তপন ও দিনাতের সুর-মূর্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলো ঝলমল মঞ্চ যেন আরেকটু বেশি আলোকিত হলো শিল্পী যুগলের হাসির ফোয়ারায়। চিরচেনা গানগুলো একে একে শুনিয়ে যাচ্ছেন তাঁরা। কণ্ঠে তাঁদের অফুরান দরদ, মায়াভরা অঙ্গভঙ্গি আর চোখে-মুখে উচ্ছ্বাস। শ্রোতারাও বেশ সমঝদার—রাত বাড়ছে, গভীরতর হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে যেন গানের মজা। বাড়ি ফেরার কথা ভুলে দুই শিল্পীর কণ্ঠে শত কণ্ঠ মেলালেন তাঁরা। এভাবেই ৯ জানুয়ারি নগরে হয়ে গেল খ্যাতিমান শিল্পী তপন চৌধুরী ও দিনাত জাহানের সংগীতানুষ্ঠান। হোটেল অ্যাম্ব্রোশিয়া তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।ঘড়ির কাঁটা তখন রাত নয়টার ঘর ছুঁই ছুঁই। মঞ্চে এলেন দিনাত জাহান। তাঁর মুখে হাসি, চোখে জাদু আর কণ্ঠে তুললেন ‘কী লিখি তোমায়’ গানটি। এরপর একে একে শোনালেন ‘আমায় ডেকো না’, ‘কে যাস রে’, ‘আমার মাঝে নেই এখন আমি’ এবং ‘চাঁদের সাথে দেব না’। দর্শকের অনুরোধে শোনান ‘দুই চোখে দুই নদী’ ও ‘সময় যেন কাটে না’ গানের চার লাইন।এরপর চট্টগ্রামের ছেলে তপন চৌধুরী এলেন মঞ্চে। দর্শক-ভক্ত-শ্রোতারা করতালি দিয়ে উল্লাসে ফেটে পড়লেন। তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে হাতে তুলে নিলেন মাইক্রোফোন। শুরু করলেন ‘সব কিছু ছাড়তে পারি’ দিয়ে। দ্বিতীয় গানেই জমে গেল আসর। আস্কর আলী পণ্ডিতের বিখ্যাত গান ‘ডালেতে লড়িচড়ি বইও চাতকী ময়নারে/গাইলে বৈরাগীর গীত গাইও’ গানটি যেন শ্রোতাদের নিয়ে গিয়েছিল আশির দশকের সেই দিনগুলোতে, তরুণ তপনের এই গান মাত করেছিল গোটা দেশ। তিনি চট্টগ্রামের ভাষায় দর্শকদের কাছে জানতে চাইলেন ‘ওয়া গম লাগের না’, দর্শকেরা জবাব দিলেন বাঁধভাঙা হাসি দিয়ে। এরপর শোনান ‘এ যেন নতুন পরিচয়’, ‘দিন কি রাত সাজ প্রভাতে’, ‘এই রাত তোমার আমার’ ইত্যাদি।প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটা হবে না, তা কি হয়! ডাক পড়ল শিল্পী দিনাত জাহান, সংগীতানুষ্ঠানের পৃষ্ঠপোষক নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ ও অ্যাম্ব্রোশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রহমানের। শিল্পী তপন চৌধুরী তো মঞ্চে ছিলেনই। চারজন মিলে বিপুল করতালির মধ্য দিয়ে কাটলেন কেক। তপন চৌধুরী মাইকে মজা করে বললেন, ‘অ্যাম্ব্রোশিয়া যুগ যুগ ধরে টিকে থাকুক, যাতে আমরা প্রতি বছর চট্টগ্রামে এসে গাইতে পারি।’ আবার গান। তপন চৌধুরী গাইলেন ‘তুমি কেমনে এত নিঠুর হইলা’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’ ইত্যাদি।অবশেষে মঞ্চে ডাকলেন দিনাত জাহানকে। দুজনে গাইলেন ‘এই রুপালি চাঁদ’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়/তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়’, ‘চিরদিনের তুমি যে আমার’ ইত্যাদি। পর্বটি অনুষ্ঠানের ষোলকলা পূর্ণ করেছে বলে জানালেন অনুষ্ঠান দেখতে আসা ইয়াছমিন আকতার।দ্বৈতকণ্ঠের পর আবার এলেন তপন। গাইলেন ‘প্রেমের তো শেষ হবে না...দুচোখ ভরা স্বপ্ন’, ‘আকাশের সব তারা ঝরে যাবে...তোমাকে দেখার সাধ মিটবে না’। দর্শকদেরও গান শোনার সাধ যেন শেষ হয় না...।চমৎকার সব গানের সঙ্গে সুন্দর বাজিয়েছেন রূপতনু দাশ (কি-বোর্ড), দোলন মিত্র (অক্টোপ্যাড), রাজীব নন্দী (তবলা), অঞ্জন রায় (বেজ গিটার) ও শিপন রায় (লিড গিটার)।