সর্বরোগের চিকিৎসার নামে প্রতারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্তে নেমেছে ওষুধ প্রশাসন। ওষুধ প্রশাসন সূত্রে জানা গেছে, নগরে বিজ্ঞাপনসর্বস্ব এ রকম ১৩টি প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে—দেওয়ানহাটের চিটাগাং ইবনে সিনা হারবাল সেন্টার, মাদ্রাজ হারবাল, ন্যাচারাল হারবাল, চায়না বোটানি ল্যাবরেটরি, খাজা রুহানি দরবার শরিফ, দরবারে নুরানি শেফা, দামপাড়ার কলিকাতা হারবাল সেন্টার, তিনপুলের মাথা এলাকার ইবনে সিনা হারবাল সেন্টার লিমিটেড, পাহাড়তলি চালের বাজার জাহাঙ্গীর লাইন দাওয়াখানা, বনাজি দাওয়াখানা, বহদ্দারহাট হেকিমি দাওয়াখানা, হাজারি লেনের প্যারিস হোমিও এবং শহরতলির বড় দীঘিরপাড় এলাকার মোহনা হারবাল সেন্টার। ওষুধ প্রশাসনের চট্টগ্রামের তত্ত্বাবধায়ক মো. আকতার হোসেন বলেন, ‘চটকদার বিজ্ঞাপন দিয়ে কিংবা শহরের ব্যস্ততম মোড়ে কুরুচিপূর্ণ প্রচারপত্র বিলি করে যে পদ্ধতিতে চিহ্নিত প্রতিষ্ঠানগুলো চিকিৎসাকার্যক্রম চালাচ্ছে, তা ড্রাগ আইনে শাস্তিযোগ্য অপরাধ। আমরা পর্যায়ক্রমে বিজ্ঞাপনসর্বস্ব এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে সমন্বিতভাবে আইনি ব্যবস্থা নেব।’ তিনি বলেন, ‘দেওয়ানহাট এলাকায় অবস্থিত চিটাগাং ইবনে সিনা হারবাল সেন্টার ও চায়না বোটানি ল্যাবরেটরির বিরুদ্ধে চলতি বছরের শুরুতে মামলা করেছে ওষুধ প্রশাসন। বর্তমানে এ মামলা দুটি মহানগর গোয়েন্দা বিভাগের তদন্তাধীন।’ এ প্রসঙ্গে চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব বলেন, ‘সর্বরোগের চিকিৎসার নামে অপচিকিৎসা চলছে। কথিত প্রতিষ্ঠানগুলোতে ওষুধ বিপণন ও সংরক্ষণের বিষয়টি দেখার দায়িত্ব ওষুধ প্রশাসনের। তবে এসব অপতৎপরতা বন্ধের জন্য ওষুধ প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে আমরা দেব।’ মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ওষুধ প্রশাসন ও সিভিল সার্জন এ-সংক্রান্ত যেকোনো সহযোগিতা চাইলে আমরা দিতে প্রস্তুত।’