ইউনিয়ন পর্যায়ের তথ্যসেবাকেন্দ্র বদলে দিয়েছে গ্রামের চিত্র। বিদ্যুৎবিহীন প্রত্যন্ত এলাকায়ও ব্যবহূত হচ্ছে ইন্টারনেট। কক্সবাজার জেলার আটটি উপজেলার ৭১ ইউনিয়নে প্রতি মাসে তথ্যসেবা পেয়ে অন্তত ৫০ হাজার মানুষ লাভবান হচ্ছেন বলে জানা গেছে। অনেকে তা কাজে লাগিয়ে উপার্জন করছেন টাকা।তথ্যপ্রযুক্তির সেবা সব মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গত ২৮ জুন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা সাজনীন জাহানকে জেলার শ্রেষ্ঠ তথ্যসেবা উদ্যোক্তার পুরস্কার দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় এই পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন, স্বনির্ভর বাংলাদেশের চেয়ারম্যান এস এম আল হোসায়নী ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. মশিউর রহমান। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান বলেন, গত ১৮ মার্চ থেকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ নামের এক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। ইতিমধ্যে দেশের ৪৬ জেলায় প্রায় সাত হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পুরস্কার পেয়েছেন টেকনাফের ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চকরিয়ার বরইতলীর জিয়া উদ্দিন চৌধুরী ও শ্রেষ্ঠ সহকারী প্রোগ্রামার জেলা প্রশাসকের কার্যালয়ের শরিফুল ইসলাম। এ ছাড়া শ্রেষ্ঠ ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র উদ্যোক্তা হন খুরুশকূলের মো. নুরুল আমিন, চকরিয়া বরইতলীর মো. ইমন চৌধুরী ও ডুলাহাজারার ছুরুত আলম।জেলা প্রশাসন সূত্র জানায়, বর্তমানে জেলার আটটি উপজেলার ৭১টি ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে ১৪২ জন উদ্যোক্তা গ্রামের সাধারণ মানুষকে তথ্যসেবা দিচ্ছেন। তাঁদের মধ্যে ৭১ জন নারী।