তথ্যপ্রযুক্তির সেবায় স্বস্তি দ্বীপবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট মহেশখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সেবা নিচ্ছেন এলাকাবাসী l প্রথম আলো
ছোট মহেশখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সেবা নিচ্ছেন এলাকাবাসী l প্রথম আলো

মহেশখালীর মাতারবাড়ির মগডেইলের বাসিন্দা নুরুল আলম। আগে বিদ্যুৎ বিল দিতে যেতে হতো পাঁচ কিলোমিটার দূরের নতুন বাজার এলাকায়। রিকশাভাড়া বাবদ খরচ হতো আসা-যাওয়ায় ৮০ টাকা। তাও নানা বিপত্তি। অনেক সময় ব্যাংকে কাজের চাপ থাকলে নেওয়া হতো না বিল। ওই দিন ফিরে এসে আবার যেত হতো পরদিন।
নুরুল আলমের এখন সেই ভোগান্তি নেই। বাড়ি থেকে এক কিলোমিটার দূরের ইউনিয়ন পরিষদের ডিজিটাল কেন্দ্রেই দিচ্ছেন বিল। তাঁর মতো প্রতি মাসে প্রায় ৫০০ গ্রাহক মাতারবাড়ি ইউনিয়নের ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল দেন। সারা দেশের মতো মহেশখালীর আটটি ইউনিয়নেও গ্রামের মানুষকে তথ্যপ্রযুক্তির সেবা দিতে স্থাপন করা হয়েছে ১০টি ডিজিটাল কেন্দ্র। এসব কেন্দ্রে গত এক বছরে সেবা নিয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। কেন্দ্রগুলোতে রয়েছে ৬০ ধরনের সেবা। এর মধ্যে উল্লেখযোগ্য জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ প্রদান, সরকারি দপ্তরের ও অনলাইনে নিয়োগ পরীক্ষার অাবেদন ফরম পূরণ, ই–মেইল, ছবি তোলা, কম্পিউটার প্রশিক্ষণ ও কম্পোজ এবং এসএসসি, জেএসসি, পিএসসিসহ বিভিন্ন পরীক্ষার ফলাফল জানানো।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১১ নভেম্বর সারা দেশের মতো এ উপজেলার আটটি ইউনিয়নে ডিজিটাল কেন্দ্র (ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র) চালু করে। এসব কেন্দ্রে কম্পিউটার, ল্যাপটপ, স্ক্যানার, লেমিনেটিং, প্রজেক্টর, জেনারেটর, ইন্টারনেট মডেম, ডিজিটাল ক্যামেরা ও ফটোকপি মেশিন দেওয়া হয়। শুরুতে আট ইউনিয়নে আটটি ডিজিটাল কেন্দ্র চালু করা হলেও গত বছরের জুলাই থেকে মাতারবাড়ির নতুন বাজার ও বড় মহেশখালীর বাজার এলাকায় আরও দুটি কেন্দ্র বাড়ানো হয়।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় মাতারবাড়ি ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ বিল দেওয়ার জন্য গ্রাহকদের ভিড়। কয়েকজন এসেছেন ই–মেইল করতে। তাঁদের সেবা দিচ্ছেন ডিজিটাল কেন্দ্রের কর্মী মোহাম্মদ আলতাফ উদ্দিন।
এ সময় কথা হয় মগডেইল এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের সঙ্গে। তিনি বলেন, ‘আগে বিদেশে একটি পাসপোর্ট ই–মেইলের মাধ্যমে পাঠাতে ২০০ টাকা গাড়িভাড়া দিয়ে চকরিয়ায় যেতে হতো। এখন ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার চালু হওয়ার পর থেকে পাসপোর্টসহ বিভিন্ন কাগজপত্র ই–মেইলের মাধ্যমে সহজেই বিদেশে পাঠানো যাচ্ছে। এটা আমাদের জন্য বড় সুবিধা।’
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, শুরুতেই তথ্যপ্রযুক্তি ব্যবহার সম্পর্কে এলাকার লোকজন তেমন জানতেন না। পরে ধীরে ধীরে তথ্যপ্রযুক্তির বিষয়ে সচেতনতা সৃষ্টি হওয়ায় নানা ধরনের সেবা পেতে এলাকার লোকজন ডিজিটাল সেন্টারে গিয়ে ভিড় করছে।
সরেজমিনে ধলঘাট ইউনিয়নের ডিজিটাল কেন্দ্রে গিয়ে দেখা যায়, কম্পিউটার, জেনারেটর, ফটোস্ট্যাট ও স্ক্যানার মেশিন নেই। দুটি ল্যাপটপের মধ্যে একটি নষ্ট।
কেন্দ্রের পরিচালক গিয়াস উদ্দিন বলেন, একটি ল্যাপটপ দিয়ে জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি ১২ জন শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রতিদিন জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ প্রদান এবং সরকারি বিভিন্ন দপ্তরের ফরম পূরণ করা হয়। তিনি জানান, এই কেন্দ্রে কম্পিউটার ও জেনারেটর দিতে বেশ কয়েকবার চেয়ারম্যানকে বলা হয়েছে। এসব যন্ত্রপাতি পেলে আরও বেশি মানুষকে সেবা দেওয়া যেত।
এ প্রসঙ্গে ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, বরাদ্দ না থাকায় জেনারেটর দেওয়া হয়নি। ভবিষ্যতে বরাদ্দ এলে জেনারেটর দেওয়া হবে।
এদিকে হোয়ানক, বড় মহেশখালী, কুতুবজোম, বড় ও ছোট মহেশখালী, শাপলপুর এবং কালারমারছড়া ডিজিটাল কেন্দ্রে গিয়ে দেখা গেছে, এসব কেন্দ্রে সব ধরনের সেবা পাচ্ছেন স্থানীয় লোকজন।
হোয়ানক ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের পরিচালক মোহাম্মদ কাইছার উদ্দিন বলেন, প্রতি মাসে ৪০০ লোককে সেবা দেওয়া হচ্ছে। আর ২০১২ সাল থেকে এই পর্যন্ত ১০০ জন যুবককে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত এক বছরে মাতাবাড়ির দুটিতে ৯ হাজার ৪০০, ধলঘাটায় ১ হাজার ৮০০, হোয়নকে ৪ হাজার ৮০০, বড় মহেশখালীর দুটিতে ৫ হাজার ১০০, ছোট মহেশখালীতে ২ হাজার ২০০, কুতুবজোমে ৩ হাজার, শাপলাপুরে ২ হাজার ও কালারমারছড়ায় ১ হাজার ৮০০ জন সেবা নিয়েছেন।
এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেন, গ্রামেও দিন দিন বাড়ছে তথ্যপ্রযুক্তির ব্যবহার। ডিজিটাল কেন্দ্রে আসছেন মানুষ। এ ছাড়া আটটি ইউনিয়নের ১০টি ডিজিটাল কেন্দ্রে ২০ জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এতে তাঁরা ডিজিটাল কেন্দ্রে বসে প্রতি মাসে ৭ থেকে ১৫ হাজার টাকা করে আয় করছেন।