পাঁচ বছর আগে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে ২ হাজার ৬২৫ জন শিক্ষার্থী নিয়ে ৭৫টি আনন্দ স্কুল চালু হয়েছিল। লক্ষ্য ছিল এই শিক্ষার্থীদের প্রাথমিকের গণ্ডি পার করে দেওয়া। কিন্তু পাঁচ বছর পর সেসব শিক্ষার্থীর মধ্য থেকে মাত্র ৭৩২ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষা দেওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছিল। তবে এদের মধ্যেও পরীক্ষা দিয়েছে মাত্র ৪৩২ জন।
২০১০ সালে মহেশখালীর ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৩৬২টি আনন্দ স্কুল চালু হয়েছিল। মাতারবাড়ী ইউনিয়ন বাদে বাকি সব ইউনিয়নে আনন্দ স্কুলের মেয়াদ গত বছর শেষ হয়েছে। রিচিং আউট অব-স্কুল চিলড্রেন নামের এই প্রকল্প হাতে নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু ওই সব আনন্দ স্কুলের প্রায় সাড়ে বারো হাজার শিক্ষার্থীর অধিকাংশই ঝরে পড়েছে বলে জানায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
২০১১ সালের জানুয়ারিতে চালু হওয়া মাতারবাড়ী ইউনিয়নের আনন্দ স্কুলের মেয়াদ শেষ হবে এ বছরই। এই ইউনিয়নেও ২ হাজার ৬৬২ জন শিক্ষার্থীর মধ্যে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী সমাপনী পরীক্ষা দেওয়ার আগেই ঝরে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি টাকা লুটপাট করার জন্য অনেকেই ভুয়া শিক্ষার্থী দেখিয়ে আনন্দ স্কুল খুলেছেন। এ কারণে এ এলাকায় ৭৫টি আনন্দ স্কুলের অধিকাংশই বন্ধ হয়ে গেছে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪১২ জন। ফলে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যাও অনেক বেশি বলে মনে হচ্ছে। শিক্ষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ২০১১ সালের জানুয়ারিতে উপজেলার দুর্গম দ্বীপ মাতারবাড়ী ইউনিয়নে ৭৫টি আনন্দ স্কুল চালু হয়েছিল। কিন্তু বিভিন্ন সময়ে মাঠ জরিপ করে অনেক স্কুলে কোনো ছাত্রছাত্রী পাওয়া যায়নি বলে সেসব বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ টিকে ছিল ৪৫টি আনন্দ স্কুল।
মগডেইল এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, এই এলাকার আনন্দ স্কুলের অধিকাংশ ভুয়া। আর সরকারি টাকা লুটপাট করার জন্য এলাকার লোকজন ভুয়া শিক্ষার্থী নিয়ে এসব স্কুল চালু করে। পরে মাঠপর্যায়ে জরিপে ওই সব ভুয়া স্কুলের চিত্র ধরা পড়লে ৭৫টি স্কুলের মধ্যে ৩০টি স্কুলই বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে আনন্দ স্কুলের মহেশখালী উপজেলা প্রশিক্ষণ সমন্বয়কারী আবদুল লতিফ বলেন, অনুদান ও বেতন ভাতা বন্ধ থাকায় ১০ স্কুলের ৩২০ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়নি। ভুয়া শিক্ষার্থীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর মধ্যে অনেক ভুয়া শিক্ষার্থী থাকতে পারে। আর কতজন ভুয়া শিক্ষার্থী রয়েছে তা সঠিকভাবে বলা সম্ভব না। আবদুল লতিফ আরও বলেন, শুরুতেই ২ হাজার ৬২৫ জন শিক্ষার্থী নিয়ে ৭৫টি আনন্দ স্কুল চালু করা হয়েছিল। এসব স্কুলের প্রায় ২ হাজার ২১৩ জন শিক্ষার্থী বিভিন্ন সময়ে বিদ্যালয় থেকে ঝরে গেছে বলে জানান তিনি।