তথ্যপ্রযুক্তির জমজমাট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দূর থেকে উৎসব প্রাঙ্গণে এসেছিল একদল কলেজ শিক্ষার্থী। এসেই তারা গেম খেলতে বসে গেল। কেন এসেছে জানতেই সমস্বরে তারা জানাল, তথ্যপ্রযুক্তি উৎসবে সফটওয়্যার প্রদর্শনী দেখতে আর গেম প্রতিযোগিতায় অংশ নিতেই সব বন্ধু মিলে এসেছে। এমনই উৎসাহ আর উদ্দীপনা ছিল দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তথ্যপ্রযুক্তি উৎসব। নানা আয়োজনের মধ্য দিয়ে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত চলে এ উৎসবে। ‘বি ডিজিটাল’ স্লোগানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই) ও সিএসই অ্যাসোসিয়েশন। উৎসবে উত্তরাঞ্চলে তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং কার্যক্রমে তথ্যপ্রযুক্তি—এমন বিষয়ে অনুষ্ঠিত হয় সেমিনার। উৎসবে ছিল গেম প্রতিযোগিতা, সফটওয়্যার প্রদর্শনী, মুক্ত সফটওয়্যার কর্মশালা। উৎসবের আহ্বায়ক সিএসই অনুষদের ডিন রুহুল আমিন বলেন, ‘উৎসবের মাধ্যমে আমরা তথ্যপ্রযুক্তির নানা বিষয় তুলে ধরতে চেয়েছি, যেখানে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।’ তিনি জানান, সব মিলিয়ে সফল হয়েছে এবারের উৎসব।এবারের উৎসবে অনুষ্ঠিত হয় আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের ৩৩টি দল অংশ নিয়েছে বলে জানান প্রোগ্রামিং প্রতিযোগিতার আহ্বায়ক কমিটির সদস্য আশিষ কুমার মণ্ডল। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিফ এজাজ জানান, যত বেশি প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেওয়া যায় ততই ভালো। তাই এ উৎসবেও প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অর্জন করে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে স্টেট ইউনিভার্সিটি ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি। উৎসবের তিন দিনই ছিল বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রদর্শনী। এতে মেডিকেল এক্সপার্ট পদ্ধতি, সিজিপিএ ফলাফল প্রক্রিয়াপদ্ধতি, ওয়েবসাইট-ভিত্তিক গ্রন্থাগার ব্যবস্থাপনা, গাণিতিক ক্যালকুলেটর, ভার্চুয়াল হাবিপ্রবি, আইপি ঠিকানা খুঁজে বের করা, দোকান ব্যবস্থাপনাসহ বিভিন্ন সফটওয়্যার প্রদর্শন করা হয়। সফটওয়্যার প্রদর্শনী উপকমিটির সদস্য আদিবা মাহজাবিন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি নানা ধরনের সফটওয়্যার প্রদর্শনীর জন্য এই সফটওয়্যার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরাও যে ভালো সফটওয়্যার তৈরি করতে পারে, তাই-ই তুলে ধরা ছিল এর উদ্দেশ্য। উৎসবে আরও ছিল ডিজিটাল মেলা। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা নিজের তৈরি বিভিন্ন জিনিস ছাড়াও বিভিন্ন প্রযুক্তি-প্রতিষ্ঠান তাদের প্রযুক্তিপণ্য প্রদর্শন করে। ছিল চাকরির ওয়েবসাইট প্রথম আলো জবস ডট কমের স্টল, যেখানে সংগ্রহ করা হয় শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত। এ ছাড়া উৎসবে প্রথম আলো জবসের সৌজন্যে অনুষ্ঠিত হয় তিন পর্বের তথ্যপ্রযুক্তি কুইজ প্রতিযোগিতা। উৎসবের দ্বিতীয় দিন ছিল হাবিপ্রবি ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে ওয়েবসাইট তৈরির জনপ্রিয় সফটওয়্যার জুমলা কর্মশালা। এ কর্মশালায় অংশ নিয়ে শিক্ষার্থী রিয়াদ বলেন, ‘জুমলা নিয়ে অনেক শুনেছি এবং চেষ্টা করেছি কিছু কাজ করার। কর্মশালায় এসে অনেক কিছু শিখেছি। কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জুমলার বিভিন্ন বিষয় সম্পর্কে শেখানো হয়।’ কর্মশালায় উপকমিটির সদস্য সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন জানান, বর্তমান সময়ে ওয়েবসাইট তৈরির জন্য মুক্ত সফটওয়্যার জুমলার বিকল্প নেই। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় শিক্ষার্থীদের জুমলা সম্পর্কে ভালো একটি ধারণা দিতেই এই গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি পরিচালনা করেন ফেরদৌস আহমেদ। সিএসই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তানভীর সিদ্দিকী বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় আর তাদের কাছে নিজেদের নানা বিষয় তুলে ধরতে উৎসবে ছিল বেশ কিছু আয়োজন।’ এ আয়োজনের মূল পৃষ্ঠপোষক ছিল গ্রামীণফোন। সহপৃষ্ঠপোষক ছিল ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। সহযোগিতা করেছে প্রথম আলো। বিশেষ কৃতজ্ঞতা প্রথম আলো জবস ডট কম, এসার ও বিডিওএসএন। অনলাইন রেডিও অংশীদার রেডিও বিজয়।