‘জানব, জানাব, দুর্নীতি রুখব’ স্লোগান সামনে রেখে টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী তথ্য মেলা ও দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক উৎসব। ৯ ও ১০ ডিসেম্বর পটিয়া ক্লাব মুক্ত মঞ্চে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত চলে মেলা ও উৎসব। তথ্য জানার অধিকার ও তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ জনগণকে জানানোর লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৫টি কার্যালয় মেলায় অংশ নেয়। ৯ ডিসেম্বর বেলা তিনটায় দুর্নীতিবিরোধী শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার মেয়র হারুনুর রশিদ। সনাক সভাপতি কবি শেখর নাথের সভাপতিত্বে ও টিআইবি এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ নেছারুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন ও উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য সাংবাদিক আবদুর রাজ্জাক।আলোচনায় অংশ নেন দুর্নীতি প্রতিরোধ কমিটি পটিয়ার সভাপতি কে আখতার, সাংবাদিক নুরুল ইসলাম, হারুন অর রশিদ ছিদ্দিকী প্রমুখ। বক্তারা বলেন, টিআইবি-সনাকের প্রতিবছরের তথ্য মেলার আয়োজন মানুষকে তথ্য জানার অধিকার সম্পর্কে সচেতন করবে। আর তথ্য জানলে মানুষ দুর্নীতির শিকার কম হবে।অনুষ্ঠানে টিআইবির গণ-নাট্যদলের পরিবেশনায় দুর্নীতিবিরোধী নাটক আর কত দিন এবং সংসদীয় ও আঞ্চলিক বিতর্ক সবার প্রশংসা অর্জন করে। ১০ ডিসেম্বর সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সাংসদ সামশুল হক চৌধুরী। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সনাক দেশব্যাপী যে সামাজিক আন্দোলন করে যাচ্ছে তা একদিন দেশে সুফল বয়ে আনবে। সমাপনী অনুষ্ঠানে শিক্ষাবিদ আবদুল আলিম, মুক্তিযোদ্ধা সংসদ পটিয়া ইউনিটের কমান্ডার সামশুদ্দিন আহমদ, টিআইবির সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক শামীম আক্তার জাহান আলোচনায় অংশ নেন।পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।