রেলের কোটি টাকার দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে জোড়া খুনের ঘটনায় করা মামলার তদন্ত সাড়ে তিন বছরেও শেষ হয়নি। উদ্ধার করা যায়নি ঘটনায় ব্যবহৃত অস্ত্র। জামিনে বেরিয়ে গেছেন মামলার ৬২ আসামির মধ্যে ৫৯ জন। বাকি তিন আসামি পলাতক।
সর্বশেষ ৭ ফেব্রুয়ারি আদালতে মামলাটির প্রতিবেদনের জন্য তারিখ নির্ধারিত থাকলেও প্রতিবেদন না আসায় আগামী ১৪ মার্চ পরবর্তী দিন ধার্য করা হয়। নিয়ম অনুযায়ী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আদালতকে মামলা সম্পর্কে অভিহিত করতে এই প্রতিবেদন চাওয়া হয়। এ পর্যন্ত মামলটির প্রতিবেদনের জন্য ১১টি ধার্য দিন ছিল। তদন্ত কর্মকর্তা বেশ কয়েকবার সময়ও চেয়েছেন।
২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রাম নগরের রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের (সিআরবি) সামনে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর ও ছাত্রলীগ নেতা সাইফুল আলম ওরফে লিমনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। ওই সময় গোলাগুলিতে নিহত হয় যুবলীগের কর্মী সাজু পালিত (২৮) ও শিশু আরমান (৮)। এ ঘটনার পর ওই দুই নেতাকে নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়। অবশ্য পরে বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে তিনি কেন্দ্রীয় যুবলীগের উপ–অর্থসম্পাদক। অন্য দিকে লিমন ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক।
সংঘর্ষের দিন রাতে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান বাদী হয়ে বাবর, লিমনসহ ছাত্রলীগ-যুবলীগের ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। পরে নিহত সাজু পালিতের মা মিনতি পালিত বাদী হয়ে অজিত বিশ্বাসকে প্রধান আসামি করে আদালতে হত্যা মামলা করেন। আদালত তাঁর আরজি এজাহার হিসেবে নিয়ে আগের মামলার সঙ্গে তদন্তের নির্দেশ দেন।
ঘটনার ২৮ মাস পর ২০১৫ সালের ২৩ নভেম্বর চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেয় নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযোগপত্রে বাবর, লিমন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি আলমগীর টিপুসহ ৬২ জনকে আসামি করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, রেলের ১ কোটি ১০ লাখ টাকার দরপত্র নিয়ে বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাবরের পক্ষের অজিত ঘোষ, রিটু দাশ পিস্তল নিয়ে মহড়া দেন। অন্যদিকে লিমনের পক্ষের মনির ও শরীফকেও অস্ত্র হাতে দেখা যায়। দুই পক্ষের গোলাগুলিতে শিশুসহ দুজন নিহত হয়। তদন্তকালে চেষ্টা করেও আসামিদের ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি। অভিযোগ প্রমাণিত না হওয়া ও ঠিকানা না পাওয়ায় এজাহারভুক্ত ২৬ আসামিকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও ঠিকানা না থাকায় তাঁদের অব্যাহতির সুপারিশ করা হয়।
আদালত পুলিশের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ না করে ২৬ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে বাদ দেওয়া ১৪ জনের ঠিকানা সংগ্রহ করারও নির্দেশ দেওয়া হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছেন পিবিআই চট্টগ্রামের পরিদর্শক জাহাঙ্গীর আলম। গত সোমবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, মামলাটির তদন্ত শেষ পর্যায়ে। আদালত যে ১৪ আসামির নাম-ঠিকানা সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন এর মধ্যে ১৩ জনের ঠিকানা সংগ্রহ করা হয়েছে। আরেকজনেরটি সঠিক পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নিয়ে শিগগিরই সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে সাইফুল আলম ওরফে লিমন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তিনি রেলওয়ের একজন প্রথম শ্রেণির ঠিকাদার। ঘটনার দিন তিনি দরপত্র জমা দিতে গিয়েছিলেন। খুনের ঘটনায় তিনি জড়িত নন।
তবে ঘটনার পর থেকে বাবরও দাবি করে আসছেন তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে।
এদিকে তদন্তের ধীরগতিতে ভাই হত্যার বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাজু পালিতের ভাই অভিজিৎ পালিত। তিনি ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
একইভাবে নিহত শিশু আরমানের মা আছিয়া বেগম বলেন, ‘সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও ছেলে হত্যার তদন্ত এখনো শেষ হয়নি। কী অপরাধ ছিল আমার ছেলের! কোনো দোষ তো করেনি। গরিবের ছেলে হত্যার বিচার কী হবে না?’