সম্প্রতি যে কয়েকটি বিষয় নিয়ে চারদিকে বেশ আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম ডিজিটাল বাংলাদেশ। বিশ্বায়নের প্রভাব, সামাজিক কিংবা রাজনৈতিক, যে কারণেই হোক, বর্তমানে যথেষ্ট গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে শব্দ দুটি। শহরের উচ্চশিক্ষিত থেকে শুরু করে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর নানা স্তরের লোকজন নানা অনুষ্ঠানে তুলে ধরছেন ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং এর সম্ভাবনাময় দিকগুলোর কথা। এ রকম ডিজিটাল বাংলাদেশের রূপরেখা তুলে ধরার লক্ষ্যে ২৪-২৬ মে চট্টগ্রামের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী তথ্যপ্রযুক্তি মেলা। মেলায় প্রথম দিনের আয়োজন বৃষ্টির কারণে অনেকটা অগোছালো থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিন ছিল বেশ গোছালো ও জমজমাট। মেলার আয়োজক জয়নাল আবেদীন জানান, তথ্যপ্রযুক্তির ছোঁয়া সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাঁরা এ মেলার আয়োজন করেছেন। তিনি বলেন, ‘সংযুক্তির এ যুগে কেবল শিক্ষার্থী নন, সবার জন্য তথ্যপ্রযুক্তি এখন একটি মৌলিক অধিকারের পর্যায়ে চলে যাচ্ছে।’মেলার দ্বিতীয় দিন কথা হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা শারমিনের সঙ্গে। বললেন, ‘আমার পেনড্রাইভটা হারিয়ে গেছে। বিশেষ ছাড়ে পেনড্রাইভ বিক্রি হচ্ছে জেনে মেলায় এলাম বন্ধুদের সঙ্গে।’ তাঁর মতো অনেক শিক্ষার্থীকে দেখা গেল মেলায় ঘোরাঘুরির পাশাপাশি কিনছেন পছন্দের পণ্য। যেমনটি পটিয়া সরকারি কলেজের ছাত্র রিপন চৌধুরী এসেছিলেন কম্পিউটার কিনতে। তিনি জানালেন, ‘মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ ছাড় দিচ্ছে। এতে কিছুটা কমদামে কম্পিউটারও পাওয়া যায়।’ মেলায় সিটিসেল জুম আল্ট্রার স্টলের বিক্রেতা আরিফুল হক বলেন, ‘ভালোই সাড়া পাচ্ছি।’ জুম আল্ট্রার সঙ্গে একটি টিশার্ট এবং একটি এন্টি ভাইরাসের সিডি উপহার দেওয়া হচ্ছিল গ্রাহকদের। প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি বুথ স্থাপন করে ‘সাড়া দাও বাংলাদেশ’ সংগঠনটি। এরই একজন সুমন কান্তি নাথ বলেন, ‘‘আমাদের মূল স্লোগান ‘সুন্দরবনকে চিনবে বিশ্ব’, একাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।” মেলায় আগতদের কেউই ভুল করেননি সুন্দরবনের পক্ষে ভোট দিতে। অনেকে মনে করেন সুন্দরবনের পক্ষে যত বেশি প্রচারণা হবে ততই জয় সুনিশ্চিত হবে। এবারই প্রথম চট্টগ্রামের কোনো মেলায় অংশ নেয় ফ্রেন্ডস কমিউনিকেশন। একজন বিক্রেতা বলেন, ‘বিক্রি ভালোই হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা পছন্দের পণ্যটি যাচাই করে নিচ্ছেন।’ মেলায় তাঁদের স্টলে ২১-৬৫ হাজার টাকায় বিভিন্ন মানের ল্যাপটপ বিক্রি হয়েছে। এ ছাড়াও, মেলায় নেক্সটেল এনেছিল নিজস্ব নোটবুক। দাম ২৩ হাজার টাকা। আসুসের ইউ ২০ এ এসইড ৩৫০০-এর দাম ছিল ৬৬ হাজার ৪০০ টাকা। মেলায় বাংলা লায়নের প্যাভিলিয়নে দেখা গেছে, অনেক তরুণ-তরুণী তারহীন ইন্টারনেট ব্যবহার করছেন। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়া চৌধুরী বলেন, ‘বড় পরিসরে ইন্টারনেট ব্যবহার করে ভালো লাগছে। ওয়াই ম্যাক্স প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে যাব।’ মেলায় আসা অনেক শিক্ষার্থী মনে করেন, সংযুক্তির এ যুগে নতুন প্রজন্মের হাতে তথ্যপ্রযুক্তির ছোঁয়া পৌঁছে দিতে পারলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন সার্থক হবে। এখন দরকার নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য তাদের তথ্যের মহাসড়কে তুলে দেওয়া। তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে লাইট হাউস অ্যাডভার্টাইজিং। সহযোগী ছিল শাহ বাহাদুর লাইন্স, ফ্রেন্ডস কমিউনিকেশন এবং ই-স্ক্যান।