তথ্যপ্রযুক্তির সঙ্গে নিজেকে যুক্ত করা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবস্ ও এবিসি রেডিওর নিয়মিত আয়োজন ‘প্রথম আলো জবস্ হতে চাই, পেতে চাই’ অনুষ্ঠানে এসেছিলেন রহিমআফরোজ গ্রুপের পরিচালন কর্মকর্তা ও মানবসম্পদ বিভাগের প্রধান আরিফ শাহরিয়ার। এবিসি স্টুডিওতে তিনি তুলে ধরলেন পেশা গঠনের বিভিন্ন দিক। ‘স্বপ্ন নিয়ে’র পাঠকদের জন্য নির্বাচিত অংশ।প্রশ্ন: কর্মজীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে সব সময় নিজেকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। একজন পেশাজীবী হিসেবে নিজেকে কীভাবে যুগোপযোগী করা সম্ভব হবে? উত্তর: যেকোনো বিভাগেই চাকরি করেন না কেন, আপনার উচিত হবে সংশ্লিষ্ট কোনো ওয়েবসাইট, ব্লগ ইত্যাদি থেকে নিয়মিত খবর নেওয়া এবং পেশাসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে পরিচয়ের ক্ষেত্র শক্তিশালী করে নেওয়া। এ ছাড়া কর্মসংস্থান সম্পর্কিত সেমিনার ও প্রশিক্ষণেও অংশগ্রহণ করে নিজেকে মেধাসম্পন্ন ও বুদ্ধিদীপ্ত কর্মচারী হিসেবে গড়ে তোলা যেতে পারে।প্রশ্ন: প্রায় সব ক্ষেত্রেই আমরা বিদেশি প্রযুক্তি আমদানির ওপর নির্ভরশীল। দেশের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রযুক্তি ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার কোনো পরিকল্পনা কি আপনাদের আছে? উত্তর: রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেড সব সময়ই এ ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। যদিও আমাদের এখনো প্রযুক্তি আমদানি করতে হচ্ছে কিন্তু প্রযুক্তির উন্নয়নের কাজগুলো করার জন্য আমরা সব সময়ই আমাদের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে যাচ্ছি।প্রশ্ন: আমাদের দেশের অনেক ছেলেমেয়ে দেশের বাইরে লেখাপড়া করতে যাচ্ছেন, তাঁরা সেখানে ভালো ফল করছেন। কিন্তু দেশে ভালো কাজের সুযোগের অভাবে আর দেশে ফিরে আসছেন না। কেন? উত্তর: এই প্রশ্নটির উত্তর আমি আমার নিজেকে দিয়েই দিতে চাই। আমি যুক্তরাষ্ট্রে পড়াশোনা সম্পন্ন করেছি এবং দেশের বাইরেও চাকরির অনেক সুযোগ পেয়েছি। কিন্তু দেশের জন্য কিছু করব প্রতিজ্ঞা থেকেই দেশে ফিরে আসি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, নিষ্ঠা ও আত্মপ্রত্যয় থাকলে মানুষ সুযোগ তৈরি করে নিতে পারে। আমি ছাড়াও আরও অনেকে আছেন, যাঁরা দেশকে ভালোবেসে কাজ করে যাচ্ছেন। তাঁরা প্রায় সবাই সফল হয়েছেন। এ ছাড়া আমাদের সবার উচিত দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের দেশীয় মেধাকে কাজে লাগানো। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উচিত এই কাজে এগিয়ে আসা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় সাধন করা। এতে করে এই ব্যাপারগুলো বা কাজের সুযোগজনিত সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি।প্রশ্ন: আমাদের মধ্যে অনেকেই প্রকৌশল অথবা অন্যান্য বিষয়ে লেখাপড়া করে পরবর্তী সময়ে বিষয় পরিবর্তন বা অন্য কোনো পেশায় চলে আসেন। এ বিষয়ে আপনার মত কী?উত্তর: প্রত্যেক মানুষেরই একটা উদ্দেশ্য থাকতে হবে এবং সেই উদ্দেশ্য অনুযায়ী একটা জীবন-পরিকল্পনা করা উচিত। আর এই জীবন-পরিকল্পনা বা লক্ষ্য বাস্তবায়নের জন্য আপনাকে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের অনেক শিক্ষার্থী তথাকথিত ভালো চাকরির আশায় অনেক সময় অন্য বিভাগে চলে যান, যা প্রায় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলে।প্রশ্ন: শিক্ষাজীবন শেষে সবাই একটি ভালো চাকরির জন্য বা ভালো বেতনের জন্য অপেক্ষা করতে থাকেন। তাঁদের জন্য আপনার পরামর্শ কী? উত্তর: আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কোনো চাকরিই ছোট নয়। আমি নিজেও একটি কম বেতনের চাকরি দিয়ে দেশে আমার পেশাজীবন শুরু করি। বর্তমানে আমি আমার পেশাজীবন নিয়ে সন্তুষ্ট আছি। তাই নতুনদের কাছে আমার অনুরোধ থাকবে, তাঁরা যেন পেশাজীবনের শুরুতে টাকার চেয়ে কাজ শেখার সুযোগটিকে বেশি গুরুত্ব দেন।প্রশ্ন: অনেক প্রতিষ্ঠান কর্মকর্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এর গুরুত্ব কতটুকু? উত্তর: রহিমআফরোজসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এবং এই প্রশিক্ষণের উদ্দেশ্যই থাকে পেশাগত উত্কর্ষ বৃদ্ধি করা। এতে প্রতিষ্ঠান ও কর্মচারী দুই পক্ষের জন্যই লাভজনক হয়। প্রশ্ন: আপনার প্রতিষ্ঠানে নতুনদের কাজের কেমন সুযোগ রয়েছে?উত্তর: আমরা সব সময়ই নতুনদের গ্রহণ করতে প্রস্তুত। তবে কিছু কিছু পদ আছে যেখানে অভিজ্ঞতার অনেক প্রয়োজন হয়। বাংলাদেশ অনেক সম্ভাবনাময় একটি দেশ এবং আমার বিশ্বাস, নতুনদের নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। রহিমআফরোজের কাজের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খুব শিগগির ম্যানেজমেন্ট ট্রেইনি নামের পদের মাধ্যমে নতুনদের সুযোগ দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। অনুলিখন: বদরুজ্জামান চৌধুরী