তনয়শশির দুঃখগাথা!
ঘটনার সাত দিন পরও পুড়ে যাওয়া ধানের গোলা থেকে একটু একটু করে ধোঁয়া বের হচ্ছিল। তাইন্দং ইউনিয়নের সর্বেশ্বর কার্বারিপাড়ার প্রধান তনয়শশি চাকমা (৬১) একটি লাঠি দিয়ে সে স্তূপে খোঁচা দিলে চাপা পড়া আগুন আর ধোঁয়া বেরিয়ে আসে। সেদিকে দেখিয়ে চোখ মুছলেন তিনি। বললেন, ‘আমার সব শেষ। ৬১ বছর বয়সে এ নিয়ে ছয়বার ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হলাম। এ গ্রামের সবার একই অবস্থা।’ ৩ আগস্ট একজন মোটরসাইকেল চালকের অপহরণের গুজবকে কেন্দ্র করে দুর্বৃত্তরা ছয়টি আদিবাসী গ্রামে হামলা করে। লুট হয় আদিবাসীদের ২০০ বাড়ি, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় আরও ৩৫টি বাড়িতে। এ ঘটনায় পুলিশ কথিত অপহূত মো. কামালসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে।১০ আগস্ট বিকেলে তনয়শশি চাকমার বাড়িতে গেলে সেদিনের ঘটনার বিবরণ দেন তিনি। তিনি বলেন, ‘আমার বাড়িতে কমপক্ষে ২০০ আড়ি (১২ কেজিতে এক আড়ি) ধান ছিল। সব পুড়ে গেছে, বাড়িও শেষ। এখন আমি নিঃস্ব।’ তিনি আরও বলেন, ‘ওই দিন বেলা একটার দিকে হইচই শুনতে পাই এবং ধোঁয়া উঠতে দেখি। তখন বাড়ির সবাইকে সীমান্তের দিকে পাঠিয়ে আমি পাশের জঙ্গলের দিকে ঢুকে যাই। এ সময় দেখতে পাই ২০-৩০ জন দুর্বৃত্ত বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে আসে। তারা প্রথমে তালা ভেঙে বাড়িতে ঢুকে জিনিসপত্র বের করে। তারপর বাড়িতে আগুন লাগিয়ে সেগুলো নিয়ে যায়।’তনয়শশির অভিযোগ, এখানকার একশ্রেণীর লোকজন অনেক আগে থেকে আদিবাসীদের সম্পত্তি দখল করার পরিকল্পনা করছিল। সে পরিকল্পনার অংশ হিসেবেই এই হামলা হয়েছে।১৯৬২ সালে বয়স যখন ১১ বছর, তখন পাকিস্তান-ভারত যুদ্ধের কারণে তনয়শশিকে পরিবারের সঙ্গে ভারতে আশ্রয় নিতে হয়। সেবার প্রথম উদ্বাস্তু হওয়া। তখন প্রায় এক মাস বাড়ির বাইরে কাটালেও জিনিসপত্র সব অক্ষত ছিল। এরপর ’৭১ সালে স্বাধীনতাসংগ্রামের সময় আবারও উদ্বাস্তু হতে হয়েছে তাঁকে। প্রায় নয় মাস ভারতে অবস্থানের পর ফিরে এসে দেখেন বাড়িঘর সব পুড়িয়ে দেওয়া হয়েছে।১৯৭৯ সালে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে ভারতে পালিয়ে যান তনয়শশি। তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের আশ্রয় দেয়নি। উপায় না দেখে বাড়িতে না ফিরে তখন পানছড়ি চলে যান। এর ৩৫ দিন পর গ্রামে ফিরে আসেন। তখন বাড়ি ঠিক থাকলেও ধান-চাল, আসবাব সবই লুট হয়ে গিয়েছিল। ১৯৮১ সালে পরিস্থিতি আবার উত্তপ্ত হলে ভারতে চলে যান। ফিরে আসেন আড়াই মাস পর। একই কারণে ৮৬ সালের এপ্রিল মাসে আবার শরণার্থী হয়ে ভারতে যান। বাবা সর্বেশ্বর কার্বারি ভারতেই মারা গেছেন। এর প্রায় ১২ বছর পর পার্বত্যচুক্তি স্বাক্ষরিত হলে গ্রামে ফিরে আসেন। সর্বশেষ বাড়ি ছাড়া হতে হলো ৩ আগস্ট। তনয়শশি বলেন, ‘আমরা স্বাধীন দেশের মানুষ, তবু বারবার এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। পার্বত্য শান্তিচুক্তি হওয়ার পরও পরিস্থিতি পাল্টায়নি। এখন আমাদের জীবনের নিরাপত্তা নেই। এখান থেকে কোথাও যাওয়ার জায়গাও নেই আমাদের।’