তবু আশাবাদী আ.লীগ প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা নাটকীয়তার মধ্য দিয়ে জাতীয় পার্টি (জাপা) শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদী চট্টগ্রামের ১৬টি আসনের আওয়ামী লীগের প্রার্থীরা। তাঁরা মনে করেন, জাতীয় পার্টি অংশ নিলে নির্বাচনে ভোটারের উপস্থিতি বাড়বে। এতে নির্বাচন গ্রহণযোগ্য হবে। তবে জাপার দিকে না তাকিয়ে তাঁরা হাইকমান্ডের নির্দেশে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
চট্টগ্রামের ১৩টি আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র বাছাইয়ে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের জাপার প্রার্থী নজরুল ইসলাম বাদ পড়েন। ওই আসনে এখন আওয়ামী লীগের হাছান মাহমুদ একক প্রার্থী। অন্য কেউ আপিল করে আসতে না পারলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। বাছাই শেষে জেলায় ৫৫ জন প্রার্থী ১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচনী এলাকায় গিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে ইতিমধ্যে কেন্দ্র থেকে বলে দেওয়া হয়েছে। জাপা না এলেও নির্বাচন হয়ে যাবে বলে তাঁদের জানানো হয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমান বলেন, ‘কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় চলে যেতে। আমরা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। আমরাও চাই তারা আসুক। এতে প্রতিদ্বন্দ্বিতা হবে। ভোটারদের মধ্যে আরও বেশি আগ্রহ তৈরি হবে। উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে।’
প্রসঙ্গত, মনোনয়নপত্র জমা- দানের পর জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্বাচনে যাবেন না বলে ঘোষণা দিলে নির্বাচনী হাওয়া নাটকীয় মোড় নেয়। এরপর তিনি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পাশাপাশি সরকার থেকেও পদত্যাগের ঘোষণা দেন। বিষয়টি নিয়ে এখনো দেনদরবার চলছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে এলে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাপার সঙ্গে আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। হাটহাজারী আসনে বর্তমান সাংসদ জাপা প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ দলটির প্রার্থী। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী ইউনুছ গনি চৌধুরী একেবারে নতুন।
আনিসুল ইসলাম মাহমুদ গতবার মহাজোট থেকে নির্বাচন করে ওই আসনে নির্বাচিত হয়েছিলেন। একইভাবে বাঁশখালীতে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান নতুন মুখ। ওই আসন থেকে বারবার আওয়ামী লীগের টিকিট পেতেন সুলতানুল কবির চৌধুরী। এবার তাঁকে বাদ দেওয়া হয়েছে। মোস্তাফিজের বিপরীতে জাপার প্রার্থী হয়েছেন সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে জাপার প্রার্থী তপন চক্রবর্তী পরিচিত মুখ। আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরীর পর সেখানে তপনের গ্রহণযোগ্যতা বেশি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানতে চাইলে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমরা আশাবাদী জাপা নির্বাচন করবে। দেশের স্বার্থে তাদের নির্বাচন করা উচিত। তবে তারা না এলেও নির্বাচন হবে। আমরা নির্বাচনমুখী।’
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনেও আওয়ামী লীগের বিপরীতে একমাত্র প্রার্থী রয়েছেন জাপার। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনের প্রতিদ্বন্দ্বী জাপার শায়েস্তা খান চৌধুরী।
জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, ‘জাপা এলে নির্বাচন আরও জমজমাট হবে। তারা আসবে বলে আমি আশাবাদী। তবে না এলেও নির্বাচন হবে। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’