তথ্য জানার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাইরে পড়ার আগ্রহ অনেক শিক্ষার্থীর থাকে। আর দেশটা যদি হয় মার্কিন যুক্তরাষ্ট্র, তবে আগ্রহের মাত্রা হয় স্বাভাবিকভাবেই একটু বেশি। ২৩ মার্চ রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে বসেছিল ‘অ্যানুয়্যাল এডুকেশন ইউনিভার্সিটি ফেয়ার-২০১৩’। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা, লুথার কলেজ, এমপোরিয়া স্টেট ইউনিভার্সিটিসহ মোট আটটি প্রতিষ্ঠান এই আয়োজনে অংশ নেয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে আয়োজনটি চলে বিকেল পাঁচটা পর্যন্ত।যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার ব্যাপারে যাবতীয় তথ্য জানার এ ছিল এক সুবর্ণ সুযোগ। তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে দল বেঁধে শিক্ষার্থীরা এসেছেন, পেয়েছেন নানা জিজ্ঞাসার উত্তর। যেমনটা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহুল দেবনাথ। ‘যুক্তরাষ্ট্রে পড়ার ইচ্ছা আমার বহু দিনের। ইন্টারনেটে এ-সংক্রান্ত অনেক তথ্য পেয়েছি। কিন্তু সব বিষয় পরিষ্কার ছিল না। এখানে সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে অনেক কিছু জানলাম।’রাহুলের মতো অর্ক, পুষ্পিতা, অয়ন, তপন, মৌমিতা, বিন্তি, এষা ও মিনহাজ এখানে এসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে ভর্তিবিষয়ক তথ্য সংগ্রহ করেন। এ ছাড়া ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই, আবেদনপত্র লেখার নিয়ম, আবেদনপত্রের বিষয়, রচনা লেখা প্রভৃতির ওপর যেসব সেমিনার ছিল, সেসব সেমিনারেও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।এই শিক্ষামেলায় উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি বলেন, ‘বাংলাদেশি শিক্ষার্থীরা অনেক মেধাবী। শিক্ষাক্ষেত্রে তাঁদের কৃতিত্বই যুক্তরাষ্ট্রকে আরও বেশি পরিমাণে বাংলাদেশি শিক্ষার্থী নিতে আগ্রহী করেছে।’ আয়োজনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে তিনি বললেন, ‘যুক্তরাষ্ট্রের বেশ কতগুলো ভালো বিশ্ববিদ্যালয় আজ এখানে উপস্থিত। শিক্ষার্থীরা যেকোনো ধরনের তথ্য বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি জানতে পারবেন।’বিশ্ববিদ্যালয় তো অনেক আছে। আপনি পড়তে চান কোনটিতে, সেটা বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার বলে মনে করেন ইউনিভার্সিটি অব মিনেসোটার প্রতিনিধি অড্রে গরলিক। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিসর কেমন হবে, সেই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির সঙ্গে আপনি তাল মেলাতে পারবেন কি না এবং সেই বিশ্ববিদ্যালয় অঞ্চলের আবহাওয়া আপনার জন্য উপযুক্ত হবে কি না—এসব বিবেচনা করেই বিশ্ববিদ্যালয় বাছাই করা উচিত।’এসব তথ্যের বাইরেও যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার ব্যাপারে যেকোনো তথ্য জানতে চাইলে আমেরিকান সেন্টার থেকে তা সংগ্রহ করা যাবে বলে জানা গেল আয়োজকদের তাছ থেকে থেকে।