তদন্তে বছর পার এখনো অজানা উৎস ও গন্তব্য
>রিয়াজউদ্দিন বাজারে সিন্দুক থেকে ২৫০টি সোনার বার ও ৬০ লাখ টাকা উদ্ধারের মামলা
নগরের রিয়াজউদ্দিন বাজারে সিন্দুক থেকে উদ্ধার হওয়া ২ হাজার ৬০০ ভরি সোনা (২৫০টি বার) ও ৬০ লাখ টাকা উদ্ধারের এক বছর পার হয়েছে। এখনো সোনা ও টাকার উৎস, গন্তব্য কোনোটিই বের করতে পারেনি পুলিশ। উল্টো মামলাটির বিচার বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ জালিয়াতি করে স্থগিতাদেশ নিয়ে আসেন আসামিরা। এ নিয়ে জালিয়াতির মামলা হয়েছে।

শুধু তা–ই নয়, প্রধান আসামি আবু আহমেদকে এ মামলায় গ্রেপ্তারও করতে পারেনি নগর গোয়েন্দা পুলিশ। পরে আবু আহমেদকে হাইকোর্টের আদেশ জালিয়াতির মামলায় ঢাকার শাহবাগ থানার পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জালিয়াতির মামলায় কারাগারে আছেন। তবে সোনা ও টাকা উদ্ধারের মামলায় উচ্চ আদালতের জামিনে আছেন।
এদিকে মালিকানা দাবি করে কেউ পুলিশের কাছে না আসায় আদালতের নির্দেশে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের ভল্টে জমা দেওয়া হয় উদ্ধার করা সোনা ও টাকা।
২০১৬ সালের ২৫ জানুয়ারি সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটের ষষ্ঠ তলার দুটি কক্ষে অভিযান চালিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তিনটি সিন্দুক জব্দ করে নগর গোয়েন্দা পুলিশ। পরে সেগুলো কোতোয়ালি থানায় নিয়ে খোলা হয়। ওই দিন রাত ১২টার দিকে পুলিশ তিনটি সিন্দুকের মধ্যে একটিতে ২৫০টি সোনার বার, প্রতিটি ১০ ভরি করে ২ হাজার ৬০০ ভরি, আরেকটিতে ৬০ লাখ টাকা পায়। অপর সিন্দুকটি খুলে কিছুই পাওয়া যায়নি। এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আফতাব আহমেদ বাদী হয়ে আবু আহমেদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। শুরু থেকে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী মামলাটির তদন্ত করছেন।
এই মামলায় জড়িত সন্দেহে আবু আহমেদের চাচাতো ভাই এনামুল হককে গত বছরের ১১ মে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত বছরের ২৩ জুন এনামুল হক এই মামলায় জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি পলাতক।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সোনার বার ও টাকার উৎস এবং গন্তব্য সম্পর্কে জানার চেষ্টা চলছে। এখনো সুনির্দিষ্টভাবে কিছুই জানা যায়নি। আসামি এনামুলের কাছ থেকে রিমান্ডে জড়িত অনেকের নাম জানা গেছে। যাচাই-বাছাই করে তাঁদের ধরার চেষ্টা চলছে। আবু আহমেদকে জিজ্ঞাসাবাদ করা গেলে অনেক তথ্য পাওয়া যেত। কিন্তু তিনি এই মামলায় জামিনে থাকায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, সোনা চোরাচালান মামলাটির বিচার বন্ধ রাখতে গত বছরের ২৮ আগস্ট হাইকোর্ট ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন, এমন একটি জাল আদেশ তৈরি করা হয়। এরপর সেই জাল নথি নিয়ম মেনেই আসে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে। নথি পাওয়ার পর আদালত মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন। কিন্তু এত বড় জালিয়াতির বিষয়টি গোপন রাখা যায়নি। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের নজরে আসে বিষয়টি। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের ১৫ নভেম্বর জালিয়াতির বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন, পাশাপাশি স্থগিতাদেশ প্রত্যাহার করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বার কাউন্সিলকে আদেশ দেন।
হাইকোর্টের নির্দেশ পেয়ে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ গত বছরের ২০ নভেম্বর ঢাকার শাহবাগ থানায় একটি জালিয়াতির মামলা করেন। এতে চোরাচালান মামলার আসামি আবু আহমেদ ছাড়াও হাইকোর্টের ‘কথিত আইনজীবী’ মো. আবদুল হক ও ‘তদবিরকারী’ জহিরুল ইসলামকে আসামি করা হয়। তদন্তে আবদুল হক ও জহিরুল ইসলামের অস্তিত্ব পায়নি শাহবাগ থানার পুলিশ।
তদন্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী বলেন, গত ১৫ ডিসেম্বর শাহবাগ থানার পুলিশ আবু আহমেদ ও আইনজীবী তসলিম উদ্দিনকে গ্রেপ্তার করে। এর মধ্যে আবুকে দুই দফায় চার দিন এবং তসলিমকে এক দফায় দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্য একটি জালিয়াতির ঘটনায় গত বছরের ১৫ অক্টোবর তসলিম উদ্দিনের আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিল করেছে বার কাউন্সিল। বর্তমানে জামিনে রয়েছেন তসলিম উদ্দিন।
জানতে চাইলে মুঠোফোনে তসলিম উদ্দিন দাবি করেন, তিনি হাইকোর্টের আদেশ জালিয়াতির ঘটনায় জড়িত নন।