তথ্যপ্রযুক্তির জন্য আলাদা মন্ত্রণালয়, ই-এশিয়ার আয়োজন জেলা ই-সেবা কেন্দ্র চালু, আউটসোর্সিংয়ে এগিয়ে চলা— নানা ঘটনা এ বছর ঘটেছে দেশের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর দৃষ্টিতে ২০১১ সালের তথ্যপ্রযুক্তির উল্লেখযোগ্য ঘটনাগুলো থাকছে এখানেপ্রথমে আলাদা বিভাগ, পরে মন্ত্রণালয়২০১১ সালে উল্লেখযোগ্য ঘটনা সরকারের মন্ত্রণালয়ের পুনর্বিন্যাস, যার মাধ্যমে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) নামে আলাদা মন্ত্রণালয় সৃষ্টি করা হয়। এর ফলে এই খাতে আরও গতিশীলতা আসবে বলে আশা করা যায়। তবে বর্তমান কাঠামোতে এই মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অবকাঠামো নির্মাণে কোনো দায়দায়িত্ব নেই। কারণ, এর জন্য আমাদের বহু পুরোনো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আছে। অন্যান্য দেশের অভিজ্ঞতার আলোকে আমাদের কমিটি টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করার সুপারিশ ইতিপূর্বে করা হয়েছিল। আশা করি, অদূর ভবিষ্যতে এটা বাস্তবায়িত হবে। আমি মনে করি, এ নতুন মন্ত্রণালয় বর্তমান সরকারের গৃহীত ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নীতিমালা ২০০৯’ অনুসারে যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চিহ্নিত করা হয়েছে, তা দ্রুতগতিতে বাস্তবায়ন করতে সক্ষম হবে।ই-এশিয়ার বড় আয়োজন২০১১ সালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো, বাংলাদেশে প্রথমবারের মতো ই-এশিয়ার আয়োজন।তিন দিনের এ অনুষ্ঠানে দেশ-বিদেশের বহু বিশেষজ্ঞ ছাড়াও বাংলাদেশের বহু সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, গবেষক, উদ্যোক্তা ও শিক্ষার্থী অংশ নেন। এর ফলে বিদেশি অংশগ্রহণকারীরা আইসিটি খাতে বাংলাদেশের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে একটি সম্যক ধারণা পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশি অংশগ্রহণকারীরা বিদেশে প্রযুক্তিগত সর্বশেষ অগ্রগতি এবং বাংলাদেশে কীভাবে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় সে সম্পর্কে অবহিত হয়েছেন। এ ছাড়া আউটসোর্সিংয়ের সুযোগগুলো কীভাবে কাজে লাগানো যায় তা সম্পর্কেও একটি ধারণা পাওয়া যায়। আমি আশা করব, ই-এশিয়ার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার আলোকে ২০১২ সালে বাংলাদেশ বর্তমান দুর্বলতাগুলো কাটিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাবে।সেবাকেন্দ্রবাংলাদেশের প্রতিটি জেলার তথ্য বাতায়ন নামের ওয়েবসাইটের মাধ্যমে জেলাসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং সরকারি সেবাগুলো জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর ফলে ডেপুটি কমিশনারের অফিসে যেসব তথ্য আহরণে বা সেবা গ্রহণের জন্য ভোগান্তি বা হয়রানির শিকার হতে হতো, তা অনেকাংশে হ্রাস পেয়েছে। এ ছাড়া সরকার ইউনিয়ন পর্যায়ে যে চার হাজার ৫০১টি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, সেটি ভালো একটি উদ্যোগ। তবে এ কেন্দ্রগুলোর অধিকাংশ থেকে সাধারণ জনগণ এখনো পূর্ণাঙ্গ সেবা পাচ্ছে না। এর ফলে অনেকগুলো সেবা গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগটি ব্যাহত হচ্ছে। এসব ইউআইএসসির সেবা উন্নত করলে সারা দেশে হাজার হাজার টেলিসেন্টার প্রতিষ্ঠা করার যে সরকারি-বেসরকারি উদ্যোগ ২০০৮ সালে নেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের ক্ষেত্রে বড় সহায়ক ভূমিকা পালন করবে।দেশি ল্যাপটপ যেন পায় সবাই বাংলাদেশে প্রথমবারের মতো একটি কম্পিউটার ডিজাইন করে তার সংযোজন এবং বাজারজাতকরণ একটি উল্লেখযোগ্য অগ্রগতি। সরকারি মালিকানাধীন টেলিফোন শিল্প সংস্থার অবকাঠামো ব্যবহার করে ‘দোয়েল’ নামে যে ল্যাপটপ কম্পিউটার বাজারজাত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে, তাতে অনেক মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা এ কম্পিউটার কিনে তাদের শিক্ষা কার্যক্রমের সহায়ক হিসেবে ব্যবহার করার সুযোগ পাবে। এর ফলে আমাদের শিক্ষার গুণগত মানে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা যায়। তবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে শিক্ষার্থীদের জন্য বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ৫০০ টাকা করে আকাশ নামে একটি নেটবুক কম্পিউটার বিক্রি করা হচ্ছে। আমি আশা করব, দোয়েল বা সমতুলীয় কম্পিউটারের ক্রয়মূল্য ২০১২ সালে আরও হ্রাস পেয়ে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে চলে আসবে।ফাইবার অপটিক কেব্ল নেটওয়ার্কআমাদের আশা ছিল, ২০১১ সালের মধ্যে দ্বিতীয় একটি ফাইবার অপটিক কেবেলর মাধ্যমে তথ্যপ্রযুক্তি মহাসড়কে প্রবেশের একটি বিকল্প ব্যবস্থা হবে, যার ফলে বর্তমানে কক্সবাজার থেকে সিমিউই-৪ ব্যবহারে যেসব সমস্যার জন্য প্রায়ই বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বিঘ্নিত হয়, তা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।তবে এখানে উল্লেখ করা প্রয়োজন, আগের বছরের তুলনায় ২০১১ সালে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা কম ঘটেছে।তৃতীয় প্রজন্মের (থ্রিজি) টেলিযোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অবকাঠামোর ক্ষেত্রে যে অগ্রগতি আশা করেছিলাম, সে অগ্রগতি হয়নি। ওয়াইম্যাক্স ব্যবহার করে যে দুটি কোম্পানি কয়েক বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে, তা উচ্চমূল্যের কারণে সাধারণ জণগনের কাছে এখনো ব্যয়বহুল রয়ে গেছে এবং আশানুরূপ অগ্রগতি অর্জিত হয়নি।ই-পেমেন্ট গেটওয়ে হলো নাদুর্ভাগ্যবশত বাংলাদেশ ব্যাংকের ই-পেমেন্ট গেটওয়ে স্থাপনের যে উদ্যোগ ২০১১ সালে সমাপ্ত হওয়ার কথা ছিল, তা এখনো সম্পন্ন হয়নি। এর ফলে বাংলাদেশে ই-কমার্স এখনো গতিশীলতা অর্জন করতে পারেনি। তবে দুটি বেসরকারি ব্যাংক ইতিমধ্যে মোবাইল টেলিফোন বা কম্পিউটার ব্যবহার করে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করার সুযোগ দিচ্ছে। এর ফলে ছোট ছোট লেনদেন ব্যাংকে না গিয়েও করা সম্ভব হচ্ছে। তবে পেপল ধরনের পদ্ধতি ব্যবহারের সুযোগ না থাকায় বিদেশ থেকে টাকা পাঠানোর প্রতিবন্ধকতা এখনো রয়ে গেছে। সাফল্যে ২০১১২০১১ সালে ব্যক্তিগত পর্যায়ে দেশের বিভিন্ন পর্যায়ের ছোট ছোট আউটসোর্সিং কাজ করে ঢাকা ইতিমধ্যে বিশ্বসেরার মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছে (ভারতের বেঙ্গালুরুকে পেছনে ফেলে)। আশা করা যায়, ভবিষ্যতে শীর্ষে উঠে আসবে।এ ছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তিনি তৈরি করেছেন বিভিন্ন শিক্ষামূলক লেকচার। শিক্ষার্থীরা ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে সহজেই জ্ঞান আহরণ করে তাদের সমস্যাগুলোর সমাধান খুঁজে পাচ্ছে। এ ছাড়া আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ইউটিউবের অন্যতম প্রতিষ্ঠাতা জাবেদ করিম। সফল এ দুই তরুণ বাংলাদেশি বংশোদ্ভূতদের কাজের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।প্রত্যাশা ২০১২মাধ্যমিক স্কুলগুলোতে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহের উদ্যোগটিতে আশা করি ২০১২ সালে অগ্রগতি হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়টি জরুরি। এ ছাড়া আমি আশা করি, ২০১২ সালে সরকারি-বেসরকারি উদ্যোগে বিভিন্ন বিষয়ে বাংলা কন্টেন্ট ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট ব্যবহার সহজ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে কম খরচে ইন্টারনেট-সুবিধা বাস্তবায়ন করা যেতে পারে। অনুলিখন: নুরুন্নবী হাছিব