তথ্যপ্রযুক্তির পাওয়া না পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জুন সংসদে উপস্থাপন করা হয় ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়া। আর তাই বাজেটে প্রযুক্তিপ্রেমীদের চোখ ছিল এ খাতে মোট বরাদ্দসহ তথ্যপ্রযুক্তির নানা দিকে। বাজেট বক্তৃতায় ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার কথা বলা হয়েছে।তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সংশ্লিষ্ট ব্যবসা খাত বলছে আইসিটির উন্নয়ন প্রস্তাবিত বাজেটে উপেক্ষিত।বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ‘গত অর্থবছরের পর থেকে টেলিফোন ও ইন্টারনেটের আওতা সম্প্রসারিত হয়েছে। মোবাইল ফোনে কথা বলার খরচ নেমে এসেছে ৩০ পয়সায়। প্রাপ্যতাসাপেক্ষে ঢাকার বাইরে ইন্টারনেট সেবা প্রদান করা হয়েছে। চূড়ান্ত পর্যায়ে আছে দ্বিতীয় সাবমেরিন কেব্ল নেটওয়ার্কে বাংলাদেশকে সংযুক্ত করা। এ অর্থবছরেই শেষ হচ্ছে সাত বিভাগের ৫৬টি জেলা ও ৫৭টি উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা প্রদানের অবকাঠামো নির্মাণের কাজ। ২০১২ সালের মধ্যে আমরা ই-কমার্স চালু করতে সক্ষম হব।’দেশের তথ্যপ্রযুক্তি খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রস্তাবিত বাজেট সম্পর্কে নিজেদের মতামত দিয়েছেন। সেসব নিয়েই এই আয়োজন। কর প্রত্যাহার জরুরিসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন বাংলাদেশকে ডিজিটাল করতে হলে অবশ্যই এ খাতের উন্নয়নে যথেষ্ট নজর দিতে হবে। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘আমি মনে করি, এবারই প্রথম ডিজিটাল বাংলাদেশের ওপর বাজেটে সুস্পষ্ট বক্তব্য এসেছে, যা প্রতিবছর দেওয়া উচিত। তবে তথ্যপ্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দিতে সরকারের বিশেষভাবে নজর দেওয়া উচিত ব্যবসায়ীদের দিকে। কারণ তারা যত কম দামে পণ্য সরবরাহ করতে পারবে ততই তা জনপ্রিয় হবে। তাই আমদানিকারক প্রতিষ্ঠানকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যেমন আগে ২২ ইঞ্চি পর্যন্ত মনিটর শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ থাকলেও এবারে পর্দার মাপ ১৯ ইঞ্চির বেশি হলে মনিটরে কর দিতে হবে।কিন্তু দেশের বাজারে চাহিদা বেশি ২০ থেকে ২২ ইঞ্চি মনিটরের। আর তাই যেহেতু তা আমদনি করতে ট্যাক্স দিতে হবে, সুতরাং কম্পিউটারের দামও বেড়ে যাবে।’ এ ছাড়া সরকার আমদনিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে অগ্রিম কর গ্রহণের মাধ্যমে ভুয়া আমদানিকারকও বন্ধ করতে পারে বলে তিনি জানান।চাই সাশ্রয়ী ইন্টারনেট ‘দেশের গ্রামে-গঞ্জে ইন্টারনেট সেবার মাধ্যমে গড়ে তোলা সম্ভব আধুনিক বাংলাদেশ। আর তাই ইন্টারনেট সেবা সারা দেশে পৌঁছে দিতে হবে। যার জন্য প্রয়োজন এ খাতকে করমুক্ত করা। প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট ব্যবহারের ওপর ভ্যাট কমানো হয়নি। এ দাবিটি ছিল সবার।আবার ফাইবার অপটিক কেবেলর ওপর কর বাড়িয়ে তিন থেকে ১৫ শতাংশ করা হয়েছে।’ বললেন আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আক্তারুজ্জামান। এই করের পরিমাণ আগের অবস্থায় রাখার দাবি জানান তিনি।আক্তারুজ্জামান বলেন, ‘ব্যবহূত ভিডিও ফোন সেটের ওপর থেকে আমদানি শুল্ক ল্যান্ড টেলিফোনের সমান করে সারা দেশে ভিডিও সম্মেলনকে জনপ্রিয় করে তুলতে হবে। তাই সর্বস্তরে ইন্টারনেট ও ডেটা সার্ভিসের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করতে হবে।’শিক্ষায় দরকার প্রযুক্তির ছোঁয়াবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘সারা দেশের স্কুল-কলেজগুলোতে কম্পিউটার দ্রুত সরবরাহ করা উচিত। এর মাধ্যমে গ্রামের শিক্ষার্থীরাও এগিয়ে আসবে। শিক্ষার ব্যবধানও কমে আসবে গ্রাম-শহরের মধ্যে। আমাদের ছেলেমেয়েদের মধ্যে প্রচুর মেধাবী আছে, তাদের সুযোগ করে দিতে হবে বিজ্ঞান ও প্রযুক্তির নানা খাতে। বিদেশ থেকে লোক না এনে এসব মেধাবীকে কাজে উৎসাহ দিতে সরকারি ব্যবস্থা নিতে হবে। বাজেটে এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য থাকা দরকার ছিল।’আইসিটি-শিল্পের উন্নয়ন প্রয়োজনসামগ্রিক দিক থেকে ভালো হলেও প্রস্তাবিত বাজেটে আইসিটি-শিল্পের অবস্থা ঢিলেঢালা বলে মন্তব্য করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সংগঠনটির সভাপতি মাহবুুব জামান বলেন, ‘বাজেটে দীর্ঘ প্রতীক্ষিত সফটওয়্যার টেকনোলজি পার্কের ওপর কোনো নির্দিষ্ট বরাদ্দ নেই, যা খুবই হতাশাজনক। বিভিন্ন মন্ত্রণালয়ে ই-গভর্নেন্স কার্যক্রমের বাস্তবায়নেও সুনির্দিষ্ট কোনো বরাদ্দ রাখা হয়নি। এ ছাড়া সারা দেশের বিভাগীয় শহরগুলোতে টেকনোলজি পার্ক স্থাপন করার কথা বলা হলেও এখানে নির্দিষ্ট কোনো বরাদ্দ দেখানো হয়নি। বাড়ানো হয়েছে ইন্টারনেট ও ফাইবার অপটিক কেবেলর শুল্ক। সফটওয়্যার ও আইসিটি খাতের কর অবকাশ সুবিধা ২০১৮ সাল পর্যন্ত রাখা দরকার।’ তিনি আশা করেন, যেহেতু এটি প্রস্তাবিত বাজেট সুতরাং চূড়ান্ত বাজেট পাসের আগে সরকার এ দিকগুলোতে বিশেষ নজর দেবে।প্রযুক্তি পৌঁছে যাক গ্রামে-গঞ্জেআমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের পরিচালক রেজা সেলিম বলেন, ‘আমাদের উদ্দেশ্য গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবাও পৌঁছে দেওয়া। তবে বাজেটে তার কোনো লক্ষ্যমাত্রা বলা হয়নি। গ্রামে কোনো ছেলেমেয়ে সহজে ইন্টারনেট সেবা পাচ্ছে না। দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে শহর-গ্রামের দূরত্ব ঘোচানো সম্ভব। সাবমেরিন কেব্ল নেটওয়ার্ক থেকে পাওয়া ব্যান্ডউইডথের মাত্র ২০-২২ শতাংশ আমরা ব্যবহার করছি। বাকি প্রায় আশি ভাগ আমরা ব্যবহার করতে পারছি না সঠিক পরিকল্পনার অভাবে। যার মাধ্যমে গ্রামেও দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া সম্ভব। এর ওপর আবার বাজেটে ইন্টারনেটের ওপর শুল্ক বৃদ্ধি প্রযুক্তিকে পিছিয়ে দেবে।’ এ খাতে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিতে সরকারের প্রতি অনুরোধ করেন তিনি।সর্বস্তরে তথ্যপ্রযুক্তির ব্যবহারবাজেটের সার্বিক দিক পর্যালোচনা করে ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান জানান, ‘বাজেটে আমরা যদি শুধু তথ্যপ্রযুক্তির অংশটা না দেখে সার্বিকভাবে দেখি তাহলে অনেক স্থানেই তথ্যপ্রযুক্তি চোখে পড়ে। স্বাস্থ্য খাতে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, সব সরকারি হাসপাতালে টেলিমেডিসিন চালু, কৃষিতে ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন ইত্যাদি চোখেপড়ে। সেই সঙ্গে বিভিন্ন প্রযুক্তির ওপর ভ্যাট, যা অতিরিক্তভাবে বসানো হয়েছে সেসব তুলে দেওয়া উচিত। সেই সঙ্গে ইন্টানেটের ওপর নতুন ভ্যাটের কারণে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নিয়ে সংশয় দেখা দিতে পারে। তাই সরকারের এদিকে লক্ষ রেখেই বাজেট পাস করা উচিত।’