খালি কনটেইনারে সিঙ্গাপুর চলে যাওয়া দীন ইসলাম দেশে ফেরার পর তদন্ত কমিটির মুখোমুখি হচ্ছেন। চট্টগ্রাম বন্দরের আন্তর্জাতিক নিরাপত্তাব্যবস্থা ভেদ করে দীন ইসলামসহ দুইজন শ্রমিক কীভাবে কনটেইনারে করে সিঙ্গাপুর চলে গেছেন, সে বিষয়টি নিয়ে এখন অধিকতর তদন্ত করা হচ্ছে।গত ১০ এপ্রিল সিঙ্গাপুরের পানজাং বন্দরে কনটেইনার থেকে বাংলাদেশি দুই শ্রমিক দীন ইসলাম ও মো. আল আমীনকে উদ্ধার করা হয়। দীন ইসলাম বেঁচে থাকলেও আল আমীনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গত ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরে কাজ করতে গিয়ে তাঁরা কনটেইনারের ভেতর ঘুমিয়ে পড়েন বলে দীন ইসলাম জানান। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের আন্তর্জাতিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। জানা গেছে, এই ঘটনার পর গত এপ্রিলে নৌ-বাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন হাবিবুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে সমুদ্র পরিবহন অধিদপ্তর। তবে দীন ইসলাম তখন দেশে না থাকায় কমিটি কোনো প্রতিবেদন জমা দিতে পারেনি। গত বৃহস্পতিবার দীন ইসলাম দেশে ফিরে আসায় তদন্ত কমিটি তাঁর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়। জানতে চাইলে ক্যাপ্টেন হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দীন ইসলাম দেশে আসায় এখন তাঁর সঙ্গে কথা বলে তদন্ত করা হবে। এ ক্ষেত্রে প্রকৃত বিষয়টি জানা যাবে।’ এ ঘটনার পর বন্দর কর্তৃপক্ষও একটি তদন্ত কমিটি গঠন করে। গত ১৩ এপ্রিল বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলমকে প্রধান করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটি গত ২৪ এপ্রিল বন্দর চেয়ারম্যানের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেন। কমিটি এখন নতুন করে দীন ইসলামের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই-বাছাই করছে বলে জানা গেছে।জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘এটি নিছক দুর্ঘটনা বলে আমাদের কাছে মনে হয়েছে। এরপরও দীন ইসলাম দেশে আসায় এখন তাঁর সঙ্গে কথা বলে বিষয়টি আরও যাচাই-বাছাই করে দেখা হবে।’ বন্দরের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে কনটেইনারে করে সিঙ্গাপুর যাওয়ার ঘটনাটি নিছক দুর্ঘটনা হিসেবে তুলে ধরা হয়। এরপরও এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য বেশ কয়েকটি সুপারিশ করা হয়। এসব সুপারিশের মধ্যে রয়েছে খালি কনটেইনার রপ্তানির সময় যাচাই-বাছাই করে সিলগালা করা, জাহাজ জেটি ছেড়ে যাওয়ার আগে ভালোভাবে যাচাই করে দেখা ইত্যাদি। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের আরও সতর্ক হওয়ার সুপারিশ করা হয়েছে।প্রসঙ্গত, বন্দরের নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিক মানের বলে স্বীকৃত। ২০০৪ সালের জুলাই মাসে এ বন্দরে ‘ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি-আইএসপিএস’ কোড বাস্তবায়ন করেছে বলে স্বীকৃতি দেয় আন্তর্জাতিক নৌ সংস্থা (আইএমও)। এমন নিরাপত্তাব্যবস্থায় কনটেইনারে মানুষ চলে যাওয়ার বিষয়টি নিরাপত্তাব্যবস্থার ত্রুটি হিসেবে চিহ্নিত হয়। তবে এই ঘটনার পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার তদারকিতে থাকা উচ্চপর্যায়ের কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত হয়, খালি কনটেইনার জাহাজে তোলার আগে কনটেইনারের মালিকপক্ষ (এমএলও), শুল্ক কর্তৃপক্ষ ও বেসরকারি অপারেটরের প্রতিনিধিদের যাচাই-বাছাই করতে হবে। এ ঘটনায় সিঙ্গাপুর বন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়েও সে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে। সিঙ্গাপুরের জাতীয় নির্বাচনের আগে এ ধরনের ঘটনাকে ইস্যু বানিয়েছিল বিরোধী দলের প্রার্থী অং ইয়াং গান। জানা গেছে, সিঙ্গাপুর বন্দরে যেসব কনটেইনার জাহাজ থেকে নামিয়ে আবার অন্য জাহাজে তোলা হয় সেগুলো স্ক্যান করা হয় না। এ কারণে বিষয়টি ধরা পড়েনি।