তথ্যের নিরাপত্তা দেবে ডিজিটাল সই
বাংলাদেশে অনলাইনে আর্থিক লেনদেনের অনুমতি মিলেছে গতবছর। কাজেই অবকাঠামো গড়ে উঠলেই ব্যাংক, বীমা, তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ীরাও তাঁদের আর্থিক লেনদেন অনলাইনে করতে পারবেন।দ্বিতীয় খবরটি হলো, এ দেশকে ডিজিটাল দেশে পরিণত করতে দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগ। এখানে একটি বিষয় হলো, তথ্য আদান-প্রদানে ডিজিটাল সইয়ের ব্যবহার। অর্থাত্, আর্থিক লেনদেন বা কোনো তথ্য আদান-প্রদানে সবাইকে এমন একটি পদ্ধতি ব্যবহার করতে হবে, যাতে সেই তথ্য কোনো নেট-দুর্বৃত্তের হাতে গিয়ে না পড়ে, যা এখন হ্যাকিং বা ফিশিং নামে সমধিক পরিচিত। ব্যক্তিবিশেষের ইন্টারনেট ব্যবহারের সময় তাঁর পাসওয়ার্ড, বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক উপাত্ত, ব্যাংকের হিসাব নম্বর, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি হ্যাকিং বা ফিশিং ঝঞ্ঝাটে পড়ে হাতছাড়া হওয়ার ঘটনা এখন আকছার ঘটে বিদেশে। এ দেশে যখন প্রকৃতই ডিজিটাল পদ্ধতিতে তথ্যের আদান-প্রদান শুরু হবে, আমরাও এসব সমস্যায় পড়ব। তথ্য নিরাপত্তার জন্য ডিজিটালসই চালুর প্রক্রিয়া দেশে শুরু হয়ে গেছে। বেসরকারি প্রতিষ্ঠান সফটওয়্যার শপ লিমিটেড বাংলাদেশে ‘ডিজিটাল সই’ নিশ্চিত করার সফটওয়্যার ও সেবা বাজারজাত করছে। প্রতিষ্ঠানটি সুইজারল্যান্ডের ভেরিসাইন-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ফলে এ দেশের আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য আদান-প্রদানে নিরাপত্তা সেবা দিতে পারবে সফটওয়্যার শপ।সফটওয়্যার শপের মহাব্যবস্থাপক আনিসুল ইসলাম জানান, ‘যেসব প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে ভেরিসাইন সনদ ব্যবহার করে, সেই সাইটের ঠিকানা লেখার অংশটি সবুজ রঙে বদলে যায়। ফলে গ্রাহকেরা নিশ্চিত হতে পারেন যে তিনি এমন একটি সাইটে ঢুকেছেন যার নিরাপত্তাব্যবস্থা জোরদার।’ তার মতে, ভেরিসাইন সার্টিফিকেট—ভেরিসাইন, জিওট্রাস্ট, থট ইত্যাদি ব্যবহার করে ই-গভর্নেন্স প্রকল্প, বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্য সুরক্ষা করা সম্ভব। তিনি জানান, ভেরিসাইনের সনদ ব্যবহারকারী কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যদি কোনো হ্যাকার অনুপ্রবেশ করে কোনো ক্ষতি করতে পারে, তাহলে সেই সাইটের মালিক আড়াই লাখ ডলারের বিমা পাবেন।ভেরিসাইন সনদ ব্যবহার ও ব্যবস্থাপনার তথ্য জানতে চাইলে মোবাইল ফোন থেকে VeriSign লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠালেই চলবে।