তবু আশা নিয়ে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছর বয়সে নেদারল্যান্ডসের দত্তক মা-বাবার হাত ধরে বাংলাদেশ ছাড়েন সুলতানা ভেন ডি লিস্ট (ডানে)। ৩৭ বছর পর শিকড়ের টানে স্বামী-সন্তানসহ আবার বাংলাদেশে এলেন। তাঁর বয়ান অনুযায়ী, বাড়ি ছিল চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশন এলাকায়। কিন্তু তিন দিন দোহাজারী রেলস্টেশন ও সাতকানিয়ার বিভিন্ন স্থানে ঘুরেও স্বজনদের কাউকে খুঁজে পাননি। ছবিটি ৭ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম ছাড়ার আগে ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কের সামনে তোলা l সৌরভ দাশ
পাঁচ বছর বয়সে নেদারল্যান্ডসের দত্তক মা-বাবার হাত ধরে বাংলাদেশ ছাড়েন সুলতানা ভেন ডি লিস্ট (ডানে)। ৩৭ বছর পর শিকড়ের টানে স্বামী-সন্তানসহ আবার বাংলাদেশে এলেন। তাঁর বয়ান অনুযায়ী, বাড়ি ছিল চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশন এলাকায়। কিন্তু তিন দিন দোহাজারী রেলস্টেশন ও সাতকানিয়ার বিভিন্ন স্থানে ঘুরেও স্বজনদের কাউকে খুঁজে পাননি। ছবিটি ৭ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম ছাড়ার আগে ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কের সামনে তোলা l সৌরভ দাশ

ফয়’স লেকের মূল ফটকে দাঁড়ানো মা-ছেলে। পরম মমতায় বছর দশেকের ছেলের মাথায় বিলি কাটছেন মা। ছেলেও মায়ের গা ঘেঁষে দাঁড়ানো। বোঝাই যাচ্ছে যত আবদার মায়ের কাছে। ক্ষণে ক্ষণে মা-ছেলেতে চলছে নিচু স্বরে আলাপ। পার্কে ঢোকার ডাক পেতেই ব্যতিব্যস্ত হয়ে ছুট। ছেলের পিছু পিছু মা। বুকের ধন সব সময় মায়ের চোখে চোখে। গত রোববার এভাবেই দেখা মেলে নেদারল্যান্ডসের বাসিন্দা সুলতানা ভেন ডি লিস্ট ও তাঁর ছেলে নোয়া আবেদ নাবিলা জ্যাকবের।
ছেলেকে নিয়ে ঘুরছেন পার্কে। বোটে চড়ছেন। কিন্তু সুলতানার দৃষ্টিতে শূন্যতা। যে মমতার পরশ পেতে ছুটে এসেছেন তা আর হলো না। এত চেষ্টার পরও স্বজনদের খোঁজ মিলল না! কষ্ট বুকে নিয়ে ফিরতে হচ্ছে। সেই কথা তুলতেই ঠোঁটের কোনায় এক চিলতে হাসি এনে বললেন, ‘বাংলাদেশের মানুষকে নতুন করে চেনা তো হলো। এ অভিজ্ঞতা আমার জন্য সুখকর, যা হয়তো আবার বাংলাদেশে আসার সুযোগ তৈরি করবে। আশা আছে হয়তো স্বজনদের পাব।’ চট্টগ্রামে ৭ ফেব্রুয়ারি ছিল সুলতানার শেষ দিন। রাতের ফ্লাইটে চট্টগ্রাম ছাড়ার আগে কথা হয় তাঁর সঙ্গে।
জেনে নেওয়া যাক সুলতানার কাহিনি। স্বজনদের খোঁজে নেদারল্যান্ডসের এইনট হেভেন শহর থেকে বাংলাদেশে ছুটে আসেন সুলতানা। ১৯৭৯ সালে পাঁচ বছর বয়সে নেদারল্যান্ডসের বাসিন্দা দত্তক মা-বাবার হাত ধরে বাংলাদেশ ছেড়েছিলেন। সেখানেই তিনি ডাচ নাগরিক হিসেবে বেড়ে উঠেছেন। এরপর কেটে গেছে ৩৭ বছর। কিন্তু শিকড়ের টান বলে কথা! সে কি আর ভুলে থাকা যায়। যার টানে সাত সাগর তেরো নদীর ওপার থেকে ছুটে এসেছেন তিনি। স্মৃতির সম্বল বলতে দোহাজারী রেলস্টেশন ও তার পাশের ব্যস্ত বাজার। সঙ্গে করে নিয়ে এসেছেন এফিডেভিটের কপিটিও। যেখানে লেখা আছে, দাদির নাম রহিমা খাতুন ও দাদা কদম আলী। মা-বাবা বেঁচে নেই। তাঁর খরচ বহনে অক্ষম দাদি কোনো দাবি ছাড়াই নাতনিকে দত্তক দিয়েছেন। ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুলতানা।
সুলতানা বলেন, ওই দেশে তাঁর মতো অনেক বাংলাদেশি শিশুকে দত্তক হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল একসময়। তাঁরা সেখানে ‘শাপলা’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন। শাপলা ও স্লোব বাংলাদেশ নামের নেদারল্যান্ডস-ভিত্তিক একটি বাংলাদেশি সংগঠনের মাধ্যমে কয়েকজন বাংলাদেশি দত্তক শিশু নানা সময়ে তাঁদের শিকড়ের সন্ধানে এ দেশে এসেছেন, অনেকে সফলও হয়েছেন। সবকিছু দেখেশুনে তাঁর নিজের ভেতরেও একধরনের শূন্যতা তৈরি হয়, নিজের শিকড়কে জানার তীব্র ইচ্ছা জন্মে।
স্লোবের সূত্র ধরেই সুলতানার বাংলাদেশে আসা। সঙ্গী স্বামী ইউরিশ জ্যাকব ও ছেলে নোয়া আবেদ নাবিলা জ্যাকব। বাংলাদেশ থেকে তাঁদের সঙ্গে যোগ দেন স্লোবের বাংলাদেশ প্রতিনিধি শরীফ মো. ওমর আলী ও ইসমাইল শরীফ। প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে ওই দিনই চলে যান দোহাজারী। এরপর আরও দুই দিন যান। ইসমাইল শরীফ তা আমাদের জানান সবিস্তারে।

সাতকানিয়ার চর খাগরিয়া এলাকার একটি বাড়ির সামনে সুলতানা। শৈশবের ঝাপসা স্মৃতির সঙ্গে মেলানোর চেষ্টা। দোহাজারী রেলস্টেশন এলাকায় একটি পুকুরঘাটে কাপড়ও কাচেন (ডানে ইনসেটে)  l আবদুর রাজ্জাক
সাতকানিয়ার চর খাগরিয়া এলাকার একটি বাড়ির সামনে সুলতানা। শৈশবের ঝাপসা স্মৃতির সঙ্গে মেলানোর চেষ্টা। দোহাজারী রেলস্টেশন এলাকায় একটি পুকুরঘাটে কাপড়ও কাচেন (ডানে ইনসেটে) l আবদুর রাজ্জাক

প্রথম দিন দোহাজারী রেলস্টেশনে যান তাঁরা। স্টেশনে নামতেই চোখে পড়ে পুরোনো একটি ল্যাম্পপোস্ট। দেখেই সুলতানার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন, ‘হ্যঁা, এখানে আশপাশে আমার বাড়ি।’ এই ল্যাম্পপোস্ট আমার চেনা। আশপাশের মানুষেরাও জানান এই ল্যাম্পপোস্টটি অনেক আগের। হয়তো পাকিস্তান আমলের। এবার স্মৃতি হাতড়ে বাড়ি খোঁজার চেষ্টা। পাশের গ্রামের মেঠো পথ ধরে এগোতে এগোতে আরও অনেক কিছুই মনে পড়ছে সুলতানার।
রাস্তার পাশের ঝুপড়ি ঘরে আমরা থাকতাম। পাশে বাজার। কোলাহল। একদিন মারামারি। আমি এর মধ্যে পড়ে জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর দেখি কেউ নেই। আমি একা।
এ রকম খণ্ড খণ্ড স্মৃতি তাঁর। গ্রামে চলার পথে পুকুরে দেখা যায়, ঘাটে এক নারী সাবান দিয়ে কাপড় কাচছেন। দেখেই ঘাটে নেমে যান সুলতানা। ওই নারীর কাছ থেকে সাবান নিয়ে কাপড় কাচেন। বলে ওঠেন, ‘আমি এক সময় এ কাজটি করতাম।’ আপ্লুত হয়ে পড়েন। স্বামী ইউরিশ সান্ত্বনা দিয়ে মুছে দেন চোখের পানি। এরপর বেশ কয়েকটি বাড়িতে যান। কিন্তু কোনোটিই তাঁর ঝাপসা স্মৃতির সঙ্গে মেলে না।
পরদিন ৫ ফেব্রুয়ারি আবার দোহাজারীর রেলস্টেশন, খেজুরতলা ও বেগমবাজার এলাকায় ঘুরে বেড়ান। দুপুরের দিকে ক্লান্ত হয়ে বসে পড়েন স্টেশন এলাকার একটি বড় আমগাছের তলায়। সেখানেও বেশ কিছু মিল পান। কিন্তু সঠিক কিছু নয়, যা দিয়ে স্বজনদের পাওয়া যায়। এরপর চলে যান কক্সবাজার। সেখান থেকে ঘুরে আসার পথে ৭ ফেব্রুয়ারি আবার দোহাজারী ঢোকেন। এবার দোহাজারী হয়ে সাতকানিয়ার খাগরিয়ায়। এর মধ্যে গ্রামের খবর রটে যাওয়ায় সুলতানা যেখানে যাচ্ছেন, সেখানেই মানুষের জটলা। হঠাৎ এক নারী এসে জড়িয়ে ধরে কেঁদেও ফেলেন। তিনি জানান, মেয়েটি তাঁর হারিয়ে যাওয়া বোন। সেই নারীর বাড়িতে যান। কিন্তু তাও মেলে না।
এদিকে সৌদি আরবপ্রবাসী দোহাজারী রেলস্টেশন এলাকার এক পরিবার সুলতানাকে তাদের হারিয়ে যাওয়া মেয়ে শবে মেরাজ পুতুনী বলে দাবি করেছে। মায়ের নাম গুলবাহার। বাবা চান মিয়া। ওই পিরবার এখন মক্কায় বসবাস করে। তারা বিভিন্ন গণমাধ্যমের খবর দেখে সুলতানাকে শনাক্ত করে। কিন্তু সুলতানার কথার সঙ্গে তাও মিলছে না। সুলতানাকে দত্তক নেওয়ার সাল ১৯৭৯, কিন্তু ওই পরিবার বলছে, মেয়ে হারিয়ে যায় ১৯৮১ সালে।
স্লোব বাংলাদেশের প্রতিনিধি ইসমাইল শরীফ বলেন, ‘সৌদি আরবের ওই পরিবারের কথা শুনেছি। কিন্তু তাদের বলা ঘটনার সঙ্গে সুলতানা তাঁর স্মৃতি মেলাতে পারছেন না। তবে কোনো দাবিই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত ডিএনএ টেস্টে যেতে হতে পারে।’
দোহাজারী থেকে ফিরে ফয়’স লেকে ঘুরে বেড়ানোর ফাঁকে সুলতানা অনেক কথাই বলেন। তাঁকে জিজ্ঞেস করি, বাংলাদেশের কোন ব্যাপারটা আপনার ভালো লেগেছে? সুলতানা একমুহূর্ত দেরি না করে বলেন, ‘এখানকার মানুষ খুব বন্ধুত্বপরায়ণ। অন্যের দুঃখে তারাও ব্যথিত হয়। সহযোগিতা করতে চায়। অথচ আমার ধারণা ছিল কারও তেমন কোনো সাহায্য পাব না। আমার সেই ধারণা পাল্টে গেছে।’ সুলতানার শেখা বাংলা শব্দের মধ্যেও অন্যতম, ‘আমি তোমার বন্ধু’। ভাঙা ভাঙা বাংলায় লাইনটি বলেই ফিক করে হেসে দেন। বললেন, আরও জানি—‘পানি,’ ‘কলা,’ ‘মজা’, ‘ধন্যবাদ’।
ফয়’স লেক ঘুরে পাশের চিড়িয়াখানার অভ্যর্থনা কক্ষে খানিকটা বিশ্রাম। চলে নানা কথা। পেশায় শিক্ষিকা সুলতানা বলেন, নেদারল্যান্ডসে প্রাচুর্য আছে, কিন্তু সুখ কম। এখানে প্রাচুর্য কম, সুখ বেশি।
সুলতানা ১২ ফেব্রুয়ারি (কাল) নেদারল্যান্ডস ফিরে যাবেন। আবার কি ফিরবেন? সুলতানার চোখেও স্বজনের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা। কিছুক্ষণ চুপ, অস্ফুষ্ট স্বরে বললেন, ‘হোপ সো।’