তবু বদলায়নি বদলপুরা

বদলপুরা গ্রামের পাশেই নাবিক-প্রশিক্ষণকেন্দ্র মেরিন একাডেমি, সার কারখানা সিইউএফএল ও কাফকো এবং কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাত এলাকা। শিল্প এলাকায় অবস্থান হলেও গ্রামটিতে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। গত কয়েক দশকে আশপাশের অনেক এলাকার চেহারা পাল্টে গেলেও বদলপুরা বদলায়নি একটুও।
আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে কর্ণফুলী নদীর কোল ঘেঁষে বদলপুরার অবস্থান। গ্রামের বেশির ভাগ বাসিন্দা আশপাশের কারখানার শ্রমিক। কেউ কেউ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। গ্রামের পূর্ব দিকে দেয়াং পাহাড়। বর্ষাকালে নদীর ঢেউ এসে আছড়ে পড়ে গ্রামের সীমানায়। পাশাপাশি দেয়াং পাহাড় থেকেও নামে ঢল। ফলে পানি ঢুকে পড়ে ঘরবাড়িতে। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে পড়েছিল গ্রামটি। গ্রামের প্রায় ২০-২৫ জন বাসিন্দা নিহতও হয়েছিল। তবে এর পরও গ্রামটিতে কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি হয়নি। সবচেয়ে কাছের আশ্রয়কেন্দ্রটির অবস্থান প্রায় তিন কিলোমিটার দূরে। গ্রামের বাসিন্দারা এক সময় যাতায়াতের জন্য ব্যবহার করতেন মেরিন একাডেমি ঘেঁষে চলে যাওয়া বক্তেয়ার সড়ক। গত ১০ বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সেই সড়কটিও। ফলে ঝুঁকি নিয়ে নদীর পাড় দিয়েই যাতায়ত করতে হয় গ্রামবাসীকে। গ্রামের লোকজন বঞ্চিত স্বাস্থ্যসেবা থেকেও। আনোয়ারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এই গ্রাম থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরে।
সম্প্রতি এই এলাকায় গেলে কথা হয় গ্রামের বাসিন্দাদের সঙ্গে। তাঁরা জানান, বখতেয়ার সড়কটি এক সময় এই এলাকার যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে পরে চতুর্দিকে যাতায়াতের জন্য বিভিন্ন সড়ক তৈরি হওয়ায় এটির গুরুত্ব কমে আসে। ২০০৫ সালে এই সড়কের জোড়পোল এলাকা পর্যন্ত পিচ ঢালাইয়ের কাজ হয়। কিন্তু সড়কটির বদলপুরা গ্রামের দেড় কিলোমিটার অংশে পিচ ঢালাই হয়নি। ফলে সড়কের ওই অংশ মারাত্মকভাবে ভেঙে যায়। এখন এটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আলম শরীফ (৩৫) বলেন, ‘আমরা জন্মের পর থেকেই অবহেলিত। ভোট এলেই কেবল আমাদের কদর বাড়ে, আর ভোট গেলে কেউ খবর নেয় না।’
জানতে চাইলে বৈরাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিক বলেন, বদলপুরাবাসীর কষ্টের শেষ নেই। প্রধান সমস্যা হচ্ছে সড়ক যোগাযোগ্য ব্যবস্থা। এটির উন্নতি হলে অবস্থার অনেকটাই পরিবর্তন হবে।
জানতে চাইলে আনোয়ারা উপজেলার প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বখতেয়ার সড়কের ওই অংশের কথা আমার জানা নেই, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রতিবেদন তৈরি করবো।’