খুব বেশি দিন আগের কথা নয়। গত বছরের ২ আগস্ট ছাত্রলীগের নেতা-কর্মীদের দুর্ব্যবহারের শিকার হয়ে পদত্যাগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও তিন সহকারী প্রক্টর। গত ৩১ ডিসেম্বর বিকেলে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের দুই কর্মী আহত হন। এরপর ১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন আরও তিনজন।এ ঘটনার জের ধরে ছাত্রলীগের একটি পক্ষ প্রতীকী প্রতিবাদ হিসেবে ২ জানুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রায় ৩০ মিনিট তালা ঝুলিয়ে রাখে। এ সময় উপাচার্য নিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন।এত সব ঘটনার জন্ম দেওয়ার পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রশংসা করলেন উপাচার্য (ভিসি) আনোয়ারুল আজিম আরিফ। ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিরাজমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় ছাত্রলীগের নেতা-কর্মীদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উর্যাসবেরও উদ্বোধন করেন তিনি কেক কেটে। এ সময় তিনি নিজেকে ছাত্রলীগের সাবেক কর্মী বলে উল্লেখ করেন।ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের একটি সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তথ্য বিভাগ থেকে। সেখানেও উপাচার্যকে উদ্ধৃত করে এমন কথা উল্লেখ করা হয়েছে।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী উপাচার্যের বক্তব্যের সত্যতা নিশ্চিত করেন।প্রশাসন সূত্র জানায়, মহাজোট সরকারের তিন বছরে ক্যাম্পাসে সংঘর্ষ, হামলা ও ছাত্রী লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের অন্তত ৩২ নেতা-কর্মীকে আজীবনসহ বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে। সর্বশেষ গত মে মাসে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় প্রতিপক্ষের নেতা-কর্মীদের আহত করার ঘটনায় ছাত্রলীগের ১২ কর্মীকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা যে অবদান রেখে চলছি, অতীতে কেউ এ রকম অবদান রাখেননি।’তবে উপাচার্যের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠন।ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তছলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘উপাচার্যের বক্তব্যে হতভম্ব হয়ে গেলাম। এটা কীভাবে সম্ভব! সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে ছাত্রলীগ সম্পর্কে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার সঙ্গে উপাচার্য মহোদয়ের বক্তব্যের কোনো মিল নেই।’