তবু তাঁরা পৌর কর দেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালের ওপর বাঁশের সাঁকো। বৃষ্টি নামলে পাশের কাঁচা সড়ক দিয়ে চলাচল কষ্টকর হয়ে দাঁড়ায়। উঠে গেছে অধিকাংশ সড়কের পিচঢালাই। নেই কোনো মাতৃসদন, বালক উচ্চবিদ্যালয়। পুরো এলাকায় ওয়াসার পানির সরবরাহ নেই। অধিকাংশ এলাকায় পৌঁছেনি বিদ্যুৎ।
কোনো অজপাড়াগাঁ নয়, সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের চিত্র এটি। ২৪ বর্গমাইল এ ওয়ার্ডের দক্ষিণে চট্টগ্রাম সেনানিবাস ও উত্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পূর্বে অক্সিজেন-হাটহাজারী সড়ক। পাহাড়ের পাদদেশে অবস্থিত এ ওয়ার্ডে শিল্পকারখানা ও পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও অবহেলিত এখানকার এক লাখ বাসিন্দা। ভোট এলেই প্রার্থীরা প্রতিশ্রুতির খই ফোটান। নাগরিক সুযোগ-সুবিধা না পেলেও সিটি করপোরেশনের বাসিন্দা হিসেবে গৃহকরসহ অন্যান্য পৌর কর পরিশোধ করতে হচ্ছে।
৪ এপ্রিল সরেজমিন দেখা গেছে, পাহাড়ের পাদদেশে অবস্থিত এ ওয়ার্ডে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে শত শত পরিবার। রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীদের থাবায় নিশ্চিহ্ন হয়ে গেছে আটটি পাহাড়। বাকিগুলোও কাটা হচ্ছে। বনায়নের জন্য পাহাড়গুলো বরাদ্দ নেওয়া হলেও অধিকাংশ পাহাড়ই ন্যাড়া। ওয়ার্ডের বড়দীিঘরপাড়, চৌধুরীহাট, সন্দ্বীপ কলোনি, নন্দীরহাট ও ছড়ারকুল এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। চৌধুরীহাটের পশ্চিমে ঠান্ডাছড়িকে সিটি করপোরেশন ২০১০ সালে পর্যটন স্পট ঘোষণা করলেও কোনো অবকাঠামো তৈরি করেনি। নেই পর্যটকদের নিরাপত্তা।
ওয়ার্ডের বিভিন্ন পাহাড়ের পাদদেশে এবং ঢালে ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠেছে বসতি। শাহ আমানত কলোনি, সন্দ্বীপ কলোনি, শান্তি কলোনিসহ ১০টি কলোনিতে বসবাসকারীরা কোনো ধরনের নাগরিক সুযোগ–সুবিধা পাচ্ছেন না। এখানে নেই বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য ও শিক্ষার ব্যবস্থা। কলোনির বাসিন্দারা জানান, ভোট ঘনিয়ে আসায় সব প্রার্থী আসছেন এলাকায়। প্রতিবারের মতো দিচ্ছেন প্রতিশ্রুতি।
তবে বর্তমান কাউন্সিলর মো. শাহজাহানের দাবি এলাকার উন্নয়নে বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, জাতিসংঘের উন্নয়ন প্রকল্পের আওতায় আট থেকে দশটি কলোনির বাসিন্দাদের জন্য রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ এবং নলকূপ স্থাপন করা হয়েছে। এ খাতে ৫ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে।
ছড়ারকূলের পশ্চিম দিকে পাহাড়ের পাদদেশে অবস্থিত সাতঘরপাড়ায় গিয়ে দেখা গেছে, বাসিন্দারা বাঁশের সাঁকো দিয়ে খাল পারাপার হচ্ছেন। এখানকার বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার চালক মো. মোরশেদ জানান, তাঁরা কাগজে-কলমে শহরের নাগরিক হলেও কোনো সুযোগ-সুবিধা পান না। আশপাশের বেশ কিছু সংযোগ সড়কও কাঁচা। বৃষ্টি নামলে চলাচল কষ্টকর হয়ে দাঁড়ায়। এ ছাড়া পিচঢালাই উঠে গেছে এই এলাকার ফতেয়াবাদ কলেজের সড়কের। এই সড়কটি দিয়ে বর্তমান কাউন্সিলর তাঁর বাসায় যাতায়াত করেন বলে স্থানীয় লোকজন জানান। অথচ সেই সড়কটিতেও সৃষ্টি হয়েছে ছোট ছোট গর্ত।
দক্ষিণ পাহাড়তলীতে ডাস্টবিন না থাকায় রাস্তায়, নালায় পথে-ঘাটে ময়লা আবর্জনা ফেলতে বাধ্য হচ্ছেন এখানকার বাসিন্দারা। ফলে একটু বৃষ্টি নামলে নালাগুলোতে পানি চলাচল করতে পারে না। ময়লা পানি উপচে পড়ে রাস্তায়। সড়ক বাতি থাকলেও অধিকাংশ বাতি জ্বলে মিটমিট করে।
এখানে নেই কোনো বালক উচ্চ বিদ্যালয় ও মাতৃসদন। প্রসূতি নারীদের ২০ কিলোমিটার দূরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয় সেবা নিতে। ওয়াসার পানির সংযোগ না থাকায় এখানকার লোকজনের ভরসা নলকূপ। কিন্তু পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপ দিয়ে পানি উঠছে না। অধিকাংশ বাড়িতে নেই গ্যাসের সংযোগ।
নাগরিক সুযোগ-সুবিধা ভোগ না করলেও গৃহকরসহ অন্যান্য কর পরিশোধ করতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। পাশাপাশি গত চার বছর ধরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)এলাকায় নতুন ভবনের নকশার অনুমোদন দেওয়াও বন্ধ রেখেছে। এ কারণে লোকজন রয়েছেন উচ্ছেদ আতঙ্কে। গঠন করেছেন বসতভিটা রক্ষা কমিটি। কমিটির আহ্বাক দূর্গাপদ নাথ জানান, ফতেয়াবাদ মডেল টাউন নামে এ এলাকায় একটি আবাসিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সিডিএ। এ কারণে বাড়ির নকশার অনুমোদন দিচ্ছে না।