তবলার লহরায় মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপক তবলা ইনস্টিটিউশনের আয়োজনে ১২ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল সংগঠনের সপ্তম সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ বেতারের তবলা শিল্পী কিরণময় চৌধুরী মঙ্গলদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা সভা।রূপক তবলা ইনস্টিটিউশনের পরিচালক আশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আর্য্য সংগীত সমিতির উপাধ্যক্ষ নির্মলেন্দু চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য দেন শিল্পী কিরণময় চৌধুরী। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন তপন চক্রবর্তী। বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘অপসংস্কৃতি ঠেকাতে হলে শিশুদের সুস্থ সংস্কৃতি চর্চার ধারায় ফিরিয়ে আনতে হবে।’ প্রথম পর্বের আলোচনা সভার পর ২৬ জন শিল্পীর তবলা লহরার মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। তবলা লহরার নির্দেশনায় ছিলেন আশীষ চৌধুরী। এরপর ওস্তাদ মিহির নন্দী উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন। উচ্চাঙ্গসংগীতের পর মঞ্চে আসেন শিল্পী প্রমা অবন্তী ও তাঁর দল। ভরতনাট্যম পরিবেশনার মাধ্যমে তাঁরা মন্ত্রমুগ্ধ করে রাখেন দর্শকদের। সবশেষে ছিল রূপকের কিশোর ও তরুণ শিক্ষার্থীদের পরিবেশনায় যন্ত্রসংগীত। যন্ত্রসংগীত পরিবেশনার সময় কি-বোর্ডে ছিলেন পুলক শীল, অক্টোপ্যাডে উৎপল শীল, তবলায় আদর ও শান্তনু, বাঁশিতে বাপ্পী, বেহালায় দীলিপ এবং ঢোলকে শানু। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন গৌতম চৌধুরী।