তফসিল ঘোষণার আগেই জাপায় দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিভক্ত হয়ে পড়েছে জাতীয় পার্টি (জাপা)। মনোনয়ন নিয়ে নেতাদের দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিচ্ছে। ইতিমধ্যে নিজেকে হুসেইন মুহম্মদ এরশাদের প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন চট্টগ্রাম মহনগর কমিটির সদস্য সচিব তপন চক্রবর্তী। তাঁর পক্ষে পোস্টার সাঁটানো হয়েছে বিভিন্ন স্থানে। নেতা-কর্মীরা জানান, তপন চক্রবর্তী নিজেকে দলের চেয়ারম্যানের মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন। আবার দক্ষিণ জেলার সভাপতি শামসুল আলম মাস্টার, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আমির আহমদ খান এবং কর্ণফুলী থানা শাখার সভাপতি আবদুচ ছত্তারও নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। চাতুরী এলাকার বাসিন্দা ও জাতীয় পার্টির সমর্থক আবদুর রহমান বলেন, পার্টি নির্বাচন করবে জেনে আমাদের ভালো লাগছে। কিন্তু তফসিলের আগেই নেতারা যেভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন তাতে ফলাফল কি হবে তা এখন থেকেই বোঝা যাচ্ছে।জানতে চাইলে কর্ণফুলী থানা জাতীয় পার্টির সভাপতি আবদুচ ছত্তার বলেন, ‘২০০১ সালে আমি দলের হয়ে নির্বাচন করি। দল এবারও আমাকে মনোনয়ন দেবে।’ তপন চক্রবর্তীর মনোনয়ন প্রাপ্তি প্রসঙ্গে তিনি জানান, এ খবর জেলা বা আনোয়ারা-কর্ণফুলীর কেউ জানে না। তিনি নিজেই নিজেকে প্রার্থী ঘোষণা করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এ ব্যাপারে তপন চক্রবর্তী বলেন, ‘পার্টির চেয়ারম্যান এরশাদই আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমিই নির্বাচনে অংশ নিচ্ছি।’আনোয়ারা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক দেলোয়ার হোসেন জানান, এখনো দলের বর্ধিত সভা হয়নি। সিদ্ধান্তও হয়নি কে দলের মনোনয়ন পাচ্ছেন। কেন্দ্র থেকে যাঁকে মনোনয়ন দেওয়া হবে তিনিই নির্বাচন করবেন।প্রসঙ্গত, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে আনোয়ারা-কর্ণফুলী আসনটি শূন্য হয়। তিনি ৪ নভেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।