
২০০৭ সালে ভয়াবহ পাহাড়ধসের পর পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি রোধ করতে কিছু সুনির্দিষ্ট সুপারিশ ও সিদ্ধান্ত নিয়েছিল বিশেষজ্ঞ কমিটি। প্রতিবছর বর্ষা এলে ওই সব সিদ্ধান্ত ঘুরেফিরে আলোচনায় আসে। কিন্তু পাহাড়ে বসতি কমার চেয়ে দিন দিন আরও বাড়ছে।
প্রশাসনের হিসাবে ২০০৭-০৮ সালে ১২টি পাহাড়ে ঝুঁকিতে প্রায় ৬০০ পরিবার বসবাস করত। এখন নগরে ১৩টি পাহাড়ে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি বলে জানা গেছে। প্রতিনিয়ত নতুন নতুন পরিবার পাহাড়ের ঝুঁকিতে গিয়ে বসতি গড়ে তুলছে।
বিষয়টি স্বীকার করে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ এ-সংক্রান্ত সর্বশেষ বৈঠকে বলেন, ‘হাজার হাজার মানুষ পাহাড়ের ঝুঁকিতে বসবাস করছে। নতুন করে তাদের তালিকা তৈরির কাজ চলছে। এত মানুষকে পুনর্বাসন আমাদের পক্ষে সম্ভব নয়। তাদের সেখান থেকে উচ্ছেদ করতে হবে।’
৮ মে ব্যবস্থাপনা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদেরের নেতৃত্বে একটি কমিটি গড়ে দেওয়া হয়। ওই কমিটি সরেজমিনে পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা তৈরির পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে উচ্ছেদের সিদ্ধান্ত নেবে।
কমিটি এ পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে ৫০০ ঝুঁকিপূর্ণ পরিবার খুঁজে পেয়েছে বলে জানা গেছে। এই কার্যক্রম এখনো চলমান। অথচ এই উচ্ছেদের সিদ্ধান্ত ২০০৭ সালেই নেওয়া হয়েছিল।
২০০৭ সালে পাহাড়ধসে ১২৭ জনের মৃত্যুর পর কারণ অনুসন্ধানের গঠিত বিশেষজ্ঞ কমিটি ৩৬ দফা সুপারিশমালা প্রেরণ করেছিল। ওই সুপারিশের মধ্যে মতিঝরনা ও বাটালি হিলে অবৈধভাবে বসবাসকারী বাসিন্দাদের উচ্ছেদ করে এটিকে আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ ছিল। এ ছাড়া বসতি স্থাপন নিষিদ্ধ করে সেখানে বনায়নের সুপারিশও করা হয়েছিল। এসবের কিছুই হয়নি গত সাত বছরে। এখন প্রতিবছর বর্ষা এলে পাহাড় ব্যবস্থাপনা কমিটি সভা করে উচ্ছেদের বিষয়ে তোড়জোড় শুরু করে। কিন্তু একসময় সবকিছু আবার নিশ্চুপ হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, প্রশাসন কঠোর হস্তে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে ওই সব জায়গায় যদি নতুন করে বনায়ন করতে পারত, তাহলে একটি ফলপ্রসূ ফল পাওয়া যেত। আগের সভাগুলোর সিদ্ধান্ত অনুযায়ী স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে, দিন দিন বেড়েই চলেছে ঝুঁকিপূর্ণ বসতি। দুর্ঘটনাও ঘটছে প্রতিবছর।
এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব অতিরিক্ত জেলা প্রশাসক এস এম আবদুল কাদের বলেন, ‘দিন দিন বসতির সংখ্যা বাড়ছে। আমরা নানাভাবে তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু তারা সরতে চায় না। তবু আমরা বসে নেই। প্রয়োজনে জোরপূর্বক সরিয়ে দেব।’
সরেজমিনে দেখা গেছে, ঝুঁকিতে বসবাসকারী প্রতিটি বাড়িতে বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ রয়েছে। অথচ এসব সংযোগ বিচ্ছিন্ন করার কথা উঠেছিল দুই বছর আগে। কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও বেশির ভাগই হয়নি। আবার বিচ্ছিন্ন করা সংযোগ পুনরায় অবৈধভাবে লাগানোর অভিযোগও পাওয়া গেছে। মতিঝর্ণা হোসেন সাহেবের কলোনিতে এ রকম সংযোগ পাওয়া গেছে। এই কলোনিতে ২০০৮ সালে পাহাড়ধসে কয়েকজন মারা যায়। তখন মামলাও হয়েছিল। কিন্তু পরে তা প্রত্যাহার করা হয়।
টাংকির পাহাড়ে গত বছর মা-মেয়ে পাহাড়ধসে নিহত হন। তাঁরা আকবরের ভাড়া ঘরে থাকতেন। ওই কলোনির পাশের বাসিন্দা মো. আলম বলেন, ‘এখানে কম টাকায় ঘর ভাড়া পাই। তাই থাকি। কিছুটা ঝুঁকি আছে। কিন্তু গরিব মানুষ যাব কোথায়?’
থেমে নেই দুর্ঘটনা : সর্বশেষ গত বছর লালখান বাজার টাংকির পাহাড়ে দুজন নিহত হন। এর আগে ২০১৩ সালে চট্টগ্রামের আকবরশাহ মাজারসহ বেশ কয়েকটি স্থানে পাহাড়ধসে ২৮ জন নিহত হয়। ২০১১ সালের ১ জুলাই বাটালি পাহাড়ের রক্ষা দেয়ালসহ ধসে ১৭ জন নিহত হয়। ২০০৮ সালে মতিঝর্ণায় মারা যায় ১৪ জন। এভাবে ১২ বছরে চট্টগ্রামে প্রায় ৩০০ লোক পাহাড়ধসে প্রাণ হারিয়েছে।