাকমার বিরুদ্ধে যথাযথ আইন ও বিধির আলোকে বরখাস্তসহ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া, নিয়োগ–প্রক্রিয়ায় দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণে কালী রতন চাকমাকে শাস্তিমূলক বদলি, প্রশাসনিক কর্মকর্তা জাহেদ হোসেনকে সতর্ক করে দেওয়ার সুপারিশ করা হয়েছে।