তপুর পছন্দ শিককাবাব বাবার পছন্দ চর্বিমুক্ত খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী তপু। তাঁর বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সামসুদ্দিন আহমেদ। জানা যাক দুই প্রজন্মের এ দুইজনের পছন্দ-অপছন্দের কিছু দিক।

১. টিভিতে কোন ধরনের অনুষ্ঠান দেখা হয়?

তপু: লাইফস্টাইলধর্মী অনুষ্ঠানগুলোই বেশি পছন্দ। এ ছাড়া যেকোনো ধরনের রিয়েলিটি শো অনেক ভালো লাগে।

বাবা: টিভি খুব একটা দেখা হয় না। তবে যখন দেখি সংবাদটাই বেশি দেখা হয়। পাশাপাশি টুকটাক গানের অনুষ্ঠান এবং নাটকও ভালো লাগে।

২. কী খেতে পছন্দ করেন?

তপু: শিককাবাব ও নান রুটি পছন্দের খাবার।

বাবা: চর্বিমুক্ত যেকোনো খাবার।

৩. পছন্দের সংগীতশিল্পী কে?

তপু: দেশের বাইরের যেসব শিল্পীর গান শুনে বড় হয়েছি, তাঁদের মধ্যে আছেন ব্রায়ান অ্যাডামস, মাইকেল জ্যাকসন, অঞ্জন দত্ত ও লাকি আলী। আর দেশের মধ্যে সব শিল্পীই আমার অনেক পছন্দের।

বাবা: আমি ছোটবেলা থেকেই লোকগানের ভক্ত। তাই আমার পছন্দের শিল্পী ফরিদা পারভীন। তবে ছেলে তপুও আমার পছন্দের শিল্পী।

৪. পছন্দের পোশাক...

তপু: টি-শার্ট ও জিনস।

বাবা: ফরমাল যেকোনো পোশাকই পছন্দের।

৫. চা-কফি, কোনটি বেশি পছন্দ?

তপু: চা-ই বেশি ভালো লাগে।

বাবা: আজকাল কফি বেশি খাওয়া হচ্ছে। তবে চা-টাও ভালো লাগে।

৬. কোন কাজটি সবচেয়ে বেশি অপছন্দ?

তপু: মানুষ যখন অযথাই ভণ্ডামি করে।

বাবা: ইদানীং রাজনীতিটা সবচেয়ে বেশি অপছন্দ।

৭. ঘুরে বেড়াতে কেমন লাগে?

তপু: গানের পর যেটা সবচেয়ে বেশি ভালো লাগে তা হচ্ছে ঘোরাঘুরি।

বাবা: সময়-সুযোগ পেলেই দেশে ও দেশের বাইরে প্রায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যাই। ঘুরে বেড়াতে খুব ভালো লাগে।

৮. সংবাদপত্রের যে বিভাগটি ভালো লাগে।

তপু: অবশ্যই বিনোদন বিভাগ। এরপর খেলার পাতা।

বাবা: সব সংবাদেরই শিরোনাম দেখতে হয়। গুরুত্ব অনুযায়ী পর্যায়ক্রমে পড়াও হয়। তবে সবচেয়ে বেশি ভালো লাগে সম্পাদকীয় বিভাগ।

৯. সময় পেলে কী করেন?

তপু: আমার বাসায় ছোট্ট একটা স্টুডিও আছে। সময় পেলেই সেখানে গান নিয়ে থাকি। আবার টিভিও দেখা হয়।

বাবা: আমার বাসার ছাদে ফল ও ফুলের একটি বাগান আছে। অবসরে এসব গাছের পরিচর্যা করেই সময় কাটে। এ ছাড়া ছুটির দিনে ভোলায় গ্রামের বাড়িতে যাই। সেখানকার মানুষজনের সঙ্গে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করি।