তনমনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

মেট্রোরেল হয়ে গেলে কতটুকু জ্যাম কমবে, দেখার অনেক ইচ্ছা। কাজিপাড়া থেকে এয়ারপোর্ট, মনে হচ্ছে অনাদিকাল ধরে বাসে বসে আছি! শসা, বাদাম, কলম, সেফটিপিন, আচার থেকে শুরু করে সম্ভাব্য যত রকমের ফেরিওয়ালা আছেন, সবাই একবার করে বাসে উঠে ব্যবসা করে গেছেন! মিরপুর–১০-এ মোটামুটি ২৫ মিনিট ধরে আটকে আছি। তনমনা একজনকে দেখিয়ে বলেছিল, লোকটাকে সে জন্মের পর থেকে এই ফায়ার ব্রিগেডের সামনে টাকা তুলতে দেখছে।

একা এক জায়গায় বসে থাকলে কত-কী না মনে পড়ে! একসময় জীবন ছিল মিরপুরময়। তনমনা বলত, বিয়ে করলে মিরপুরের কোনো এক পাজি কিন্তু ইনোসেন্ট দেখতে কাউকে করবে। শ্যামলী-শেওড়াপাড়া-মিরপুর ১২ আর ১৪ হলো সীমানা। এর বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই ওর। অথচ হুট করে সে কিনা চলে গেল দূর মিসর!

মিরপুর–১৪-এর রাস্তায় হোপ স্কুল। সেখানে আমসত্ত্ব আর ফুচকা খেতে যাওয়া হয়েছে অজস্র বার। হেঁটে হেঁটে এটা-সেটা, কানের দুল আর জামার কাপড় দেখে অনেক বিকেল পার করেছি তনমনার সঙ্গে। প্রতিবার কাপড় দেখতে দেখতে ঠিক করেছি পরের মাসে এক রকম করে দুজন এক সেট জামা বানাব। ‘এক মাস’ আসতে আসতে কয়েক বছর হয়ে গেল! এক রকম জামা গায়ে দুজন সুন্দর একটা ছবিও তুলতে পারলাম না।

তনমনা আর আমি ‘বেস্ট ফ্রেন্ড’ অধ্যায় ছেড়ে এসেছি অনেক আগে। একটা সময় মনে হতো একে অনে্যর অক্সিজেন হয়ে গিয়েছি! জীবনের প্রতিটা সেকেন্ডের আপডেট দিতাম একে অপরকে।

একসঙ্গে হন্যে হয়ে একটা টিউশনি খুঁজেছি। প্রতিবার দেখা হলেই নিয়ম করে ‘শেল অ্যান্ড কোর’ আইসক্রিম খেয়েছি!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটে জাপানি আর আরবি শেখার প্ল্যান করেছি। গলফ স্টেডিয়ামে আরচারি শেখায়। সেটাও শিখব ভেবেছিলাম একসঙ্গে।

হয়নি হয়তো অনেক কিছুই। হয়েছে যা, তা হলো অসাধারণ কিছু স্মৃতি জমানো!

মাঝেমধ্যে নীতিগত অমিল হয়েছে। সব তো আর মিলে যায় না? যেটুকু আমাদের মেলে না, সেটুকুকে সম্মান করেছি দুজনই।

মিসর নিয়ে তনমনার ফ্যাসিনেশন ছিল বাড়াবাড়ি রকমের! একজন সচেতন মিসরি লোক যতটুকু না তাঁদের দেশ সম্বন্ধে জানেন, তার চেয়েও বেশি জ্ঞান রাখত ও। যত তথ্যচিত্র, যত লেখা এই মিসর নিয়ে, সব পড়ে ভাজা ভাজা করে ফেলেছিল মেয়েটা। মোবাইলে ওয়াল পেপারে ছিল কায়রো বিশ্ববিদ্যালয়ের ছবি।

একদিন ফোনে বলল দেখা করতে। মিরপুর-১০-এ গেলাম। চোখ ভরা পানি আর মুখে হাসি নিয়ে অবাক করা একটা খবর দিল সে। কায়রো বিশ্ববিদ্যালয়ে ‘ইজিপ্টোলজি’ পড়তে মিসর চলে যাচ্ছে তনমনা! যতটা মন খারাপ হচ্ছিল, ঠিক ততটাই আনন্দ দেখালাম ওকে। বলতে ইচ্ছা হচ্ছিল, মিসর নিয়ে পড়াশোনা করে হবেটা কী!

ওর চলে যাওয়ার দিন ছিল আমার পরীক্ষা। চার ঘণ্টা লিখতে লিখতে সবার হাত মচকে যাওয়ার অবস্থা হয়। আর আমি কেঁদে খাতা ভিজিয়ে ফেলেছি! স্যার দেখলেন, সামনে ডাক দিলেন। কী বলব আমি স্যারকে, হাউমাউ করে কেঁদে দুনিয়া জানান দিয়ে ফেললাম!

দুই বছর পর তনমনা আজকে দেশে আসছে। মিসর সম্পর্কে কী এমন জ্ঞান অর্জন করে দুনিয়া উদ্ধার করে ফেলেছে, আমি জানতে চাইব ওর কাছে। বলেছিলাম বোতলে ভরে আমার জন্য নীল নদের পানি নিয়ে আসতে। সঙ্গে পিরামিডের এক টুকরো পাথর!

আমি দেখতে চাই কী এমন আহামরি মিসর, যার জাদুতে আমার প্রিয় বন্ধু এত দূরের দেশে পাড়ি জমাল!

জুয়াইরিয়া জাহরা হক

মিরপুর, ঢাকা