তদন্ত সুষ্ঠু ও দ্রুত শেষ করার পরামর্শ বাজার বিশ্লেষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে আগের দুই দিনের তুলনায় লেনদেন ভালো হয়েছে। বেশ কিছু শেয়ারের দামও বেড়েছে। অবশ্য দুপুর থেকে সূচক নিচে নেমে যায়। তবে বিনিয়োগকারীরা একে খুব নেতিবাচকভাবে নেননি। তাঁরা একে সংশোধন হিসেবেই ধরে নিয়েছেন। কারণ, এর আগে গত মঙ্গল ও বুধবার সূচক যে হারে বেড়েছে, তাতে বৃহস্পতিবার সূচকের নিম্নমুখিতাকে বাজারের স্থিতিশীলতার জন্য সহায়ক বলে মনে করেন সংশ্লিষ্ট অনেকেই। শেয়ারবাজার বিশ্লেষক ও ব্যবসায়ীরা মনে করেন, হঠাৎ করে ওপরে উঠে যাওয়া অথবা নেমে যাওয়া কোনোটিই ভালো লক্ষণ নয়। তবে বর্তমান অবস্থায় কত দিন বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা যাবে, সেটাই তাঁদের কাছে বড় প্রশ্ন। কাজেই এ মুহূর্তে বাজারের স্থিতিশীলতার জন্য এসইসিকে (সিকিউরিটি অ্যান্ড একচেঞ্জ কমিশন) শক্তিশালী করা যেমন জরুরি, তেমনি শেয়ারবাজারের সাম্প্রতিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণও অপরিহার্য বলে তাঁরা মনে করেন। এ প্রসঙ্গে সিএসইর পরিচালক ও বাজার বিশ্লেষক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘এখন যে করেই হোক, তদন্তকাজ শেষ করতে হবে। সেই সঙ্গে তদন্ত কমিশনকে যেন সংশ্লিষ্ট সবাই সার্বিক সহযোগিতা করে, সেদিকেও খেয়াল রাখতে হবে।’ সূত্রমতে, শেয়ারের উত্থান-পতনের ঘটনা তদন্তে গঠিত কমিটি আজ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কাজে নামছে। এ ব্যাপারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রেসিডেন্ট ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, ‘কমিশনকে প্রথমত খতিয়ে দেখতে হবে হঠাৎ কী কারণে বাজার এমন অস্থিতিশীল অবস্থায় গিয়ে ঠেকল, এতে কার কী ভূমিকা ছিল। এ ছাড়া এ সময়ে আইনের বিচারে কাকে কী দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তাঁরা কে কীভাবে তা পালন করেছেন সেটাও তদন্ত কমিটির বিবেচনায় আনতে হবে। ভালো মৌলভিত্তি না থাকা সত্ত্বেও বাজে শেয়ারগুলো কেনার ব্যাপারে কারা প্ররোচনা দিয়েছে তাঁদেরও চিহ্নিত করতে হবে।’ব্রোকারেজ হাউস বি রিচের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলামের মতে, ‘যদি প্রকৃতই কিছু অঘটন ঘটেই থাকে তবে তা কেন, কী কারণে ঘটেছে তা তদন্তের মাধ্যমে যাচাই করে সবার কাছে প্রকাশ করতে হবে। তদন্ত প্রতিবেদন নিরপেক্ষ হতে হবে।’চিটাগাং ক্যাপিটালের সহকারী মহাব্যবস্থাপক দীপক কুমার পালিত মনে করেন, ‘১৯৯৬ সালের শেয়ারবাজারে বিপর্যয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত হলে এবার এমন ঘটনার পুনরাবৃত্তি হতো না। এবারও যদি সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তা শেয়ারবাজারের জন্য অকল্যাণ বয়ে আনবে।’