তদন্তে গতি নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের ছাত্র জাহেদুল ইসলাম হত্যা মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। এ জন্য পুলিশের দায়সারা ভূমিকাকে দায়ী করছেন নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষের ভূমিকায়ও অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।
অবিলম্বে জাহেদের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়ে পরিবারের সদস্যরা গত শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত জাহেদুলের বাবা জসিম উদ্দিন।
জসিম উদ্দিন অভিযোগ করেন, ‘ময়নাতদন্তে আমার ছেলেকে হত্যা করার বিষয়টি প্রমাণিত হয়েছে। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ করেনি। মামলার তদন্তে তাদের কোনো আগ্রহ নেই। পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে মামলাটি ডিবিতে হস্তান্তরের জন্য আমাকে চাপ দেওয়া হচ্ছে।’
পুলিশের ভূমিকায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘তদন্ত কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। তাঁদের এ ধরনের আচরণ অপ্রত্যাশিত।’
মামলার তদন্তের অগ্রগতি ও নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা ও চান্দগাঁও থানার উপপরিদর্শক আরিফুর রহমান বলেন, ‘তদন্ত বলছে, এটি একটি আত্মহত্যা। বিষয়টি নিহত জাহেদুলের পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে। এই তদন্তে তাঁরা সন্তুষ্ট না হলে মামলাটি ডিবি বা সিআইডিতে হস্তান্তরের জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিতে পারে। এতে আমাদের কোনো আপত্তি নেই।’
এদিকে কলেজ ছাত্রাবাসের নিরাপত্তা ব্যবস্থায় ক্ষোভ প্রকাশ করে জসিম উদ্দিন বলেন, কলেজের ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিরাপত্তা বলতে কিছুই ছিল না।
ছাত্রাবাসের যে কক্ষে জাহেদ থাকতেন, ওই কক্ষের অন্য ছাত্ররা লেখাপড়া না করে বিভিন্ন অপরাধজনিত কাজে লিপ্ত থাকে। এ জন্য কক্ষ বদল করে জাহেদকে অন্য কক্ষে নিয়ে আসা হয়। এর এক সপ্তাহ পর তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করলেও এখনো পর্যন্ত তা প্রকাশ করেনি।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে কলেজের দশমতলার মূল ভবনের পূর্ব পাশের শৌচাগারের সামনে থেকে জাহেদের লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রামের চান্দগাঁও থানার শমসেরপাড়ায় কলেজটি অবস্থিত। মারধরে তাঁর মৃত্যু হয়েছে এ ধরনের আলামত পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। নিহত জাহেদের বাবা ওই দিন রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চান্দগাঁও থানায় মামলা করেন।