তথ্যপ্রযুক্তিতে এগিয়ে আসছে কক্সবাজারের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছেন লাভলী আক্তার (২০)। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁকে কম্পিউটার নিয়েই থাকতে হয়। স্বাস্থ্যকেন্দ্রের পুরো হিসাব তাঁকেই সামলাতে হয়। লাভলী আক্তার জানান, কম্পিউটার প্রশিক্ষণ না থাকলে এ ধরনের একটি চাকরি জোগাড় করা কঠিন হতো তাঁর পক্ষে। এখন ঝামেলামুক্ত পরিবেশে চাকরির পাশাপাশি ভালোভাবে সময়টাও কাটছে। একটি মুঠোফোন কোম্পানির স্থানীয় কার্যালয়ে কাজ করেন কলেজছাত্রী শবনম মোস্তারী চৌধুরী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অধিকাংশ কাজ তাঁকে কম্পিউটারে সারতে হচ্ছে। শবনমেরও একই কথা। মেয়েদের জন্য এর চেয়ে নিরাপদ চাকরি আর হয় না। কক্সবাজার শহরের এ রকম বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন ছেলেদের পাশাপাশি শবনম ও লাভলীর মতো অনেক নারী। নিজের মেধা কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তিতে বড় একটা জায়গা করে নিচ্ছেন তাঁরা। কিন্তু দুই বছর আগেও এ রকম পরিস্থিতির কথা ভাবা যেত না। বর্তমানে অনেক মেয়ে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হচ্ছেন। কক্সবাজারে সমাজসেবা অধিদপ্তর ছেলেমেয়েদের কম্পিউার প্রশিক্ষণ দিচ্ছে। ২০০৪ সালের ৫ আগস্ট সমাজসেবা কার্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়। এ কার্যালয় থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন দুই হাজার ৩৪৫ জন। এর মধ্যে মেয়ের সংখ্যা ৯১৮ জন। সর্বশেষ গত ২৮ মার্চ ২৪তম ব্যাচে ১৩৭ জনকে তিন মাসের প্রশিক্ষণের জন্য ভর্তি করা হয়। ১৪০ জনের বিপরীতে প্রশিক্ষণের জন্য আবেদনপত্র জমা পড়ে প্রায় দুই হাজার। এর মধ্যে বেশির ভাগই মেয়ে শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি মেয়েরা তথ্যপ্রযুক্তিতে স্বাবলম্বী হতে আগ্রহী।সমাজসেবা কার্যালয়ের কম্পিউটার প্রশিক্ষক পিন্টু দত্ত জানান, ২৮টি কম্পিউটারের মাধ্যমে দৈনিক চারটি ব্যাচে ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমানে প্রশিক্ষণার্থীর সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। এর উল্লেখযোগ্য অংশ মেয়ে। এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর অনেক মেয়ে কর্মক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন। বর্তমান ব্যাচে অংশ নেওয়া ১৩৭ জনের মধ্যে ৬৭ জন মেয়ে। সমাজসেবা কার্যালয়ে কম্পিউার প্রশিক্ষণ চলে দুই পালায়। এর মধ্যে একটি পালায় এসএসসি থেকে শুরু করে যেকোনো পর্যায়ের শিক্ষার্থীর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। এ পালায় প্রশিক্ষণ চলে সপ্তাহে ছয় দিন। দ্বিতীয় পালায় কর্মজীবীদের জন্য। এটি চলে সপ্তাহে দুই দিন—শুক্র ও শনিবার। ছয় দিনের কোর্সে ভর্তি ফি এক হাজার ৩০০ টাকা। আর কর্মজীবীদের দুই দিনের দেড় মাসের কোর্স ফি ৬০০ টাকা। এ ছাড়াও শহরের বিভিন্ন স্থানে বেসরকারি কিছু কেন্দ্রেও বিভিন্ন মেয়াদে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে। শহরের টেকপাড়ার কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের একমি আইটি সেন্টারের ব্যবস্থাপক সঞ্জয় কর্মকার জানান, ২০০১ সালে কেন্দ্রটি চালুর পর মেয়েদের সংখ্যা ছিল খুব কম। আর এখন মেয়েদের সংখ্যা ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে।