কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নে অবশেষে নির্বাচন হচ্ছে। নতুন তফসিল অনুযায়ী আগামী ২১ জুলাই ভোট গ্রহণ হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুন। ১৫ জুন উপজেলার তিন ইউনিয়নে নির্বাচন হলেও সীমানাবিরোধ নিয়ে উচ্চ আদালতে মামলা চলায় চন্দ্রঘোনার নির্বাচন স্থগিত হয়ে যায়। কিন্তু ১৩ জুন নির্বাচনের তারিখ ঘোষণার পর সম্ভাব্য প্রার্থী ও ভোটাররা আনন্দমিছিল করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মর্তুজা জানান, তফসিল অনুযায়ী চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যপদে ২৭ জুনের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৮ জুন বাছাই, ৫ জুলাই প্রত্যাহারের শেষ দিন। চন্দ্রঘোনায় ভোটার আট হাজার ২৫৫ জন।সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিপ্লব মারমা ও মো. বাবুল বলেন, অনেক আন্দোলন-সংগ্রাম করে তাঁরা নির্বাচনের তারিখ আনতে পেরেছেন। একটি মহল অনেক চেষ্টা করেছে, যাতে নির্বাচন না হয়। তবে প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় অনেক লেখালেখি ও উপজেলা প্রশাসনের চেষ্টায় শেষ পর্যন্ত নির্বাচন হচ্ছে। প্রভাবমুক্ত নির্বাচন চান তাঁরা। এদিকে নির্বাচনের তারিখ ঘোষণার পর সম্ভাব্য প্রার্থী ও ভোটাররা ১৩ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আনন্দমিছিল করেছেন। সম্ভাব্য প্রার্থীরা একে অপরকে মিষ্টি খাওয়ান। ভোটাররা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ করেন। সবুজ দাস নামের এক ভোটার বলেন, ‘উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচনী উৎসব চললেও শিল্পনগর চন্দ্রঘোনা ছিল নীরব। এখন নির্বাচনের আমেজ পাওয়া যাচ্ছে।’