তবু তাঁরা শিল্পী নন?

৬০ বছরে দেড় হাজারেরও বেশি প্রতিমা বানিয়েছেন জীবন পাল। তাল তাল নরম মাটিকে আকার-অবয়ব দিয়ে করে তুলেছেন ভক্তির উপলক্ষ। তবে ভক্তরা দেব-দেবী পেয়ে ভুলে গেছেন তাঁকে। দুর্গোৎসবে পুরস্কার জুটেছে পূজা কমিটির ভাগ্যে, স্বীকৃতি মেলেনি তাঁর।
গত সোমবার নগরের হাজারি গলিতে নিজের কর্মস্থলে বসে এই আক্ষেপের কথা শোনালেন জীবন পাল। ৭০ বছরের জীবনের বেশির ভাগ সময়ই কাটিয়েছেন মূর্তি বানিয়ে। তবু জীবনে স্বাচ্ছন্দ্য আসেনি। প্রাতিষ্ঠানিক শিল্প-শিক্ষা নেই বলে শিল্পী হিসেবে সামাজিক স্বীকৃতি পাননি। সমাজের অধিকাংশ মানুষের কাছে তিনি প্রতিমার কারিগর হিসেবে পরিচিত। তবে জীবন পাল নিজেকে পরিপূর্ণ শিল্পীই মনে করেন। তিনি বলেন, ‘আমার যে কাজ, তা সার্টিফিকেট দিয়ে বিচার করলে কি চলবে? কেবল কাগজ দিয়ে কি আর শিল্প হয়?’
শরিয়তপুর জেলা জীবন পালের আদি নিবাস। বাবা-ঠাকুরদা সবাই ছিলেন প্রতিমা শিল্পী। সাত-আট বছর বয়সে বাবা বনমালী পালের কাছে মূর্তি গড়ায় হাতেখড়ি। সাবালক হওয়ার পর প্রতি মৌসুমে কাজ করতে আসতেন চট্টগ্রামে। আসা-যাওয়ার মধ্যেই এই শহরের প্রতি অনুরাগ। ৫০ বছর হলো এখানেই থিতু হয়েছেন। জীবন পালের পাঁচ ছেলে তিন মেয়ে। ছেলেদের সবাই বাবার পেশা ধরে রেখেছেন।
নগরের হাজারি গলিতে জীবন পালের কাজের জায়গাটির নাম মহামায়া স্টুডিও। দিনের বেলায়ও ঠিকমতো আলো-বাতাস প্রবেশ করে না সেখানে। অপরিসর একটি স্থানে কাজ করেন তিনি। পাশের একটি সামাজিককেন্দ্রের রান্না হয় স্টুডিওর পাশেই। এমনিতেই বাতাস চলাচল নেই, তার ওপর চুলার তাপে গরম আরও বাড়ে।
গত আষাঢ় মাস থেকেই এখানে টানা কাজ করছেন জীবন পাল ও তাঁর ছেলেরা। বড় দুই ছেলে উত্তম পাল ও গৌতম পাল এখন বাবার পেশার হাল ধরেছেন। রাস উৎসব অর্থাৎ অগ্রহায়ণ মাস পর্যন্ত থাকবে এই ব্যস্ততা। এখন দুর্গা পূজা ঘনিয়ে আসায় রাতদিন চলছে কাজ। আগে ৪০-৪২ সেট প্রতিমা বানালেও এখন তেমনটা পারেন না। এ বছর ১৭টি প্রতিমা গড়েছেন। এর মধ্যে হাজারি লেইন পূজা উদ্যাপন কমিটির জন্য বানানো প্রতিমাগুলো ব্যতিক্রমধর্মী। নিসর্গ ও প্রকৃতিকে মাথায় রেখে এই কাজটি করেছেন তিনি। সেটা দেখাতে নিয়ে গেলেন হাজারি লেইন পূজা মণ্ডপে। আস্ত গাছের কাণ্ড ফুঁড়ে যেন বেরিয়ে আসছেন দেবী দুর্গা। সারা গায়ে তাঁর অসংখ্য পত্র-পল্লব।

এত কিছু করেও শিল্পীর মর্যাদা পাননি ভাবতে কেমন লাগে? প্রশ্নটা আবার তুলতেই এবার উত্তর দেন জীবন পালের ছেলে গৌতম পাল। বলেন, ‘সিটি করপোরেশন প্রতিবছর সেরা পূজা মণ্ডপকে পুরস্কার দেয়। পুরস্কারটা পায় আয়োজকেরা, আমাদের কেউ খোঁজও নেয় না। অনেকে বলেন আমরা কারিগর। তাই যদি হয় আমাদের কাজ করতে দেওয়া হোক। আমরা শিল্পী কি না মানুষই বলবে।’
এ বিষয়ে কী ভাবছেন অন্য প্রতিমা শিল্পীরা। জানতে চাইলে বিখ্যাত প্রতিমা শিল্পী প্রয়াত রাধেশ্যাম পালের ছেলে রতন পাল বলেন, ‘আমরা নিজেরাই এই পরিস্থিতির জন্য অনেকটাই দায়ী। প্রতিমা শিল্পীদের অনেকেই নিজেদের শিল্পী মনে করেন না। অথচ পটুয়ারা এখন সমাজে শিল্পীর মর্যাদা পাচ্ছে।’ তিনি আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে আসা লোকজন এই পেশা বেছে নেন। তাঁদের অনেকেরই নির্দিষ্ট কাজের জায়গা নেই। সরকার বা কোনো প্রতিষ্ঠান সহযোগিতা করলে এই মানুষগুলো মর্যাদা নিয়ে দাঁড়াতে পারবেন।