তপ্ত দিনে সতেজতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী পোশাক তো হলো এবার ভাবনা সাজ নিয়ে। তপ্ত দিনে সতেজ থাকার জন্য তরুণীদের ভিড় এখন বিউটি পারলারে। চলছে প্রস্তুতি। পারলারগুলোও দিচ্ছে নানা রকম ছাড়।বিউটিশিয়ান বাঁশরী ব্যানার্জী বলেন, শুধু মেকআপ না, আগে থেকেই ত্বকের যত্ন নিতে হবে। ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ তিনটি জিনিস হচ্ছে—ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং। যদি ব্র্যান্ডের কোনো ক্লিনজার ও টোনার না থাকে তবে শসা ও গোলাপজল ব্যবহার করা যেতে পারে। এ তো গেল আগের প্রস্তুতি। পয়লা বৈশাখের দিন সাজটা কেমন হবে? বাঁশরী ব্যানার্জী বলেন, বৈশাখী উৎসব মানেই যেহেতু সারা দিন বাইরে থাকা। থাকবে রোদের দাপট, তাই মুখ, গলা ও হাতে প্রথমেই সানব্লক লাগিয়ে হালকা ফাউন্ডেশন দিয়ে বেজ মেকআপটা করতে হবে। তারপর ফেসপাউডার দিয়ে পাউডার পাফ পানিতে ভিজিয়ে মেকআপটা বসিয়ে দিতে হবে। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে। শাড়ি পরলে চোখে ব্ল্যাক বা হালকা অ্যাশ আইশ্যাডো সঙ্গে আইলাইনার এবং হালকা ব্লাশনই ভালো। লিপস্টিকের ক্ষেত্রে শাড়ির সঙ্গে মিলিয়ে দেওয়া যেতে পারে। তবে যেহেতু দিনের বেলা, তাই গাঢ় কোনো শেডের চেয়ে ন্যাচারাল কালারই ভালো লাগবে। আর চুলটা হাতখোঁপা বা বেণি করলে স্বস্তি পাওয়া যাবে বেশি। মাথায় রাখতে হবে, সাজটা যেন গাঢ় না হয়। হালকা সাজেই সারা দিন ফুরফুরে সতেজ ও স্নিগ্ধ থাকা যাবে। টিনএজারদের যেহেতু বয়সটাই সুন্দর, তাই গাঢ় সাজের প্রয়োজন নেই। কাজল, লিপস্টিক চুল ব্লোডাই করে ছেড়ে বা উঁচু খোঁপা করা যেতে পারে।ছাড়ের খোঁজ...ফেয়ার টাচ বিউটি পারলারে (মেহেদীবাগ) ১৩ এপ্রিল পর্যন্ত হেয়ার কাট, ট্রিটমেন্ট ও ফেসিয়ালে থাকছে ১২ শতাংশ ছাড়। পেরাফিন ও অ্যারোমা পেডিকিউর মেনিকিউর, রিবন্ডিং, স্ট্রেটনিং, হেয়ার কালারে থাকছে ২০ শতাংশ ছাড়। পয়লা বৈশাখের দিন সকাল সাতটা থেকে খোলা থাকবে। ওই দিন শাড়ি, মেকআপ ও হেয়ার সেটিং করা যাবে এক হাজার টাকার মধ্যে।গোলপাহাড় হাবিবসের আলভিরাস বিউটি পারলারের (মেয়েদের শাখা) এক্সিকিউটিভ হাসনাহেনা জানান, ১৪ এপ্রিল সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত পারলার খোলা থাকবে। শাড়ি পরা, আই মেকওভার, খোঁপা/ বেণি প্যাকেজটি নেওয়া যাবে ৭০০ টাকায়। এ ছাড়াও সদস্যদের জন্য সব সেবায় ওই দিন ২০ শতাংশ ছাড় থাকছে। মেহেদীবাগের মিরর বিউটি কেয়ারের ফেরদৌস ওয়াহিদ জানান, পয়লা বৈশাখ সকাল সাতটা থেকে পারলার খোলা থাকবে। এ ছাড়া বৈশাখ উপলক্ষে তাদের প্রতিটি সেবাতেই ২০ শতাংশ ছাড় চলছে। বৈশাখী সাজ প্যাকেজটি (শাড়ি, মেকআপ, হেয়ার সেটিং) পাওয়া যাবে এক হাজার টাকার মধ্যে। হালিশহর জি-ব্লকের শান্তনাস বিউটি কেয়ার ও এল-ব্লকের অনিন্দ্য বিউটি কেয়ার অ্যান্ড স্পা পয়লা বৈশাখ সকাল নয়টা থেকে খোলা থাকবে এবং এখানে বৈশাখী সাজের প্যাকেজটি এক হাজারের মধ্যে পাওয়া যাবে। আগ্রাবাদ শান্তিবাগ পুলিশ লাইনের পিয়ারলেস বিউটি পারলারে ১৩ এপ্রিল পর্যন্ত ফেসিয়ালে ২০ শতাংশ ও রিবন্ডিং এবং বেণি পাম্পে ৩০ শতাংশ ছাড় দিচ্ছে। পিয়ারলেস পয়লা বৈশাখ সকাল সাতটা থেকে খোলা থাকবে এবং বৈশাখী সাজ প্যাকেজটি পাওয়া যাবে ৮০০ থেকে এক হাজার টাকায়।