সিআইইউ আয়োজিত রোবটিক্স–বিষয়ক কর্মশালায় বক্তারা
তথ্যপ্রযুক্তির নতুন ক্ষেত্রগুলোতে তরুণদের বিচরণ বাড়াতে হবে
তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে দেশ। বিভিন্ন ক্ষেত্রে দেশের িশক্ষার্থীরা সফলতার পরিচয় দিচ্ছেন। এর ধারাবাহিকতায় আরও নতুন ক্ষেত্র বেছে নিতে হবে। তথ্যপ্রযুক্তির নতুন ক্ষেত্রগুলোতে তরুণদের বিচরণ বাড়াতে হবে।
নগরের চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (সিআইইউ) আয়োজিত রোবটিকস–বিষয়ক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। রোবট নির্মাণপ্রযুক্তিতে তরুণদের উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ও প্রশিক্ষণ–বিষয়ক প্রতিষ্ঠান আলফা বাইট টেকনোলজির যৌথ উদ্যোগে সম্প্রতি এ কর্মশালার আয়োজন করে। এতে প্রশিক্ষক ছিলেন আলফা বাইট টেকনোলজির পরিচালক মো. রাকিবুল হাসান রাজু মিয়াজী।
নগরের আসকারদীঘির পাড়ের লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত এই কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে রোবট তৈরির প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন প্রশিক্ষক।
কর্মশালায় সমাপনী বক্তব্য দেন সিআইইউর প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন এম নুরুজ্জামান। তিনি তথ্যপ্রযুক্তির অবিরাম পরিবর্তনের এই যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দিক সম্পর্কে জ্ঞান অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিআইইউর তড়িৎ প্রকৌশল বিভাগের সভাপতি রুবেল সেনগুপ্ত, ইলেকট্রনিক ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের সভাপতি এমরান হারুন, প্রভাষক গোলাপ কািন্ত দাস প্রমুখ। উপস্থিত ছিলেন আলফা বাইট টেকনোলজির পরিচালক ইসতিয়াক আহমেদ, রবিন মিয়াজী, রিফাত হোসেন, সদস্য এম এ হাসেম, ইমতিয়াজ, রাহাতুজ্জামান প্রমুখ। কর্মশালা শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।